কঠিন দিনে প্রাণের গান

আনন্দিত মনে সিধুভাই (মোখলেসুর রহমান) ঘোষণা করলেন, ‘আমরা উদ্যোক্তারা সবাই মিলে জয়দেবপুরে গিয়ে একটা পিকনিক করব।’ সিধুভাই দায়িত্ব নিলেন আগুনে ঝলসে মুরগির কাবাব করবেন। সরু বাঁশে সার সার মুরগি গেঁথে আগুনের ওপরে বাঁশটা দরকার মতো ঘুরিয়ে ঘুরিয়ে দারুণ কাবাব হলো। আমার ভয় হচ্ছিল, বাঁশে না আগুন ধরে যায়। কিচ্ছু না! সিধুভাইকে দেখলাম মহা এক্সপার্ট। রান্নাবান্নাতে আমার কোনো ভূমিকা ছিল না। রোজবু-সিধু ভাইরাই সব করলেন। মহা আনন্দে খাওয়া-দাওয়া হলো। সিধুভাইয়ের মূল পরিকল্পনাটা নির্বাহ হলো এরপর।...
সিধুভাই উদ্দেশ্যটা বুঝিয়ে বললেন, ‘আমাদের সকলের এক হয়ে কাজ করে চলা দরকার।’ সুফিয়া খালাম্মা (সুফিয়া কামাল) সভাপতি, সায়েরা মহিউদ্দীন সহসভাপতি, আরও কে কী হলেন মনে নেই সব। সিধুভাইয়ের ইচ্ছা, আমি সাধারণ সম্পাদক হই। হেসে বললাম, ‘আমি সরকারি কলেজে চাকরি করি না?’ বুঝলেন। ফরিদা হাসান ছিলেন আমাদের সঙ্গে। তাঁকেই সাধারণ সম্পাদক করা হলো। সিধুভাই কী হলেন সহসভাপতি না কোষাধ্যক্ষ, মনে নেই। তবে প্রথম থেকেই সংগঠনের নিয়মে পদে থাকলেই কাজ করতে হবে, এমন মনোভাব আসেনি কারও। দলে নাম রইল অনেকের-রোজবু (শামসুন্নাহার রহমান), আহমেদুর রহমান, ওয়াহিদুল হক, সাঈদুল হাসান (ফরিদা হাসানের স্বামী), ছানা (মীজানুর রহমান), মানিক (সাইফুদ্দীন আহমেদ), নূরুল ইসলাম, দেবদাস চক্রবর্তী ইত্যাদি আরও...। আমার তো সদস্য হবারও উপায় ছিল না সেই সময়ে।
পরের সভাতেই ফরিদা হাসান বললেন, ‘নাম হোক ছায়ানট’। ওয়াহিদুল অবশ্য বলেন, নাম দিয়েছিলেন সাঈদুল হাসান। হতেও পারে। ফরিদা বলেছিলেন, ‘রাগের নাম তো, খুব উপযুক্ত হবে।’ হয়তো স্বামী-স্ত্রী একমত হয়েই নাম ঠিক করেছিলেন।
ফরিদার ওপর মহলে দহরম-মহরম ছিল। প্রথমেই আবদুল আহাদকে ধরে পুরোনো বাংলা গানের আসর করবেন ঠিক করলেন। আহাদ ভাই তাঁর শিষ্য-শিষ্যাদের নানা গান শিখিয়ে তৈরি করলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জমজমাট অনুষ্ঠান হলো। ফেরদৌসী রহমান, আফসারি খানম ইত্যাদি নামি শিল্পীরা গাইলেন অনুষ্ঠানে। আমাকে এখানে ডাকেননি না ফরিদা হাসান, না আবদুল আহাদ। ফাহমিদাকেও নয়। মহড়া সম্ভবত রেডিও আপিসেই হয়েছিল, তারও খবর কেউই জানতে পারিনি। অনুষ্ঠান দেখে এলাম, অত্যন্ত পরিপাটি সমস্ত আয়োজন। ফরিদা সাহায্য নিতেন ছানা-মানিকদের। জানি না ওদের সঙ্গে কী হলো তার, একটা অনুষ্ঠান করেই একদম চুপ হয়ে গেলেন তিনি!
তত দিনে সিধুভাইদের বৈঠকখানাতে আমাদের শ্রোতার আসর চালু হয়েছে। ঘরোয়া সমাবেশ। সিধুভাই খবর দিয়েছিলেন, ফিরোজা বেগম এসেছেন ঢাকায়-তাঁকে নিয়ে আসর করা যায়। আর কথা কী! সিধুভাইয়ের মেয়েরা এল প্যাটার্নের ঘরটার কোণে মঞ্চ সাজাল। রোজবু তো আছেনই সেই সঙ্গে। ঠিক হলো, মঞ্চে শুধু মোম জ্বলবে—ঘরের সব বিজলি বাতি নিভানো থাকবে। ফিরোজা বেগমের গান বলে আব্বুকেও নিয়ে গেলাম। অনেক গান গেয়েছিলেন তিনি সেদিন, মন খুলে। কানে লেগে রইল ‘গুরু, আমার উপায় বলো না’ আর রজনীকান্তের ‘ওরা চাহিতে জানে না দয়াময়’। সেলিনা মালেক রজনীকান্তের গানখানি বাসায় গিয়ে শিখে নিয়েছিল। ফাহ্মিদা শিখেছিল ‘আমার যেমন বেণী তেমনি রবে চুল ভিজাব না।’ বলেছিলেন, ওর কাছে নজরুলের গানের অনেক স্বরলিপি রয়েছে, ছাপানোর ব্যবস্থা নেই। আমি সৈয়দ আলী আহসান সাহেবের কাছে ওকে নিয়ে গিয়ে বাংলা একাডেমি থেকে নজরুলের স্বরলিপির বই ছাপানোর ব্যবস্থা করে দিলাম।...
যাই হোক, আমাদের দ্বিতীয় শ্রোতার আসরের একক শিল্পী ছিল ফাহমিদা। খুব নাম হচ্ছে তখন ওর। ফাহমিদাও অনেক রবীন্দ্রসংগীত গেয়েছিল। ভক্ততালিকায় নাম লিখিয়ে ফেলল অনেকেই।
এরপর শ্রোতার আসরের নাম ছড়িয়ে গেল খুব। প্রচুর গাড়ি জমে যেত সিধুভাইয়ের গেটের বাইরে। শুদ্ধসঙ্গীতের আসরেও মেলা লোক! খাদেম হোসেন খান, মীর কাসেম খান, আবিদ হোসেন খান, ইয়াসীন খান, ক্রমে বারীণ মজুমদার-ইলা মজুমদার। আফসারী আপা ততদিনে সিএসপি শামসুর রহমান (জনসন)-এর ঘরনি হয়ে পাকিস্তানের নানাদিকে থাকছেন। বিলকিস নাসিরুদ্দিনও বিয়ে হয়ে এদিকে-ওদিকে-ঢাকাতে ছিলেন না। কলিম শরাফী তো চট্টগ্রামেই ছিলেন প্রথমাবধি, পরে ঢাকায় এলেও আমরা তাঁর নাগাল পেতাম না। কাজী শাহজাহান হাফিজ তো মেডিকেল কলেজে পড়বার সময়েই সামরিক বাহিনীতে চলে গিয়েছিলেন। আসরে একবার মালেকা আজিম খান গাইল। তারপর আমরা ভয় পেলাম, দেশে শিল্পী কোথায়!
ওয়াহিদুলের মগজে এক বুদ্ধি এল। আমাকে বললেন, ‘আমরা একটা গানের স্কুল করব।’ ছায়ানটের তখন তহবিল বলে কিছু নেই। অনুষ্ঠানের খরচ-খরচা বেশিরভাগই সিধু ভাইয়ের কাঁধে। সিধুভাইয়ের বাড়িতে এক মিটিংয়ে ওয়াহিদুল স্কুল করবার ঘোষণা দিয়ে বসলেন। সিধুভাই তো মুখ ঘুরিয়ে নিলেন। সবাই স্তব্ধ, যেন বোমা পড়েছে ঘরের মধ্যে! ওয়াহিদুল হাসতে হাসতে বললেন, ‘কমিটি মেম্বাররা মাসে মাসে চাঁদা দেব! আমি আর মিনু মিলে দেব সত্তর টাকা। আপারা কে কত দেবেন?’ তখন মুখ খুলে কেউ বললেন পনেরো, কেউ দশ, কেউ পঁচিশ-এইরকম। রেডিওতে এক গুণী বেহালাবাদক শিল্পীদের গানের সঙ্গে সঙ্গত করতেন। কনট্রাক্ট সার্ভিস, মাস মাইনে আড়াইশো। মতি মিয়া। ইনি নাকি শিলচরে থাকতে শিশিরকণা ধর চৌধুরীকে বেহালার হাতেখড়ি দিয়েছিলেন। তাকে মাসে সাড়ে তিনশো টাকা বেতন কবুল করে অধ্যক্ষ করে নিয়ে আসলেন ওয়াহিদুল। রেডিওর তবলাবাদক বজলুল করিম এলেন তবলার শিক্ষক হিসেবে। আর মতি মিয়া একাই একশো! তিনি রাগরাগিনী শেখাবেন গেয়ে গেয়ে। আর শুধু বেহালা কেন-বাঁশি, সেতার, সরোদ সব।
রিকশা নিয়ে আমি আর ওয়াহিদুল চললাম শাজাহানপুর রেলগেট ছাড়িয়ে সরকারি কোয়ারটারসে সোহরাব ভাইদের (সোহরাব হোসেন) বাসায়। আমাকে উনি এতই স্নেহ করতেন যে অত্যন্ত খুশি হলেন। আবেদন জানালাম, ‘সোহরাব ভাই, একটা গানের স্কুল খুলব আমরা। আপনাকে সেখানে নজরুলগীতি শেখাতে হবে।’ মিনু বলেছে, খুব রাজি!
বাংলা তেরশো সত্তর সালের (১৯৬৩ খ্রি.) পয়লা বৈশাখে বিদ্যালয়ের উদ্বোধন হবে ঠিক হলো। আশ্চর্য এই, এবারে সিধুভাই মেতে উঠলেন ব্যবস্থাপনায়! কী খাওয়া হবে ঠিক হলো। সিধুভাই বললেন, তারপরে ডাবের পানি। অতগুলো ডাব কাটা নিয়ে দুশ্চিন্তা করতে দেখে উড়িয়ে দিলেন, ‘সব ঠিক হয়ে যাবে।’ বাড়ির কাজের লোকদের নিয়ে আসতেন এ-সব সময়ে। তারা দ্রুত ডাব কেটে একটা করে স্ট্র লাগিয়ে হাতে হাতে ধরিয়ে দিতে লাগল। আমি এর আগে এভাবে ডাব খাওয়া দেখিনি। দিব্বি ব্যবস্থা তো!
শিল্পাচার্য জয়নুল আবেদিন ফিতে কেটে উদ্ঘাটন করলেন সঙ্গীত বিদ্যায়তনের দ্বার। প্রধান অতিথি ওস্তাদ আয়েত আলী খাঁ সরোদে আলাপ করে শুভারম্ভ করলেন। এ অনুষ্ঠান হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ প্রিপারেটরি স্কুলে। স্কুলের অধ্যক্ষ ছিলেন নাজমা আতহার। ইনি আমাদের রোকেয়া কবীর আপার বান্ধবী। এদের দুজনকেই ছায়ানটের কার্যকরী সংসদে নিয়ে নেওয়া হয়েছিল। বিষ্যুৎবার বিকেল আর শুক্রবার সকালে ক্লাস শুরু করা হলো বাংলা একাডেমির তিনতলাতে। আমার সঙ্গে রবীন্দ্র সংগীত শেখাবার জন্যে যোগ দিল ফরিদা বারি মল্লিক, আমার বান্ধবী বীথি। বিশেষ করে অনুষ্ঠানের মহড়ার সময়ে আমাকে সাহায্য করতো ও।
এমন সময়ে খাড়ার ঘা পড়লো। আমাকে পদোন্নতি দিয়ে বদলি করা হলো রাজশাহী কলেজে। এবার? সিধুভাই মাথা নাড়লেন, ‘দেখি!’ এক শুক্রবার ব্যবস্থা হলো, ডিপিআই ডক্টর মুহম্মদ শামসুল হক আমন্ত্রিত হয়ে এলেন ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের ক্লাস দেখতে। প্রথমবর্ষ রবীন্দ্রসঙ্গীত ক্লাসের শিক্ষার্থীরা গাইল ‘মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে/ আমি মানব একাকী ভ্রমি বিষ্ময়ে/ ভ্রমি বিষ্ময়ে’। মাত্র সপ্তাহ দুয়েকেই চমৎকার গাইছে তেওড়া তালের ভারিক্কি গানখানি। সেই ক্লাসেই গান শিখতে শুরু করেছিল ক্লাস সিক্সের মেয়ে ইফ্ফাত আরা দেওয়ান।
শিশুরা সোহরাব ভাইয়ের কাছে শিখেছে ‘কানন গিরি সিন্ধুপার ফিরিনু পথিক দেশ-বিদেশ’। চমৎকার গেয়ে শোনাল। শিক্ষার্থীদের ক্লাস শুরু করবার আগেকার প্রার্থনা-সঙ্গীত হলো, ‘মেরি আরযদস্ত’। গানের পর ঘরোয়া জলখাবারের আয়োজন। সব মিলিয়ে মুগ্ধ হলেন মুহাম্মদ শামসুল হক সাহেব।
ওই সময়ে বাংলা একাডেমির বাংলা অভিধানের জন্য সহ-সম্পাদক পদের বিজ্ঞাপন প্রকাশ হলো। সরকারের অনুমতি নিয়ে আবেদন করলাম। বন্ধুস্থানীয় হাসান হাফিজুর রহমানও এ পদের জন্যে প্রার্থী ছিলেন। আমি আবেদন করেছি জেনে তিনি ইন্টারভিউতেই এলেন না। লজ্জাই পেলাম শুনে। বাংলা একাডেমির প্রধান সৈয়দ আলী আহসানের প্রিয় ছাত্রী ছিলাম আমি। চাকরি হলে ওই পদে যোগ দিলাম সরকারি চাকরি থেকে লিয়েন নিয়ে। সঙ্গীতবিদ্যায়তনের জন্য ঢাকায় থাকাটা জরুরি ছিল। মতি মিয়া অধ্যক্ষ হলেও সবদিকে চোখ রাখতে হতো আমাদেরকেই। জেদ করে শুরু করা স্কুল তো!
দিনে দিনে কঠিন হলো দিন। এদেশের কিছু পাকিস্তানি মুসলমান, যারা নিজেদের বাঙালি পরিচয় মুখে ফেলতে উৎসুক, তারা পশ্চিম পাকিস্তানের কর্তৃপক্ষকে ছায়ানট আর তার অনুষ্ঠান নিয়ে মিথ্যা খবর দিয়ে তাদের কান ভারি করে তুলত। শেখ লুতফর রহমান একবার পশ্চিম পাকিস্তানে গান গাইতে গিয়ে সে-সব শুনে এসে আমাকে বললেন, ‘এ কী ভাই! আমাকে ওরা বলল, আপনি নাকি রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানের আগে গলায় আঁচল জড়িয়ে মঞ্চ প্রদক্ষিণ করে এসে রবীন্দ্রনাথের ছবিতে প্রণাম করবার পরে অনুষ্ঠান শুরু করা হয়! দেখিনি তো কখনো?’
আর একবার সেলিনা মালেক বলল, ‘আপা! রোকেয়া হলের এনএসএফ-এর মেয়েরা বলছে কি, ছায়ানটের ছেলেমেয়েরা নাকি পয়লা বৈশাখের সকালে বর্ষবরণের অনুষ্ঠান শেষ করে সকলে একসাথে লেকের পানিতে নেমে সূর্যবন্দনা কর, জলকেলি করে।’ সেলিনা ওদের বলেছে, ‘এবারে আমার সঙ্গে চলো বটমূলে, আমরা কী করি দেখবে।’ ওরা বলে, ‘জানি জানি, আমরা সব জানি। আর দেখতে হবে না!’
পাকিস্তান আমলের শেষদিকে মোনায়েম খান তাঁর পোষ্যপুত্রদের নিয়ে ‘ন্যাশনাল স্টুডেন্টস ফ্রন্ট’ বা এনএসএফ করেছিলেন। এরা হলে থাকতে গুণ্ডামি করে অন্য ছেলেদের কন্ট্রোলে রাখবার চেষ্টা করত। পরে মেয়েরাও যোগ দিয়েছিল এনএসএফ-এ।
রোকেয়া কবীর আপা একদিন গল্প করলেন, এখানকার সাংবাদিকদের কোনো ক্যারেক্টার নেই। পশ্চিম পাকিস্তান থেকে আলতাফ গওহর এসেছিলেন, সাংবাদিকদের সঙ্গে তাঁর একটা বৈঠক হয়েছিল। সেখানে কারা যেন ছায়ানটে সূর্যবন্দনা প্রসঙ্গ নিয়ে অনেক কথা বলেছে। একজন সাংবাদিকও তার কোনো প্রতিবাদ করল না। পাকিস্তানি সরকারি কর্মকর্তাটি নাকি খুব হাসাহাসি করেছেন, বাঙালি মেয়েরা ছেলেদের সঙ্গে জলকেলি করবার মতো স্মার্ট হলো আবার কবে!
একের পর এক ধাক্কা আসতে লাগল ছায়ানটের ওপর। আইয়ুব খানের স্বঘোষিত চাকর মোনেম খাঁ নানা বাধার সৃষ্টি করতে লাগলেন। প্রথমে, আলী আহসান সাহেবকে জিজ্ঞেস করা হলো ছায়ানট কেন বাংলা একাডেমিতে ক্লাস করছে। তার মধ্যে আবার এক একুশে ফেব্রুয়ারিতে আমাকে বাংলা একাডেমির অনুষ্ঠানে গান গাইতে বলা হলে, আমি মহা আনন্দে গীতবিতান খুলে ‘আমার সোনার বাংলা’ গানখানি আগাগোড়া গাইলাম। স্যার দুচারদিন পরে আমাকে তাঁর কক্ষে ডেকে পাঠালেন। বললেন, ‘তুমি সেদিন ওই গানখানি গাইলে কেন, আমাকে সে প্রশ্ন করা হয়েছে’। আমার জবাব, ‘স্যার, সোনার বাংলা তো আমাদেরই। আমরা সেটা Disown করব কেন?’ স্যার আমাকে, পাকিস্তানি মুসলিম হিসেবে এ গান আমাদের গাওয়া ঠিক নয়, বোঝাতে চেষ্টা করলেন। আমি বললাম, ‘আমি মুসলমান, সেটা আমার ব্যক্তিগত পরিচয়। জাতি হিসেবে তো আমি বাঙালি!’ স্যার সতর্ক করে দিলেন, ‘ওসব গান গেয়ো না।’
বাংলা একাডেমি একদিন ওখান থেকে ছায়ানটের স্কুল সরিয়ে নিতে বলে দিল। যাব কোথায়? সভাতে রোকেয়া আপা নাজমা আতহারকে বললেন, ‘তোমার ইংলিশ প্রিপ্যারেটরিতেই ক্লাস হোক তবে!’ অন্তত বছর দু’তিন শান্তিতে কাটল।
লেখকের ‘সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে’ বই থেকে নেওয়া