কঙ্গোর বিদ্রোহের নেপথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখতে বিক্ষিপ্ত মনে হলেও মধ্য আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে যে বিদ্রোহের ঢেউ উঠেছে, তা রীতিমতো পরিকল্পিত ও হিসাব করা। এখন খবরের শিরোনাম হলেও এটি শুরু হয়েছে গত এপ্রিল মাসে। নতুন এই বিদ্রোহের নেতৃত্বে রয়েছেন তুতসি আদিবাসী গোষ্ঠীর সেনারা। বিদ্রোহে অংশ নেওয়া সেনাদের সংগঠনটির নাম ‘মার্চ ২৩ মুভমেন্ট’ (এম-২৩)। একটি ব্যর্থ শান্তি চুক্তির তারিখ থেকে তাঁরা এ নাম নিয়েছেন। বিদ্রোহীদের অধিকাংশই সাবেক বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল কংগ্রেস ফর দ্য ডিফেন্স অব দ্য পিপলের (সিএনডিপি) সদস্য। একসময় সিএনডিপি দেশটির নর্থ কিভু প্রদেশকে কেন্দ্র করে কার্যক্রম চালাত। সিএনডিপির সাবেক শীর্ষ নেতা বসকো এনতাগান্দা পর্দার অন্তরালে থেকে নতুন এই বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এনতাগান্দার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন।নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর বিদ্রোহী সিএনডিপি ২০০৯ সালের ২৩ মার্চ ডিআর কঙ্গো সরকারের সঙ্গে শান্তি চুক্তি করে। এর পর এই বাহিনীর সদস্যদের দেশের সামরিক বাহিনীতে অঙ্গীভূত করা হয়।তবে পর্যবেক্ষকেরা বলছেন, নতুন করে শুরু হওয়া এ বিদ্রোহের লক্ষ্য দেশের কোনো অঞ্চল দখল বা শত্রুকে পরাজিত করা নয়, সরকারের সঙ্গে আলোচনা ও দর-কষাকষিতে নিজেদের অবস্থান মজবুত করাই সাম্প্রতিক বিদ্রোহের নেপথ্য কারণ। বলা হচ্ছে, বিবদমান বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্রোহীরা নিজেদের অবস্থানকে সংহত করতে চান। তাঁদের উদ্দেশ্য, নিজ দলের সদস্যদের আর্থিক উপকার ও নিরাপত্তার নিশ্চয়তা বিধান করা।বিদ্রোহ শুরু হওয়ার পর ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলের বিভিন্ন শহর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে নিরীহ সাধারণ মানুষ। দেশটির খনিজসমৃদ্ধ পূর্বাঞ্চল নিজেদের দখলে নিতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে।এখন যাঁরা বিদ্রোহে অংশ নিচ্ছেন, তাঁরা কয়েক বছর ধরে শান্তি প্রতিষ্ঠার জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত এক অভিযানের সঙ্গে জড়িত ছিলেন। এর পোশাকি নাম ‘আমানি লিও’। এ অভিযানের উদ্দেশ্য ছিল, দেশটির অশান্ত পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা।সরকারের ‘আমানি লিও’ অভিযান মোটামুটিভাবে সফল ছিল। এর চেয়ে বড় কথা হচ্ছে, এতে যুক্ত সেনা অধিনায়কদের সরকারের পক্ষ থেকে ব্যাপক ক্ষমতা ও পৃষ্ঠপোষকতা দেওয়া হয়। কঙ্গোর গুরুত্বপূর্ণ খনিজ ও বাণিজ্যিক রুটের নিয়ন্ত্রণ পেয়ে যান ওই সেনা অধিনায়কেরা।সাম্প্রতিক সময়ের বিদ্রোহের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ বিষয় জড়িত থাকতে পারে বলে ভাবা হচ্ছে। প্রথমত, গুরুত্বপূর্ণ ওই এলাকা নিয়ন্ত্রণের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ‘আমানি লিও’ অভিযানের সেনা অধিনায়কদের। ডিআর কঙ্গো সরকার চাইছে দেশের বিভিন্ন অঞ্চলে নিজেদের কর্তৃত্বকে আরও জোরদার করতে। দ্বিতীয়ত, যুদ্ধাপরাধের দায়ে দেশের আরেক বিতর্কিত বিদ্রোহী নেতা টমাস লুবাঙ্গাকে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। সেনা বিদ্রোহের সঙ্গে এ দুটি ঘটনার যোগসূত্র থাকতে পারে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক ধারণা করছেন। ডিআর কঙ্গোর সেনাবাহিনীর বর্তমান সদস্যসংখ্যা দেড় লাখের বেশি। বিদ্রোহ দমনের জন্য তাদের খুব একটা বেগ পাওয়ার কথা নয়। কিন্তু এই বিদ্রোহের শিকড় অনেক গভীরে বলেই মনে করা হচ্ছে। অভিযোগ উঠেছে, প্রতিবেশী দেশ রুয়ান্ডার সরকার কঙ্গোর বিদ্রোহীদের ইন্ধন দিচ্ছে। যদিও রুয়ান্ডার দাবি, এ অভিযোগ মোটেই সত্যি নয়।রুয়ান্ডা কর্তৃপক্ষ অস্বীকার করলেও নির্ভরযোগ্য একাধিক সূত্র বলছে, রুয়ান্ডার সেনারা কঙ্গোর বিদ্রোহীদের সরাসরি সহযোগিতা করছেন। অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ ছাড়াও বিদ্রোহের বিস্তৃতি বাড়াতে নতুন যোদ্ধা সংগ্রহের ক্ষেত্রেও তাঁরা সক্রিয় ভূমিকা রাখছেন। এমনকি, কিছু কিছু ক্ষেত্রে রুয়ান্ডার সেনারা বিদ্রোহীদের সঙ্গে কঙ্গোর সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়েও অংশ নিয়েছেন। রুয়ান্ডা সত্যিই কঙ্গোর বিদ্রোহীদের মদদ দিলে তার সমর্থনে কেউ কেউ ইতিহাসের যুক্তি দিতে পারেন। ১৯৯৪ সালে রুয়ান্ডার ভয়াবহ হুতু-তুতসি জাতিগত দাঙ্গার পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। গণহত্যার জন্য দায়ী বলে কথিত হুতু যোদ্ধাদের নির্মূলের চেষ্টা চালিয়ে আসছে রুয়ান্ডা। ওই গণহত্যার পর থেকে কঙ্গোর পূর্বাঞ্চলের বিভিন্ন বাহিনীকে সহায়তা দিয়ে আসছে রুয়ান্ডা সরকার।রুয়ান্ডার কাছ থেকে পাওয়া সামরিক সহযোগিতা এম-২৩ বিদ্রোহী গোষ্ঠীকে আরও ভয়ংকর করে তুলতে পারে। গোমা শহর দখলের চেষ্টা চালাতে পারে তারা। এই পদক্ষেপ সরকারের সঙ্গে দর-কষাকষির ক্ষেত্রে বাড়তি সুবিধা এনে দিতে পারে বিদ্রোহীদের। আবার পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিদ্রোহীরা সরকারের কাছ থেকে সাধারণ ক্ষমা, চাকরির নিশ্চয়তা চাইবে। এ জন্য কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থায় থাকতে হবে তাদের। ইমাম হোসেন সাঈদবিবিসি থেকে