কঙ্গোর গহিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঙ্গোর বাংলাদেশিদের কাছে ‘বুনিয়া’ একটি প্রিয় নাম, প্রিয় জায়গা। তাই সুযোগ পেলেই ছুটে যাই বুনিয়াতে। সেখানে যাওয়া মানে, প্রিয় মানুষ আর প্রিয় ভাষার সান্নিধ্য পাওয়া। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে বাংলাদেশি সেনারা এই বুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। পূর্ব ইতিহাস১৮৭০ সালে বেলজিয়াম রাজা লিপল্ড-২ প্রথমবারের মতো কঙ্গোকে একটি কলোনিতে পরিণত করার উদ্যোগ নেন। ১৮৮৪ সালে ইউরোপিয়ান রাজার এ উদ্যোগকে সমর্থন দিলে পরেরবার রাজা লিপল্ড স্বাধীন কঙ্গোর অস্তিত্ব ঘোষণা করেন। এরপর বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে ১৯৫৯ সাল পর্যন্ত বেলজিয়ামের শাসন অব্যাহত থাকে। ১৯৬০ সালের জুনে কঙ্গো স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৭১ সালে দেশটির নাম পরিবর্তিত হয়ে নতুন নামকরণ হয় জায়ার। ১৯৮৯ সালে দেশটিতে অর্থনৈতিক মন্দা শুরু হয়। বিদ্রোহীরা ১৯৯৩ সালে দেশটিতে সরকারবিরোধী কার্যক্রম শুরু করে। ১৯৯৬-৯৭ সালের দিকে তুতসি বিদ্রোহীরা পূর্ব জায়ারের অধিকাংশ জায়গা দখল করে নেয়। ১৯৯৭ সালের মে মাসে তুতসি ও অন্য বিদ্রোহীরা রুয়ান্ডার সহযোগিতায় রাজধানী শহর কিনসাসা দখল করে পুনরায় দেশটির নামকরণ করে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এবং বিদ্রোহী নেতা লরেন্ট কাবিলা রাষ্ট্রপতি হিসেবে অভিষিক্ত হন। ২০০০ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দেশটিতে তাদের কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে ২০০১ সালের জানুয়ারি মাসে লরেন্ট কাবিলা আততায়ীর গুলিতে নিহত হলে তাঁর ছেলে জোসেফ কাবিলা রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। গত প্রায় তিন যুগ ধরে বুনিয়াতে হেমা ও লেন্ডু গোত্রের মধ্যে বিবাদ চলছে। লেন্ডুরা সংখ্যায় বেশি। তাদের মধ্যে এ বিবাদ ২০০০ থেকে শুরু করে ২০০৩ সালের মধ্যে চরম আকার ধারণ করে। লাখ লাখ মানুষ এতে প্রাণ হারায়। এ সংঘাত ঠেকাতে ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে বুনিয়াতে ইতুরি ব্রিগেড তার যাত্রা শুরু করে। এ ব্রিগেডের মূলস্পন্দন বাংলাদেশি সেনা ও বিমান কন্টিনজেন্ট।বুনিয়া ও বাংলাদেশহূদয়ে বাংলাদেশ, প্রবাসে বাংলাদেশ—বুনিয়া যেন সে সাক্ষ্যই বহন করে। আমরা যে অল্পকজন বাঙালি কিনসাসা (কঙ্গোর রাজধানী) কিংবা কঙ্গোর অন্য কোথায় বাস করি, সুযোগ পেলেই ছুটে যাই বুনিয়াতে। নাড়ির টানেই বোধ করি এ যাওয়া। গত ২০ মার্চ বুনিয়াতে অনুষ্ঠিত হলো মেডেল প্যারেড। শান্তিরক্ষীর দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য বাংলাদেশি সেনাসদস্যদের শান্তিপদক প্রাপ্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মূলত ওই অনুষ্ঠান দেখতেই ছুটে গিয়েছিলাম বুনিয়াতে।বুনিয়া নামতেই চোখে পড়ল বিমানসেনারা বুনিয়া বিমানবন্দর নিযন্ত্রণ করছেন। ভালো লাগল নিজ বাহিনীর দক্ষতা দেখে। যা হোক, আনুষ্ঠানিকতা সম্পন্ন করে যখন গাড়িতে উঠতে যাব হঠাৎ অস্পষ্ট বাংলায় শুনতে পেলাম, ‘কেমন আছো?’ তাকিয়ে দেখি স্থানীয় নিরাপত্তা বাহিনীর একজন সদস্য আমাকে প্রশ্ন করছে। আমি বললাম, ‘ভালো আছি, তুমি?’ উত্তরে সেও বলল, ‘আমি ভালো আছি।’ এত দূর এসে ভিনদেশি মানুষের মুখে বাংলা শুনে খুব ভালো লাগল। ভীষণ এক ভালো লাগার অনুভূতি আমাকে স্বাগত জানাল বুনিয়াতে।বুনিয়ার আবহাওয়ার সঙ্গে আমাদের দেশের অনেক মিল। কখনো রোদ, কখনো মেঘ। তবে রাতে বেশ ঠান্ডা পড়ে। পুরো বছরই এমন থাকে।প্যারেড অনুষ্ঠান যখন শুরু হয়, তখন বেলা দ্বিপ্রহর। যদিও আগের রাতে বৃষ্টি হয়েছিল, সকালের রোদ তার প্রখরতায় মাঠে জমে থাকা পানি যেন দ্রুত শুষে নিল। আমি একটু আগেই অনুষ্ঠানস্থলে পৌঁছে গিয়েছিলাম। সেখানে পৌঁছে প্রথমেই চোখ পড়ল একটি স্মৃতিস্তম্ভের প্রতি। তৈরিতে রয়েছে বেশ যত্নের ছাপ। কাছে যেতেই দেখলাম ১০টি নাম স্মৃতিফলকের অহংকারের ধারক, যাঁদের মধ্যে নয়জন ২০০৫ সালে একই দিনে এবং একজন ২০০৬ সালে এক দুঃসাহসিক অভিযানে গিয়ে বীরোচিতভাবে মৃত্যুকে আলিঙ্গন করেছেন। বুনিয়াতে এ মিনারাটি এখন বাঙালির বীরত্ব গাথার প্রতীক। বেশ কিছুটা সময় সেখানে নীরবেই কেটে গেল। যথাসময়ে অনুষ্ঠান শুরু হলো। তারই ধারাবাহিকতায় ফোর্স কমান্ডার একে একে শান্তিপদক পরিয়ে দিলেন সেনাসদস্যদের। তাঁর বক্তব্যে তিনি ভূয়সী প্রশংসা করলেন বাংলাদেশ সেনা কন্টিনজেন্টের বিভিন্ন কার্যক্রমকে। ফোর্স কমান্ডার সেনেগাল সেনাবাহিনীর একজন দক্ষ সামরিক অফিসার। পাঁচ বছর ধরে তিনি এখানে কর্মরত। তাঁর মুখে বাংলাদেশের অকুণ্ঠ প্রশংসা শুনে চোখে পানি এসে যাওয়ার জোগাড়। কীভাবে বাংলাদেশ এত প্রিয় হয়ে উঠল তাঁদের কাছে?বর্তমান ফোর্স কমান্ডার ১৯৯০ সালে গালফ ওয়ারে সেনেগাল সেনাবাহিনীর একটি কন্টিনজেন্টের নেতৃত্ব দেন। তাঁর মুখেই শুনেছি যে তাঁর কন্টিনজেন্ট বাংলাদেশ কন্টিনজেন্টের পাশে অবস্থান করত। সে সময় থেকে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে তিনি ইতিবাচক ধারণা পোষণ করেন। এখনো মাঝেমধ্যে কিছু ঘটনা উল্লেখ করে তিনি যখন স্মৃতিচারণা করেন তখন তাঁর এ ইতিবাচক মনোভাবকে আমার কাছে শুধুই প্রথাগত কৌশল বলে মনে হয় না। কেননা, বাংলাদেশ এখানে যে এলাকাতে কাজ করছে, ভারত ও পাকিস্তান এ দুই দেশের তুলনায় তা অনেক বড়। অথচ সেনাসংখ্যা ওই দুই দেশের বেশি। তার পরও পদ্ধতিগত ও সূক্ষ্ম কৌশল নির্ধারণ করে বাংলাদেশ তাদের সীমাবদ্ধতা কাটিয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করছে। এটাই বোধকরি সব অহংকার প্রাপ্তির নেপথ্য কারণ। কঙ্গোলি বাঙালিবিকেলের অবসরে ঘুরতে বের হলাম। শহরের পরিবেশ ও বিস্তৃতি দেশের কথাই বারবার মনে করিয়ে দিচ্ছিল। বাঙালি দেখলেই স্থানীয় লোকজন বুঝতে পারে। তাই আমাকে দেখে অনেকেই জানতে চাইল, কেমন আছি। কেউ বা বন্ধু বলেও সম্বোধন করল। সবচেয়ে বড় কথা, তারা দুঃখকে জয় করতে জানে। শত কষ্টের মধ্যেও তারা কখনো ‘হ্যালো’ বলতে বা হাসতে ভোলে না। তাঁদের উচ্চারণে অস্পষ্টতা ছিল, কিন্তু আচরণে কোনো জড়তা ছিল না। বোঝাতে চেষ্টা করছিল সেও আমাদেরই একজন। জানতে চাইলাম কীভাবে বাংলা শিখেছে। উত্তরে জানাল, দীর্ঘদিন বাংলাদেশিদের উপস্থিতি ও সান্নিধ্য তাদের বাংলা শেখার প্রতি দুর্বল করেছে। এ রকম অন্য একজন কঙ্গোলির কাছ থেকে বিদায়ের প্রাক্কালে সে বাংলাতেই বলল, ‘খাবার দাও।’ আমার সঙ্গে তো আর খাবার ছিল না, তাই তাকে কিছু স্থানীয় টাকা দিলাম। হাতে নিয়ে প্রথাগতভাবে হাসি দিয়ে সে বলল, ‘ধন্যবাদ, বন্ধু। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’