কট্টর ডানপন্থীদের পুনরুত্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের বিভিন্ন দেশে কিছুদিন ধরেই ধীরে ধীরে কট্টর ডানপন্থী রাজনীতির উত্থান হচ্ছে। এ মুহূর্তে কোনো কোনো ক্ষেত্রে তাদের প্রতি জনসমর্থনের মাত্রা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। দেশজ সংস্কৃতি রক্ষার দাবি ও অভিবাসনবিরোধী ভূমিকার মধ্য দিয়ে তারা জনগণের একটি অংশের মধ্যে সাড়া ফেলতে সক্ষম হয়েছে।গ্রিসের রাজধানী এথেন্সে পার্লামেন্ট ভবনের সামনে সম্প্রতি দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিনা মূল্যে খাবার বিতরণ করছিলেন ডানপন্থী সংগঠন ‘গোল্ডেন ডন’-এর সদস্যরা। লাইনে দাঁড়ানো ব্যক্তিদের পরিচয় যাচাই করে তবেই প্লাস্টিকের থলে ভরে ফলমূল, শাকসবজি ও পাস্তা বিতরণ করা হচ্ছিল। সংগঠনের মুখপাত্র ইলিয়াস কাসিদিয়ারিস এ সময় সাংবাদিকদের বলেন, গ্রিসে উৎপাদিত খাবার কেবল গ্রিকদের জন্যই সরবরাহ করা হচ্ছে।ইউরোপে অতিসম্প্রতি সাফল্য পাওয়া কট্টর ডানপন্থী দলগুলোর একটি এই গোল্ডেন ডন। সর্বশেষ পার্লামেন্ট নির্বাচনে তারা ৬ দশমিক ৯ শতাংশ ভোট পায় এবং ১৮টি আসনে জেতে। তা-ও আবার বেশির ভাগ আসনই এথেন্সের। প্রতিষ্ঠাতা নিকোস মিকালোলিয়াকোস তাঁর দলকে নব্য নাৎসি বলে মানতে নারাজ। তবে গোল্ডেন ডনের প্রতীকের সঙ্গে নাৎসিদের স্বস্তিকা চিহ্নের মিল রয়েছে। তিনি মঞ্চে উঠলে দলের সদস্যরা নাৎসিদের কায়দায়ই স্যালুট দেন। দেশের পুলিশ বাহিনীর মধ্যেও রয়েছে দলটির পক্ষে সমর্থন। এ ছাড়া বিদ্রোহী তরুণ প্রজন্ম ও শহরের বাসিন্দা বয়স্ক লোকজনের একটা অংশ গোল্ডেন ডনের ভোটার। গরিবদের বিনা পয়সায় খাবার বিতরণ এবং অন্যান্য সামাজিক উন্নয়ন প্রকল্প শুরুর মাধ্যমে গোল্ডেন ডন কিছুটা আস্থা ও প্রশংসা কুড়ালেও তাদের বর্ণবাদী ও সহিংস মনোভাব অনেক গ্রিককেই পীড়া দেয়। গ্রিস, নেদারল্যান্ড, হাঙ্গেরি, ফিনল্যান্ডসহ ইউরোপের কয়েকটি দেশে সাম্প্রতিক সময়ে অভিবাসনবিরোধী কট্টরপন্থীদের উত্থানের জন্য ইউরো জোনের অর্থনৈতিক মন্দা ও সরকারি ব্যয়সংকোচনকেই সাধারণভাবে দায়ী করা হচ্ছে। তবে এ যুক্তিকে অগ্রহণযোগ্য মনে করেন উগ্র ডানপন্থীদের ব্যাপারে বিশেষজ্ঞ নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের ম্যাথু গুডউইন। তিনি বলেন, ‘ইউরোপে মন্দার কারণেই কি আমরা নাৎসিদের ভোট দিচ্ছি? এ ধারণা ভিত্তিহীন।’ জাতীয় সংস্কৃতি, আত্মপরিচয় ও ইউরোপীয় জীবনধারার ভবিষ্যৎ নিয়ে স্থানীয় ব্যক্তিদের মধ্যে একধরনের উদ্বেগ রয়েছে। জাগতিক অন্যান্য বিষয়ের চেয়ে এই ভাবনার গুরুত্ব মোটেও কম নয়। ইউরোপের প্রতিটি দেশে নির্দিষ্ট কিছু দলের মধ্যে বিদেশিদের সম্পর্কে অহেতুক ভীতি কাজ করে। সমৃদ্ধ অর্থনীতির নেদারল্যান্ড থেকে শুরু করে এখন প্রায় দেউলিয়া গ্রিস—সবখানেই এ প্রবণতা লক্ষণীয়। গুডউইন বলেন, এই মনোভাবকে পুঁজি করেই কট্টরপন্থী দলগুলো অন্যদের সমর্থন আদায় করতে চায়।আর্থিক দুরবস্থার প্রেক্ষাপটে অভিবাসীদের বিরুদ্ধে জনমনে তিক্ততা তৈরির বিশেষ কৌশল বেছে নিয়েছে ফ্রান্সের ন্যাশনাল ফ্রন্ট এবং নেদারল্যান্ডের ফ্রিডম পার্টির মতো কয়েকটি রাজনৈতিক দল। এতে মূলধারার দলগুলোর প্রতি সাধারণ মানুষের নেতিবাচক ধারণা তৈরি হয়।২০১০ সালে অনুষ্ঠিত নির্বাচনে পিভিভি ইসলামবিরোধী প্রচার চালিয়ে নেদারল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ ভোট পাওয়া দলে পরিণত হয়। অথচ দলটি প্রতিষ্ঠিত হয়েছিল ওই নির্বাচনের মাত্র পাঁচ বছর আগে। পিভিভির নেতা গ্রিট ওয়াইল্ডার্স ইসলামবিরোধী হিসেবে পরিচিত। ভোটারদের অনেকে দলটির আদর্শে আকৃষ্ট হওয়ায় মূলধারার দলগুলো আতঙ্কিত। যুক্তরাজ্যভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ডেমোসের বিশেষজ্ঞ জেমি বার্টলেট বলেন, কট্টর ডানপন্থীরা অর্থনীতির একটি গল্প ফাঁদতে চাইছে। কিন্তু জুতসই কোনো গল্প খুঁজে পাচ্ছে না।হাঙ্গেরির কট্টর ডানপন্থী রাজনৈতিক দল জোবিক। তারাও ইহুদি ও যাযাবর (জিপসি বা রোমা) বিরোধী। তবে দলটি পিভিভির চেয়ে কিছুটা ভিন্ন ধরনের। অর্থনীতির ব্যাপারে জোবিকের অবস্থান তুলনামূলকভাবে জটিল। দলটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও সংরক্ষণনীতির সমর্থনের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকদের সাহায্যের পক্ষে। তবে অর্থনীতির চেয়ে জোবিকের ভোটাররা সমাজের বহুজাতিক সংমিশ্রণ সম্পর্কে মাথা ঘামান বেশি। বিদেশিদের সম্পর্কে তিক্ত মনোভাব পোষণ করেন তাঁরা। নর্ডিক দেশগুলোতেও জাতীয় সংস্কৃতি হুমকির মুখে রয়েছে বলে প্রচারণা চালিয়ে সমর্থন পাচ্ছে ডানপন্থী দলগুলো। এ ক্ষেত্রে ব্যতিক্রম ফিনল্যান্ড ও সুইডেন। ইসলামবিরোধী মনোভাব, নর্ডিক সংস্কৃতির অবক্ষয়ের নিন্দা এবং আইনশৃঙ্খলা জোরদার করার গুরুত্ব সম্পর্কে নর্ডিক কট্টর ডানপন্থী দলগুলো একমত। শান্তি ও সহনশীলতার জন্য সারা বিশ্বে সুপরিচিত এ অঞ্চলে উগ্র ডানপন্থীদের ক্রমশ মাথা চাড়া দিয়ে ওঠার বিষয়টি বিস্ময়কর। তবে ক্ষমতায় গেলে প্রবীণদের দেখভাল করা, কর কমানো ও দেশজ ঐতিহ্য রক্ষা করা হবে বলে দলগুলো যেসব প্রতিশ্রুতি দিচ্ছে, মানুষ সেগুলো পছন্দ করছে।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বেশির ভাগ অঞ্চলে কট্টর ডানপন্থী আদর্শ প্রায় নিষিদ্ধ হয়ে পড়ে। তবে যুদ্ধের বিভীষিকাময় স্মৃতি ম্লান হওয়ার সঙ্গে তাল মিলিয়ে কট্টর ডানপন্থীরা আবার সক্রিয় হতে শুরু করে। তারা মধ্যবামদলগুলোর মতো জনকল্যাণমূলক বিভিন্ন নীতি গ্রহণ করে এবং সংরক্ষণবাদ ও জাতীয়তাবাদের মিশেলে নতুন করে রাজনীতি শুরু করে। কট্টরপন্থীদের এই কৌশলে যে ভুল ছিল না, তাদের ক্রমবর্ধমান জনপ্রিয়তাই সেটা প্রমাণ করে।  আশিস আচার্য