কচুরিপানা ও মশার প্রজননকেন্দ্র আসকার দীঘি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময়ের বিনোদনপ্রিয় মানুষের অন্যতম আকর্ষণ নগরের আসকার দীঘিটি এখনো টিকে থাকলেও দূষণ ও দখলের কবলে পড়েছে এটিও। দীঘিটি এখন কচুরিপানা ও মশার প্রজননকেন্দ্রে পরিণত হয়েছে। পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দখলদারেরা অল্প অল্প করে চালিয়ে যাচ্ছেন ভরাট প্রক্রিয়া। স্থানীয় সচেতন লোকজনের মতে, এ অবস্থা চলতে থাকলে অচিরেই দীঘির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। জানা যায়, চট্টগ্রামের দ্বিতীয় মোগল শাসনকর্তা আসকর খাঁ সপ্তাদশ শতাব্দীতে এ দীঘি খনন করেন। কিংবদন্তি আছে, একসময় পরির পাহাড় এলাকা (বর্তমান আদালত ভবন) থেকে পরিরা এ দীঘিতে আসত স্বচ্ছ পানিতে স্নান করতে। কিন্তু বর্তমানে কচুরিপানায় ঢাকা দীঘির দূষিত পানিতে মানুষের পক্ষেই স্নান করা নিরাপদ নয়। জানা যায়, দিঘির পাড়ের মালিক দাবিদার অনেকই। দীর্ঘদিন ধরে চার পাড়ে অসংখ্য স্থাপনা গড়ে উঠেছে। সরেজমিনে দেখা যায়, দীঘির দক্ষিণ-পূর্ব পাড়ে রয়েছে একটি বস্তি। বস্তির ময়লা-আবর্জনা ও বর্জ্য ফেলা হয় দীঘির ভেতরে। চার পাড়ে রয়েছে অনেক খোলা পায়খানা। এসব পায়খানার বর্জ্যও দীঘিকে দূষিত করছে। এ ছাড়া উত্তর, দক্ষিণ ও পশ্চিম পাড়ে আসবাব কারখানাসহ অনেক দোকান গড়ে উঠেছে। রয়েছে বসতবাড়িও। পূর্ব ও পশ্চিম পাড়ে রয়েছে দুটি মসজিদ ও একটি মন্দির। দীঘির পানি মূলত ব্যবহার করেন নিম্নআয়ের মানুষ। দীঘির দুটি বড় ঘাটের মধ্যে ২০০৬ সালে দক্ষিণ পাড়ের ঘাটটি কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে দুটি ঘাটই উন্মুক্ত। স্থানীয় লোকজন জানান, এলাকায় অন্য কোনো পুকুর বা জলাশয় না থাকায় এলাকাবাসী বাধ্য হয়ে দীঘির দূষিত পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এলাকার বাসিন্দা পম্পি দে বলেন, ‘দীঘিতে বস্তিসহ আশপাশের মানুষ আবর্জনা ফেলে। এ ছাড়া আছে খোলা পায়খানার দূষণ ও কচুরিপানার যন্ত্রণা। এসব ব্যাপারে ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে দীঘিটি ব্যবহারই করা যাবে না।’