সময়টা নব্বইয়ের দশকের। একদিন মঞ্চে প্রদর্শিত হচ্ছিল প্রতিভাসের রম্যনাটক কিনু কাহারের থেটার। নাটকের বিভিন্ন জায়গায় ছিল দর্শকের সঙ্গে কথা বলার দৃশ্য। সেই নাটকের মেকাপম্যান সব সময় খুব কাছ থেকে নাটক দেখতেন, তখনো দেখছিলেন। একপর্যায়ে দেখা যায়, মেকাপম্যান টুল উল্টে ধপাস করে মঞ্চে পড়ে গেলেন। তখন যাঁরা মঞ্চে ছিলেন তাঁরা প্রথমে বিব্রত হলেন, হাসিও পেল। কিন্তু কী আর করা—সংলাপ বলতে বলতেই কৌশলে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হলো, দর্শকেরাও এটাকে নাটকেরই একটা অংশ ভাবলেন। মঞ্চে এ রকম কত ঘটনা যে সামাল দিতে হয়...হাসতে হাসতে বললেন অভিনয় ও আবৃত্তিশিল্পী কঙ্কন দাশ। গত শুক্রবার প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে আড্ডায় কথা হয় তাঁর সঙ্গে। কথা বলার ফাঁকে ভক্তরা অনেকেই শুভেচ্ছা জানাচ্ছিলেন তাঁকে, সেদিন ছিল তাঁর জন্মদিন । আবৃত্তি ও নাটক—দুই অঙ্গনেই সমান তালে কাজ করছেন, কোনটাকে বেশি প্রাধান্য দেন? ঝটপট উত্তর—‘দুটোই। কারণ, আমি আলাদা করতে পারি না, দুটোই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ।’ছোটবেলা থেকেই নাচ-গান করতেন কঙ্কন দাশ। তবে নাটকের শুরুটা ১৯৮৯ সালে মুনীর হেলালের হাত ধরে। কিনু কাহারের থেটার জগদম্ভা চরিত্রে কাজ করেন। এরপর ১৯৯০-এ কঙ্কন দাশ, রাশেদ হাসান, সুমন, অরুণ দাশ প্রমুখ মিলে গড়ে তোলেন প্রমা আবৃত্তি সংগঠন। তখন থেকেই দুই দিকেই কাজ করেছেন। কঙ্কন দাশ বলেন, ‘প্রথমে শখের বসে এলেও এখন ভালোবাসা ও দায়বব্ধতা নিয়েই কাজ করি। আসলে নাটকের ক্ষেত্রে একজন পরিচালকই পারেন একজন কর্মীর কাছ থেকে সর্বশ্রেষ্ঠ কাজটি আদায় করে নিতে। আমার হয়ে ওঠার পেছেনেও অনেকেই সাহায্য করেছেন। মুনীর হেলাল, কামাল উদ্দিন, ফয়েজ জহির, শিশির দত্ত, দীপেন্দু দাশ, আকবর রেজা, অসীম দাশসহ অনেকেই আমাকে খুব সহযোগিতা করেছেন।’ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় মীনকন্যা, ভারত-পাকিস্তানের প্রযোজনায় দুঃখিনী এবং থাইল্যান্ড-বাংলাদেশের প্রযোজনায় ওয়ান্ডারি মুন নাটকে কাজ করেছেন, আপনি এ সম্পর্কে কিছু বলুন। প্রশ্নটা শুনে কিছুটা স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি। বললেন, ‘জেলেদের সমস্যা, নারী পাচার ও শ্যাডো থিয়েটার নিয়ে এই কাজগুলো করা হয়। পাকিস্তানে বাঙালিদের একটি এলাকায় যখন দুঃখিনী নাটকটি মঞ্চায়িত হয় অনেক বাঙালি নারী চোখের পানি ধরে রাখতে পারেননি। মঞ্চ থেকে নেমে আমিও কাঁদি...। এভাবে নাটকে বিভিন্ন চরিত্রের মাধ্যমে যখন মানুষের কাছাকাছি পৌঁছে যাই তখন মনে হয় কষ্টটা কিছুটা হলেও সফল হয়েছে।’চট্টগ্রামে কাজের ক্ষেত্র কেমন? কথাটা শুনেই তাঁর কণ্ঠে বেশ ক্ষোভ প্রকাশ পেল। বললেন, ‘চট্টগ্রামে আমরা অনেক ভালো কাজ করি। কিন্তু আমাদের অনেক সীমাবব্ধতা। কারিগরি ও মঞ্চ ব্যবস্থাপনা দুর্বল। গ্রীষ্মকালে শিল্পকলায় মঞ্চে এমনভাবে ঘামতে থাকি ঠিকমতো সংলাপ বলাই কঠিন হয়ে পড়ে।’ নাটক আর আবৃত্তি নিয়ে থাকলেও কঙ্কন দাশ পেশায় পুরোদস্তুর শিক্ষক। কর্মরত আছেন সিটি করপোরেশন পশ্চিম নাসিরাবাদ আবদুল হাকিম বিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে। বর্তমানে কাজ করছেন নান্দিমুখের উর্ণাজাল, বেলা শেষের গল্প, অরিন্দমের জলকন্যা, উত্তরাধীকারের মন তার শঙ্খিনী, সাম্পান নাইয়া ও স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে নির্মিত নাটক বদ্ধভূমিতে। এ ছাড়া তাঁর উল্লেখযোগ্য কাজগুলো হলো প্রতিভাসের জায়াপ্রজায়িনী, কোর্টমার্শাল, শরতের মেঘ, অ্যাক্ট ওয়ানের বৃত্তের বাইরে ইত্যাদি। প্রমাতে নির্দেশনা দিয়েছেন সোজন বাদিয়ার ঘাট, ছোটদের রাম রাবনের ছড়া, ভাবি যাহ মনে ও ফুলের গন্ধে ঘুম আসে না।