কঙ্গোর টার্মিনেটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঙ্গোর যুদ্ধবাজ নেতা টমাস লুবাঙ্গা গত সপ্তাহে শিশুসেনা নিয়োগের অপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) দণ্ড পেয়েছেন। তাঁরই সহ-অভিযুক্ত ও শিষ্য বস্কো এনতাগান্দা। আইসিসি জানিয়েছে, শিগগিরই এনতাগান্দার বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগও আনা হবে। যাঁরা সামনে থেকে দেখেছেন তাঁদের কথায়, মিষ্টি হাসির মানুষ এনতাগান্দা। কিন্তু ওই হাসির আড়ালে যে লুকিয়ে আছে দানবীয় নিষ্ঠুরতা, তা অনেকেই জানেন না। নির্মমতার জন্য তাঁর ডাকনাম হয়েছে ‘টার্মিনেটর ট্যাঙ্গো’ বা ‘দ্য টার্মিনেটর’। বস্কো এনতাগান্দা আফ্রিকার অন্যতম যুদ্ধপীড়িত বৃহৎ দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোর একজন জেনারেল। যদিও সরকারের সঙ্গে মতান্তরের জেরে বাহিনী ত্যাগ করে একদল সমর্থক নিয়ে বেরিয়ে গেছেন সম্প্রতি। সাবেক বিদ্রোহী নেতা এনতাগান্দার বিরুদ্ধে অভিযোগ, দেশটির পাঁচ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধকালে অসংখ্য অপ্রাপ্তবয়স্ককে অস্ত্র নিয়ে লড়াইয়ে বাধ্য করেছেন তিনি। এনতাগান্দার সঙ্গে যুদ্ধে অংশ নেওয়া এক অপ্রাপ্তবয়স্ক সেনার ভাষায়, তিনি খুব সহজেই মানুষ খুন করতে পারেন। আইসিসির প্রধান কৌঁসুলি ফাতাউ বেনসুদা বলেন, কঙ্গোর এই জেনারেল উগান্ডার বিদ্রোহী নেতা জোসেফ কোনির মতোই ভয়ংকর। তিনি বলেন, একজন নিরপরাধ মানুষের মতো তাঁকে মুক্তভাবে বিচরণ করতে দেওয়া কিছুতেই গ্রহণযোগ্য নয়।দেশে শান্তি বজায় রাখার যুক্তি দেখিয়ে কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলা এনতাগান্দাকে গ্রেপ্তারে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। পরে একসময় গ্রেপ্তারের নির্দেশ দিলেও বলেন, তাঁকে আইসিসির হাতে তুলে দেবেন না। এ সুযোগে এই জেনারেল কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমায় দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। দিন কাটাচ্ছেন টেনিস খেলে ও রসনাবিলাসে ব্যস্ত থেকে। স্থানীয় সাধারণ মানুষ অভিযোগ করেছে, উত্তর ও দক্ষিণ কিভু প্রদেশ এবং উত্তর-পূর্বাঞ্চলের ইতুরি জেলায় এনতাগান্দা ও তাঁর বাহিনী বহু ধর্ষণ, লুট ও হত্যাকাণ্ড চালিয়েছে।বস্কো এনতাগান্দা ১৯৭৩ সালে রুয়ান্ডার ভিরুঙ্গা পর্বতমালার পাদদেশের ছোট শহর কিনিঙ্গিতে জন্মগ্রহণ করেন। তরুণ বয়সে তাঁর জাতিগত গোষ্ঠী তুতসিদের ওপর হামলা শুরু হলে তিনি পালিয়ে প্রতিবেশী কঙ্গোর পূর্বাঞ্চলে চলে আসেন। ১৯৯০ সালে ১৭ বছর বয়সে দক্ষিণ উগান্ডায় সক্রিয় বিদ্রোহী বাহিনী রুয়ান্ডান প্যাট্রিয়টিক ফ্রন্টে (আরপিএফ) যোগ দেন এনতাগান্দা। রুয়ান্ডায় জাতিগত গণহত্যা বন্ধে আরপিএফ নেতা ও রুয়ান্ডার বর্তমান প্রেসিডেন্ট পল কাগামের অধীনে লড়াই করেন তিনি। পরে রুয়ান্ডার অস্থিরতা কঙ্গোতে ছড়িয়ে পড়লে তিনি পালাক্রমে বিদ্রোহ মোকাবিলা ও জাতীয় সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে এনতাগান্দা যোগ দেন কঙ্গোর বিদ্রোহী গোষ্ঠী টমাস লুবাঙ্গার প্রতিষ্ঠিত ইউনিয়ন অব কঙ্গোলিজ প্যাট্রিয়টসে। তিন বছর তিনি লুবাঙ্গার সামরিক অভিযান-প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর যোগ দেন লরা এনকুন্দার নেতৃত্বাধীন আরেক বিদ্রোহী গ্রুপ ন্যাশনাল কংগ্রেস ফর দ্য ডিফেন্স অব দ্য পিপলে (সিএনডিপি)। এনকুন্দা ছিলেন কঙ্গোর পূর্বাঞ্চলের প্রভাবশালী বিদ্রোহী নেতা।রুয়ান্ডার সমর্থনে পরে লরা এনকুন্দাকে ক্ষমতা থেকে সরিয়ে সিএনডিপির নেতৃত্ব দখল করেন এনতাগান্দা। ২০০৯ সালে প্রেসিডেন্ট কাবিলা এক শান্তিচুক্তির আওতায় সিএনডিপির মিলিশিয়াদের কঙ্গোর সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেন। যুদ্ধাপরাধের দায়ে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও এনতাগান্দাকে জেনারেল পদমর্যাদায় উন্নীত করেন তিনি। জাতিসংঘের এক তদন্তে দেখা গেছে, কঙ্গোর উত্তর ও দক্ষিণ কিভু অঞ্চলে এনতাগান্দা রীতিমতো ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন। বিভিন্ন খনি, কাঠ-কয়লার বাজার ও অবৈধ তল্লাশি ফাঁড়ি থেকে বিপুল পরিমাণ কর আদায় করেন তিনি। দেশের পূর্বাঞ্চলের গোমা শহরের বাইরে তাঁর নিজের ময়দা কারখানা, হোটেল, পানশালা ও গবাদিপশুর খামার রয়েছে বলে ধারণা করা হয়। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের গবেষক অ্যানেকি ভ্যান উডেনবার্গ ‘টার্মিনেটরের’ সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন। অ্যানেকি বলেন, এনতাগান্দা খুব গুছিয়ে বা আকর্ষণীয়ভাবে কথা বলতে পারেন না। তবে পুরো ছয় ফুট লম্বা মানুষটিকে উপেক্ষা করা যায় না। লোককে আকৃষ্ট করার এক ধরনের তাঁর ক্ষমতা আছে। মার্কিনি রাখালদের স্টাইলের চামড়ার হ্যাট পরতে পছন্দ করেন তিনি। অ্যানেকি আরও বলেন, ‘এনতাগান্দা কখনোই নিজের অপরাধ স্বীকার করবেন না। তিনি সব সময়ই অপরাধের কথা অস্বীকার করেন এবং যা করেছেন, তার যৌক্তিকতার পক্ষে একটার পর একটা অজুহাত তুলে ধরেন।’ আবু হুরাইরাহ্