কঠিন প্রশ্নে কোনো বাড়তি নম্বর থাকে না
৩৬তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি–২: বাংলা, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা আর নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
পিএসসির নির্ধারিত তারিখ অনুসারে আগামী ৮ জানুয়ারি হচ্ছে বিসিএস ৩৬তম প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষার নানা দিক নিয়ে চাকরিবাকরিতে নিয়মিত পরামর্শ দিচ্ছেন ৩০তম বিসিএস পরীক্ষায় সম্মিলিতভাবে মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী সুশান্ত পাল।
আজকে কথা বলব বাংলা, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা আর নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন নিয়ে।
বিসিএস প্রিলির বাংলার প্রশ্নগুলো দেখলে মনে হবে, পরীক্ষায় যা যা এসেছে, সেগুলো ছাড়া বাংলার আর সবকিছুই আপনি পারেন। বাংলায় ‘চেনা চেনা লাগে, তবু অচেনা’ টাইপের প্রশ্ন বেশি আসে।
৯ম-১০ম, ১১শ-১২শ শ্রেণির বাংলা ১ম পত্র বইয়ের লেখক পরিচিতি অংশটি দেখে নিন। লাল-নীল দীপাবলি, জিজ্ঞাসা, মাহবুবুল আলমের বাংলা সাহিত্যের ইতিহাস, আগের বিসিএস লিখিত পরীক্ষার বাংলা সাহিত্যের প্রশ্নাবলি ভালোভাবে পড়ে নিন। এ বইগুলো পড়ার আগে গাইড বই আর জব সল্যুশন থেকে পুরোনো প্রশ্নগুলো যত বেশি সম্ভব, দাগিয়ে দাগিয়ে পড়ে ফেলুন। এতে আপনি বুঝতে পারবেন, কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় বেশি আসে। মুখস্থ নয়, বারবার পড়ুন, এতে মনে থাকবে বেশি। সাহিত্যের সব প্রশ্নের উত্তর দিতে পারবেন না, এটা মাথায় রেখে প্রস্তুতি নিন।
বাংলা ভাষার ব্যাকরণ, হায়াৎ মামুদের ‘ভাষা শিক্ষা’ থেকে সিলেবাসের টপিক ধরে ধরে অধ্যায়গুলো পড়ে নিন। ব্যাকরণের একেবারে কঠিন কাটখোট্টা প্রশ্নগুলো কষ্ট করে মনে রাখার দরকার নেই। সবকিছু পারার পরীক্ষা বিসিএস নয়। কঠিন প্রশ্নে কোনো বাড়তি নম্বর থাকে না, তাই একটা কঠিন প্রশ্ন শেখার জন্য অনেক বেশি সময় না দিয়ে ওই একই সময়ে ১০টা সহজ প্রশ্ন শিখুন।
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অংশের জন্য ৯ম-১০ম শ্রেণির সামাজিক বিজ্ঞান বইটার সংশ্লিষ্ট অধ্যায়গুলো খুব ভালোভাবে পড়ে ফেলুন, সঙ্গে বাজারের তিন-চারটা গাইড বই।
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন অংশটির জন্য সবচেয়ে বেশি দরকার কমনসেন্স। তিন-চারটা গাইড বইয়ের পাশাপাশি মুহাম্মদ হাবিবুর রহমানের নাগরিকদের জানা ভালো বইটিও দেখতে পারেন। এ অংশের সব প্রশ্নের উত্তর দেওয়া মানেই কিছু নেগেটিভ মার্কসকে দাওয়াত দিয়ে নিয়ে আসা।
কিছু সাধারণ টিপস দিয়ে আজকের লেখাটি শেষ করছি।
১. আগামী ৪০ দিনকে ছয়টা বিষয় পড়ার জন্য কীভাবে সাজানো যায়, চার ঘণ্টা সময় নিয়ে সে পরিকল্পনা করে ফেলুন। প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করুন। আগের দিনের কাজ বাকি থাকলে সেদিনের কাজ না কমিয়ে ঘুমানোর সময় কমিয়ে কাজ করার সময়টা বাড়িয়ে দিন।
২. পড়তে বসার আগে কাগজে লিখে ফেলুন, সেদিন কী কী পড়বেন, কতটুকু পড়বেন। অলওয়েজ থিংক অন পেপার!
৩. বাসার বাইরে সময় না দিয়ে গড়ে ১৫ ঘণ্টা বাসায় পড়াশোনা করুন। গাইড বই কিনে প্রতিদিন দুই-তিনটা মডেল টেস্ট দিয়ে নিজেই নিজেকে যাচাই করুন।
৪. এই সময়টাতে যাঁরা বেশি পারেন, তাঁদের সঙ্গে কম মিশবেন। যাঁরা কোনো একটা বিষয়ে অনেক বেশি ভালো, তাঁদের সঙ্গে কখনোই কমপিটিশনে যাবেন না। প্রতিদিনই শুধু নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।
৫. ভালো প্রস্তুতি নেওয়ার চেয়ে ভালো পরীক্ষা দেওয়াটা বেশি দরকার। ভালো প্রস্তুতি নিলেই যেমন সবাই প্রিলি পাস করতে পারেন না, ঠিক তেমনি খারাপ প্রস্তুতি নিলেই সবাই প্রিলি ফেল করতে পারেন না। সব সময়ই রেজাল্ট হয় রেজাল্টের পর।
৬. ‘প্রথমবারের বিসিএস’ বলে কোনো কিছু মাথায় রেখে প্রস্তুতি নেবেন না। নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করুন।
৭. অভিজ্ঞতা থেকে নিশ্চিতভাবে বলতে পারি, বিসিএস পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর আপনি অনেক অতি পণ্ডিতকে ফেল করতে দেখবেন। কে কী পারে, সেটা নিয়ে না ভেবে আপনি কী পারেন, সেটা নিয়ে ভাবুন।
৮. পড়তে পড়তে ক্লান্তি এলে সহজ কোনো পড়া, যেটা আপনি সবচেয়ে ভালো পারেন, সেটি খুব দ্রুত পড়ুন; ক্লান্তি চলে যাবে।
৯. চ্যাটিং, ডেটিং, ফেসবুকিং—এসবের সময় বাঁচিয়ে প্রার্থনা করুন! আগে চাকরি, পরে ওসব।
১০. পড়তে ইচ্ছে করছে না আর? চোখ দুটো বন্ধ করে রাখুন পাঁচ মিনিটের জন্য। কল্পনায় আনুন, চাকরিটা পেয়ে গেলে আপনি আপনার কাছের মানুষগুলোকে নিয়ে কীভাবে বদলে যাবেন! বাজি ধরে বলতে পারি, পড়ায় গতি এসে যাবে আবারও!
আজ আর নয়। আবারও কথা হবে।