কচ্ছপের জন্য ভালোবাসা
সুনসান নীরবতা। কেবল একটানা ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। বালুচরের সাদা বালিতে ছোট্ট একটা গর্ত দেখা যাচ্ছিল। সেদিক দিয়ে একে একে বের হয়ে এল কয়েক শ কচ্ছপের বাচ্চা। একজন স্বেচ্ছাসেবক আগে থেকে তৈরি ছিলেন কাপড় নিয়ে। গর্তের সামনে কাপড়টা মেলে ধরতেই বাচ্চাগুলো উঠে এল তাতে। এরপর কাপড়ের পুঁটলিতে বাচ্চাগুলোকে নিয়ে তিনি রেখে এলেন পানির কাছাকাছি। মাথার ওপর তখন কয়েকটা লোভী গাংচিল চক্কর দিচ্ছিল। তাদের নিরাশ করে কচ্ছপের বাচ্চাগুলো ঢেউয়ের মাথায় চেপে হারিয়ে গেল সমুদ্রে।গত শুক্রবার দুপুরে কক্সবাজার শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে প্যাচারদিয়া সৈকতে গিয়ে দেখা গেল এই দৃশ্য। সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় নিয়োজিত মেরিন লাইফ অ্যালায়েন্স নামের একটি বেসরকারি সংস্থা এখানে কচ্ছপ রক্ষায় একটি হ্যাচারি গড়ে তুলেছে। শুক্রবার এই হ্যাচারি থেকে ২৫০-এর বেশি বাচ্চা সমুদ্রে ছাড়া হয়।প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবক সিরাজুল ইসলাম (৪৫) জানান, ‘নভেম্বর থেকে মা কচ্ছপ ডিম পাড়তে আসছে। আমরা শিয়াল-কুকুর থেকে রক্ষার জন্য সেই ডিমগুলো পাহারা দিই এবং সংরক্ষণ করি। পরবর্তীকালে বাচ্চা ফুটলে সাগরে ছেড়ে দিই।’ জানা গেল, সোনাদিয়া, হিমছড়ি, নাজিরারটেক চরে এই সংস্থার আরও তিনটি হ্যাচারি রয়েছে। আগামী জুন মাস পর্যন্ত এসব হ্যাচারির কার্যক্রম চলবে। কচ্ছপ রক্ষায় সরকারের পরিবেশ অধিদপ্তরও কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, সমাজভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের (সিবিএ) আওতায় জেলার বিভিন্ন উপকূলীয় এলাকায় পাঁচটি হ্যাচারি গড়ে তোলা হয়েছে। কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ, টেকনাফ, শাহপরীর দ্বীপ, বড়ডেইল, বাহারছড়া ও সোনাদিয়ায় এই হ্যাচারিগুলো অবস্থিত। এসব হ্যাচারিতে এখন দেড় হাজারের মতো ডিম সংরক্ষণ করা হচ্ছে। এ মাসের শেষের দিকে এসব ডিম থেকেও বাচ্চা বেরোবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন। গত বছর পরিবেশ অধিদপ্তরের ১০টি কেন্দ্র থেকে প্রায় ৫০ হাজার বাচ্চা ফুটিয়ে সাগরে ছেড়ে দেওয়া হয়েছিল। মেরিন লাইফ অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক ও জীববিজ্ঞানী জহিরুল ইসলাম জানান, মা কচ্ছপ শুকনো বালুতে ৫০ থেকে ৬০ সেন্টিমিটার গভীর গর্ত খুঁড়ে তাতে ১০০ থেকে ১৫০টি নরম খোসাযুক্ত ডিম পাড়ে। শীত মৌসুমে তাঁদের চারটি হ্যাচারি থেকে ৫০ হাজারের মতো বাচ্চা ফোটানো সম্ভব হবে বলে তিনি জানান। কক্সবাজার সামুদ্রিক মৎস্য গবেষণাকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শাহাবুদ্দিন জানান, প্রায় তিন হাজার মাইল দূর থেকে এসে মা কচ্ছপ কক্সবাজার উপকূলে ডিম পাড়ে। আগে উপকূলে জেলেদের পেতে রাখা জালে আটকা পড়ে হাজার হাজার মা কচ্ছপের মৃত্যু হতো। এখন জেলেরা সচেতন হওয়ায় তেমনটি দেখা যাচ্ছে না।