কচু চাষে স্বাবলম্বী দুই শতাধিক আদিবাসী পরিবার
কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের পাহাড় ও সমতল ভূমিতে কচু চাষ করে দুই শতাধিক আদিবাসী পরিবার স্বাবলম্বী হয়েছে। কয়েক বছর আগে কোনো ফসল চাষ না হওয়ায় ওই সব পাহাড় আবাদহীন থাকত। কিন্তু বর্তমানে পাহাড়ে ব্যাপকহারে কচুর চাষ হচ্ছে।১৬ জুলাই ওয়াগ্গা ইউনিয়নের পাঠানমারার ছড়া, তালুকদারপাড়া, দেবতাছড়ি, তম্বপাড়া, মুরালিপাড়া, ছোট পাগলীসহ বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, শত শত ছোট-বড় পাহাড়ে কচুর চাষ করা হয়েছে। স্থানীয় দুধরাম তঞ্চঙ্গ্যা জানান, তিনি গত বছর তিন একর জমিতে কচুর চাষ করেছিলেন। ভালো মুনাফা পাওয়ায় এবার পাঁচ একর জমিতে কচুর চাষ করেন। মানিক তঞ্চঙ্গ্যা, কাজল তঞ্চঙ্গ্যা, দয়াল তঞ্চঙ্গ্যা জানান, ২০০৫ সাল থেকে কাপ্তাই উপজেলায় কচুর চাষ বৃদ্ধি পাচ্ছে। প্রতিবছর চাষির সংখ্যাও বাড়ছে।কচু চাষে লাভের কথা বলতে গিয়ে চাষি দুধরাম তঞ্চঙ্গ্যা বলেন, ‘এক মণ কচু চাষ করলে ফলন পাই প্রায় ২০ মণ।’ চাষি অলোক মারমা বলেন, স্থানীয় ভাষায় কচুকে ‘প্রিং’ বলে। পাহাড়ে কয়েক প্রকারের কচু বা প্রিং চাষ হয়ে থাকে। ওই সব কচুর ভিন্ন ভিন্ন নামও আছে। যেমন, কুমিল্লা কচু, আম্মা কচু, ওল কচু ইত্যাদি।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার আপাই মারমা বলেন, উৎপাদিত কচু ফুল, ছড়া ও শাক বিক্রি করতে বেগ পেতে হয় না। বাগান থেকে রাস্তার পাশে এনে রাখলেই ব্যবসায়ীরা কিনে নেন। তিনি জানান, কচু চাষ সম্পর্কে চাষিরা কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন। যেকোনো সমস্যায় কৃষি বিভাগ সহায়তা করে।চাষিরা জানান, বরইছড়ি বাজার ও ঘাঘড়া বাজারে প্রতি বুধ ও শনিবার তাঁরা ফসল তোলেন। বাজারে সাধারণ ক্রেতারা কেনেন আবার ব্যাপারিরাও কিনে নিয়ে যান। দেবতাছড়িতে দেখা গেছে, বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ এমনকি শিশুরাও কচুর ফুল নিয়ে আসছেন। ব্যবসায়ী পিলু অং প্রায় সময় বরইছড়ি বাজারে এসে কচু কিনে নেন। প্রতি কেজির দাম পড়ে ১৫ টাকা। ওই কচু চট্টগ্রাম, ঢাকা ও অন্যান্য স্থানে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি করেন।প্রতিদিন কচুর চাষ জনপ্রিয়তা পাচ্ছে বলে জানান অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা হরিমোহন দাশ। কৃষি কর্মকর্তা খোরশেদ আলম জানান, কচু চাষে খুব বেশি পরিশ্রম না থাকলেও চাষে যত্ন নিতে হয়। কচুর পাতা ঝলসানো রোগে পটাশ সার ব্যবহার করলে উপকার পাওয়া যায়। তিনি বলেন, কচুখেতে তেমন আগাছা হয় না। যে কারণে শ্রম কম লাগে। প্রতি হেক্টরে প্রায় ৩০ মেট্রিক টন কচু পাওয়া যায়। কচুর ফুল পাওয়া যায় এক হাজার কেজি। এ ছাড়া কচু শাকও পাওয়া যায় উল্লেখযোগ্য পরিমাণে। চাষে খরচ ও পরিশ্রম কম এবং মুনাফা বেশি। তাই অনেক কৃষক কচু চাষের দিকে আগ্রহী হচ্ছেন।