ইত্যাদি: বিশালকায় এক কচ্ছপের ভাস্কর্য তৈরি করেছেন শিল্পী রনি আহম্মেদ। ভাস্কর্যটির ছবি সংবলিত একটি চিত্রকর্ম অংশ নিয়েছে ভেনিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনী ওপেন ফিফটিনে।
কচ্ছপ-কথা
‘কচ্ছপ। ছোট্ট একটা প্রাণী, কিন্তু খুবই মজার। খুবই বিস্ময়কর! দীর্ঘদিন বাঁচে, তাই এর সঙ্গে অনেক ইতিহাস জড়িত। অনেকটা, একটা বহু পুরোনো গাছের মতো। বিভিন্ন ধর্মে, কল্পকাহিনিতে কচ্ছপকে খুব গুরুত্ব দেওয়া হয়। অনেকের কাছে আবার এটা অপার্থিব, পবিত্রতার প্রতীক।’—বলছিলেন রনি আহম্মেদ। ‘বিস্ময়কর, মজার, ঐতিহাসিক, অপার্থিব’—এত সব বিশেষণ যার সঙ্গে জুড়ে দেওয়া, সেই কচ্ছপকেই শিল্পরূপ দিয়েছেন রনি। তাঁর এই কচ্ছপ-কীর্তির বিস্তারিত শুনতেই হাজির হয়েছিলাম রনি আহম্মেদের উত্তরার বাসায়।‘আমি মূলত একজন সময় পরিভ্রামক। অতীত, বর্তমান, ভবিষ্যৎকে পেছনে ফেলে ঘুরে বেড়াই। আর দেখি। তবে চামড়ার চোখ নয়, মনের চোখ দিয়ে’—নিজের পরিচয়টা এভাবেই দেন তিনি। তবে সাধারণের কাছে রনি আহম্মেদের পরিচয়—একজন শিল্পী, একজন লেখক। বিশাল পরিসরে আঁকা কিংবা ভাস্কর্য তৈরিতে তাঁর ভীষণ আগ্রহ। নিজের শিল্পকীর্তিগুলো নিয়ে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেন নিয়মিতই। সাম্প্রতিক কালে রনি শিল্পের আসরে নজর কেড়েছেন তাঁর ‘কসমিক টার্টেল ভিজিটিং গ্রিন আর্থ’ দিয়ে। মহাজাগতিক কচ্ছপের বিশ্ব ভ্রমণরনি আহম্মেদের শিল্পকর্মে ‘কচ্ছপ’ একটা আলাদা বিশেষত্ব পেয়েছে বরাবরই। ঐতিহাসিক এই প্রাণীটি দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই ব্যাপারটাও মাথায় ছিল। তিনি ভাবছিলেন কচ্ছপ সংরক্ষণের প্রতি সচেতনতা তৈরিতে একটা কিছু করা যায় কি না। এভাবেই বিশালাকৃতি কচ্ছপের ভাস্কর্য তৈরির চিন্তাটা মাথায় আসে। তাঁর কাজে সব সময়ই পৃষ্ঠপোষকতা করেছে মারমেইড আর্ট ফাউন্ডেশন। কচ্ছপের ভাস্কর্য তৈরিতেও রনি মারমেইড আর্ট ফাউন্ডেশনকে পাশে পেলেন। কক্সবাজারের পেঁচার দ্বীপে সৈকতে শুরু হলো বিশাল এই কর্মযজ্ঞ। মূল অবকাঠামো কংক্রিটের তৈরি। উচ্চতা ১৮ ফুট, দৈর্ঘ্য ৫৭ আর প্রস্থ ৩৫ ফুট। রহস্যময় প্রাণীটার দেহাবয়ব তৈরি হওয়ার পর রনি এটিকে শিল্পরূপ দিতে শুরু করেন। কচ্ছপের গোলাকার পিঠটা সাজালেন টুকরো টুকরো আয়না, কাচ, স্টেইনলেস স্টিল আর সৈকতে কুড়িয়ে পাওয়া বিভিন্ন দ্রব্য (যেমন: পুরোনো চপ্পল, ছেঁড়া জুতার অংশবিশেষ, লাইটার, পাথর, মাছের হাড় ইত্যাদি) দিয়ে। কচ্ছপের খোলসের গায়ে রাখলেন দুটো দরজা আর আটটা গোলাকার জানালা। তারপর খোলসের ভেতরের পুরো জায়গাটাকে করে নিলেন তাঁর ক্যানভাস। রহস্যময় প্রাণীটার পেটের ভেতর এর হাজার বছরের ইতিহাস, রূপকথা, কল্পকাহিনি আঁকলেন মন ভরে। বিশাল এই আঁকিবুঁকির রসদ রনি জুগিয়েছেন বিভিন্ন ভাষা, সময় আর দেশের কল্পকাহিনি থেকে। চীনা কল্পকথা, উত্তর আমেরিকার বিভিন্ন গল্প-কাহিনি, ভারতীয় রূপকথায় কচ্ছপ নিয়ে রয়েছে অসংখ্য গল্প, রনির সৃষ্টিকর্মে উঠে এল সেসব। বাদ পড়েনি নিনজা টার্টেলস কিংবা ওয়ার্নার ব্রাদার্সের বিখ্যাত অ্যানিমেটেড চরিত্র সেসিল টার্টেলও। রনি বললেন, ‘এটা একটা বিশাল বড় ম্যুরাল। বাংলাদেশে এত বড় ম্যুরাল আর কোথাও আছে বলে আমার জানা নেই।’ওপেন ফিফটিনওপেন ফিফটিন ভাস্কর্য আর বিভিন্ন শিল্পকর্মের একটি আন্তর্জাতিক প্রদর্শনী। আন্তর্জাতিকভাবে এই আসরের একটা আলাদা মাহাত্ম্য আছে বিভিন্ন কারণে। সমগ্র বিশ্ব থেকেই গুণী-নামী শিল্পীরা এ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। প্রদর্শনীর একটি আলাদা বিশেষত্ব হলো, এর জন্য কোনো বদ্ধ ঘর কিংবা নির্দিষ্ট স্থান বরাদ্দ নেই। ইতালির ভেনিস শহরজুড়ে পথেঘাটে উন্মুক্ত স্থানে শিল্পকর্মগুলো প্রদর্শিত হয়। ১৯৯৮ সাল থেকে শুরু করে প্রতিবছরই এটি আয়োজিত হয়ে আসছে। এ বছরের ৩০ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর বসেছে ওপেনের ১৫তম আসর, বরাবরের মতোই ইতালির ভেনিস লিডো শহর আর স্যান সার্ভোলো দ্বীপে। এ বছর ওপেন ফিফটিনে মূলত প্রাধান্য পেয়েছে বিভিন্ন স্থাপত্য আর শিল্পকর্মের ছবিসংবলিত চিত্রকর্ম। ওপেনের বাংলাদেশি কিউরেটর এবাদুর রহমান, তাঁর মাধ্যমে গত বছর ওপেন ফরটিনে অংশ নেন রনি আহম্মেদ। এ বছরও রনির সঙ্গে যোগাযোগ করেন এবাদুর। রনি তাঁর কচ্ছপের ছবি নিয়ে চিত্রকর্ম তৈরি করেন, অংশ নেন ওপেন ফিফটিনে। ওপেন ফিফটিনে বাংলাদেশ থেকে ছিলেন আরও দুজন শিল্পী—মেহেদী আনজুমান ও শাখাওয়াত হোসেন। রনি জানালেন, দুবার ওপেনে অংশ নিয়ে বিশ্বের বিভিন্ন নামী শিল্পীর সঙ্গেই তাঁর পরিচয় হয়েছে। তাঁরা রনির শিল্পকর্মকে সাধুবাদ জানিয়েছেন।বিশালাকৃতির এই কচ্ছপের ভাস্কর্য একনজর দেখতে যাদের লোভ হচ্ছে, চাইলে ঘুরে আসতে পারেন কক্সবাজার থেকে। রনি বলছিলেন, ‘গায়ে অনেক রকম কাচ বসানো বলে দিনের একেক সময় কচ্ছপটা একেক রকম দেখায়। সূর্যের রং বদলের সঙ্গে সঙ্গে এর রং বদলায়। সমুদ্রের তীরে বলে গা-টা সব সময় ভেজা ভেজা থাকে। দেখলে মনে হয়, মাত্রই বুঝি সাগর থেকে উঠে এসেছে!’