কঠিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দেশে আছে এক রাজা। রাজার আছে এক পরমা সুন্দরী মেয়ে। শত সখী নিয়ে রাজকন্যা যখন বনবিহারে যায়, তার রূপের ঝলকে ধ্যানভঙ্গ হয় যোগীর। নিরাপত্তাবলয়ের ফুটো গলে কোনো যুবক যদি একপলক তাকে দেখে, অমনি বুক চেপে ধরে আর্তনাদ ছাড়ে, ‘মা গো, রক্ষা করো!’কিন্তু রাজকন্যার যখন বিয়ের পিঁড়িতে বসার সময় হলো, আজব এক ব্যামো পেয়ে বসল তাকে। রাজকন্যা যা ধরে, তাই গলে যায়। বিশেষ করে, কাচ আর ধাতব জিনিস। তার গা থেকে সোনার অলংকার গলে সোনা আর খাদ আলাদা হয়ে গেল। এতে ফাঁস হয়ে গেল রাজপরিবারে অলংকারের জোগানদাতা স্বর্ণকারদের জোচ্চুরি। খাদের পরিমাণ বেশি হওয়ায় গর্দান গেল একাধিক বড় অলংকার ব্যবসায়ীর। লাটে উঠল রাজ্যের সোনার ব্যবসা। এদিকে রাজবদ্যির ঘুম হারাম। রাজপরিবারে অসুখ-বিসুখ নেই বললেই চলে। কদাচিৎ কারও জ্বর বা সর্দি-কাশি হলে সামান্য টোটকাতেই চলে যায়। তাই সে এত দিন ঠ্যাঙের ওপর ঠ্যাঙ তুলে বেশ আরামে দিন কাটাচ্ছিল। এখন তার চাঁদি দিয়ে ধোঁয়া ছোটার জোগাড়। ১০১ জন পেয়াদা লাগিয়ে রাজ্যের গাছগাছড়ার ছাল-বাকল আর শেকড় দিয়ে ওষুধ বানাতে লাগল সে। কিন্তু কিছুতেই কিছু হলো না। বরং রাজকন্যার রোগ আরও বেড়ে গেল। খেপে গিয়ে রাজা কঠিন ফরমান জারি করলেন, ২৪ ঘণ্টার মধ্যে তাঁর মেয়ের রোগ ভালো করা চাই। নইলে গর্দান যাবে রাজবদ্যির। রাজবদ্যি ভাবল, মরেছি যখন প্যাঁচ কষেই মরি। রাজাকে সে বলল, ‘একটা মাত্র ওষুধেই কেবল রাজকন্যার রোগ ভালো হওয়া সম্ভব। তা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন বস্তু। এমন কঠিন জিনিস রাজকন্যার সামনে আনতে হবে, যা তার স্পর্শে গলবে না। সেই কঠিন জিনিস শুষে নেবে রাজকন্যার ব্যামো।’রাজবদ্যির কথামতো সেই কঠিন জিনিসের খোঁজে রাজা ঢোল পেটালেন চারদিকে। রাজকন্যার স্পর্শে গলবে না, এমন কঠিন জিনিস যে হাজির করতে পারবে, অর্ধেক রাজত্ব ও রাজকন্যা তার। কিন্তু রাজকন্যার ব্যামোর কথা যে শোনে, সে-ই পিছিয়ে যায়। বাপ্ রে, লোহা পর্যন্ত পানি করে ফেলে! এমন মেয়ের কাছে যাওয়া তো সেধে গিয়ে প্রাণ দেওয়া। অমন রূপের ঝকমারি!এর পরও দুই দেশের দুই রাজকুমারের মাথায় ভিন্ন চিন্তা খেলল। কারও জীবনই চিরস্থায়ী নয়। আজ হোক কাল হোক, প্রাণ একদিন যাবেই। এমন সুন্দরীর তরে প্রাণ যদি যায়ই, তো জনম সার্থক। এক রাজকুমার পৃথিবীর সব কঠিন ধাতু মিলিয়ে একটি বড়সড় বল বানিয়ে নিয়ে এল। আরেক রাজকুমার নিয়ে এল বিশাল এক হীরার টুকরা। কারণ বিশ্বের সবচেয়ে কঠিন বস্তু এটি। রাজপ্রাসাদের সামনে বিশাল এক মাঠে হাজারো মানুষের সামনে ধাতব বল ও হীরার টুকরা নিয়ে দাঁড়াল দুই রাজকুমার। রাজকন্যা প্রথমে ধাতব বলটা স্পর্শ করল। নিমেষে তা গলে তরল। দেখতে দেখতে তা আবার বাষ্পে পরিণত হলো। সে বাষ্পের ভাপে ঝলসে গেল রাজকুমার। এবার দ্বিতীয় রাজকুমারের পালা। রাজকন্যা হীরার টুকরা স্পর্শ করা মাত্র তা হাওয়া। এবার তাপতরঙ্গে গুর্দা বিকল হয়ে গেল রাজকুমারের। উপস্থিত জনতা হতাশায় মুষড়ে পড়ল। হূদেরাগে আক্রান্ত হয়ে চিৎপটাং হলো দুর্বল চিত্তের কিছু লোক। এমন সময় হ্যাট পরা ফিটফাট এক ভদ্রলোক হাজির। তাঁর হাবভাব ও বেশভূষা দেখে সবাই অবাক। এ আবার কোন চিজ! কোত্থেকেই বা এলেন?ভদ্রলোকের হাতে ঢাকনা বসানো একটি ট্রে। ঢাকনা খুলতেই দেখা গেল, ট্রেতে বিশাল এক হূৎপিণ্ড। অবাক কাণ্ড—কম্পন হচ্ছে ওতে! রাজকন্যাকে ইশারায় ওই হূৎপিণ্ড স্পর্শ করতে বললেন ভদ্রলোক। রাজকন্যা তা-ই করল। পরমুহূর্তে প্রচণ্ড এক ধাক্কা খেয়ে পিছিয়ে গেল সে। আরেকটু হলে পড়েই যেত রাজকন্যা। হূৎপিণ্ডটির কিন্তু কিছুই হয়নি। দিব্যি সচল। উপস্থিত জনতা এবার বিপুল হর্ষধ্বনির মাধ্যমে বাহবা দিল ভদ্রলোককে। মাথা থেকে হ্যাট খুলে টাক মাথা পেতে সবার অভিনন্দন নিলেন তিনি। ভদ্রলোক বললেন, ‘আমি ভবিষ্যৎ থেকে আসা এক বিজ্ঞানী। টাইম মেশিনে করে অতীত পরিভ্রমণে বেরিয়েছি। এ রাজ্যের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি অনেক লোকের ভিড়। তারপর কাছে এসে যা ঘটেছে তা দেখলাম। যা বোঝার বুঝে নিলাম। খেয়ালের বশে একবার এক হূৎপিণ্ড বানিয়েছিলাম। কঠিন জিনিস! এটি সব সময় সঙ্গেই থাকে আমার। এখন বেশ কাজে লেগে গেল।’এর মধ্যে সিংহাসন থেকে নেমে এসেছেন রাজা। বিজ্ঞানীকে উষ্ণ আলিঙ্গনে সিক্ত করলেন তিনি। কৌতূহলী হয়ে জানতে চাইলেন, ‘তা—কী এমন জিনিস দিয়েছেন ওতে, যার ফলে নরম হয়েও এত কঠিন এই হূৎপিণ্ড?’বিজ্ঞানী টাক মাথা চুলকে বললেন, ‘দিয়েছি তো অনেক কিছুই, তবে বিশেষ উপাদানের মধ্যে কয়েকজন মন্ত্রী, রাজনীতিক, কিডনি ব্যবসায়ী, কাঁচাবাজার নিয়ন্ত্রণকারী, সিএনজি অটোরিকশাচালক এবং এ ধরনের আরও কিছু প্রাণীর হূৎপিণ্ডের টিস্যু ইমপ্ল্যান্ট করা আছে।’এবার আধুনিক যুগের বিজ্ঞানীর সুদূর অতীতের রাজকন্যার পাণি গ্রহণের পালা। আর তখনই ঘটল বেদনাদায়ক ঘটনা। রাজকন্যার স্পর্শে গলে পানি হয়ে গেলেন বিজ্ঞানী। (বিদেশি কাহিনী অবলম্বনে)