কটিবন্ধ কষে পরলে বিপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোমরে শক্ত করে কটিবন্ধ পরার স্বাস্থ্যগত ঝুঁকির কথা জানিয়েছেন গবেষকেরা
কোমরে শক্ত করে কটিবন্ধ পরার স্বাস্থ্যগত ঝুঁকির কথা জানিয়েছেন গবেষকেরা

কোমরে শক্ত করে কটিবন্ধ (বেল্ট) পরার স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে। এতে মেরুদণ্ড ও হাঁটুতে সমস্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন দক্ষিণ কোরিয়ার একদল গবেষক।

ডেইলি মেইলে ১২ মে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ১২ জন স্বাস্থ্যবান পুরুষের ওপর এ বিষয়ে একটি গবেষণা করা হয়েছে। এটি পরিচালনা করেন দক্ষিণ কোরিয়ার ইনজে বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

গবেষণার ফলাফলের ভিত্তিতে কোমরে শক্ত করে কটিবন্ধ পরার স্বাস্থ্যগত ঝুঁকির কথা জানিয়েছেন ওই গবেষকেরা।
গবেষণায় দেখা গেছে, কোমরে শক্ত করে কটিবন্ধ পরলে পেটের ওপর প্রচণ্ড চাপ পড়ে। এতে পেটের পেশির কার্যকারিতা পরিবর্তিত হয়। এটি মেরুদণ্ডকে শক্ত করে দিতে পারে। ফলে মেরুদণ্ডের নড়াচড়া কষ্টকর হয়ে উঠতে পারে।

এ ছাড়া কোমরে শক্ত করে কটিবন্ধ পরলে শরীরের মাধ্যাকর্ষণ শক্তি প্রভাবিত হয়। মেরুদণ্ডের নিচের অংশ ও নিতম্বের মধ্যকার অস্থি কাঠামোর অবস্থানকেও প্রভাবিত করে। এটি হাঁটুর সংযোগস্থলের ওপর চাপ বাড়ায়।

ইনজে বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, নারী ও স্থূল ব্যক্তিদের ওপর কোমরে শক্ত করে কটিবন্ধ পরার প্রভাব পরীক্ষা করা প্রয়োজন।