গতকাল২ এপ্রিল ছিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। বাংলাদেশে এই বিশেষ শিশুদের নিয়ে অনেক কর্মকাণ্ডই হচ্ছে। বাড়ছে সচেতনতা। তবে এখনো যে মা এই বিশেষ শিশুদের নিয়ে পথ পাড়ি দিচ্ছেন, সে পথটি বড়ই কঠিন তাহসিনা নাজনীনের একমাত্র সন্তান জলাদ্রি। সেই সন্তানকে ঘিরে কত স্বপ্ন তাঁর। কিন্তু জলাদ্রির দেড় বছর বয়সে তিনি বুঝতে পারলেন, তাঁর শিশুটি ঠিক আর দশটি স্বাভাবিক শিশুর মতো নয়। বিভিন্ন চিকিত্সকের শরণাপন্ন হয়ে নিশ্চিত হলেন, জলাদ্রি অটিজমে আক্রান্ত। এ খবর শোনার পর কাছের মানুষেরা দূরে সরে যেতে থাকে। সন্তান অটিজমে আক্রান্ত বলে শ্বশুর-শাশুড়ি এমনকি স্বামীকেও পাশে পাননি। সন্তানের অটিজমকে কেন্দ্র করে ইতি ঘটে জলাদ্রির বাবার সঙ্গে নয় বছরের সংসারজীবনের। একটি বেসরকারি সংস্থায় কর্মরত তাহসিনাকে নিজের চাকরি, সংসার সামলিয়ে সন্তানকে নিয়ে একাই যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছে। ২.সাড়ে চার বছর বয়সী ফারজিয়ানকে নিয়েও প্রথম দিকে সহজ ছিল না ফৌজিয়া আহমেদের পথচলা। এসএসসি পর্যন্ত পড়ালেখা জানা ফৌজিয়া অটিজম সম্পর্কে তেমন কিছুই জানতেন না। পরিবার থেকে খুব বেশি অসহযোগিতা না পেলেও ফারজিয়ানের প্রতি আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাঁকা চাহনি দেখে খুব কষ্ট পান তিনি। প্রায়ই তাঁকে শুনতে হতো ‘আপনার তো অসুস্থ একটা বাচ্চা আছে, তাই না?’ এমনকি ফারজিয়ান অটিজমে আক্রান্ত বলে প্রতিবেশীরা তাঁদের শিশুদের ফারজিয়ানের সঙ্গে খেলতে বা মিশতে দিতেন না।৩.প্রথম সন্তান রাকিনের বয়স যখন দুই বছর চার মাস, সে সময়ই সুলতানা সেলিনা জন্ম দেন দ্বিতীয় সন্তানের। রাকিন অটিজমে আক্রান্ত—এ বিষয়টি জানতে পারেন আরও পরে। সন্তানের কথা চিন্তা করে ছেড়ে দেন চাকরি। পরিবারের মানুষজনের কাছে তেমন সহযোগিতা পাননি তিনি। একজন অটিস্টিক শিশুর মা হিসেবে তাঁকে যে কিছু বিশেষ দায়িত্ব পালন করতে হয়, তা বোঝাতে পারেননি পরিবারের সদস্যদের। পারিবারিক কোনো অনুষ্ঠানে আত্মীয়স্বজনের মুখ থেকে তাঁর শিশু ‘পাগল’—এ কথাও শুনতে হয়েছে। প্রতিবেশীরা যখন তাঁর দ্বিতীয় সন্তানকে আদর করে কোলে নেন, তখন রাকিনের অসহায় দৃষ্টি সুলতানার মনের জোরকে আবার দুর্বল করে দেয়। প্রতিনিয়তই অটিস্টিক শিশুদের মায়েরা পারিবারিক, সামাজিকসহ নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হন। শহরের শিক্ষিত সমাজের মানুষেরা যেখানে একজন অটিস্টিক শিশুকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেন না, সেখানে পিছিয়ে পড়া গ্রামীণ সমাজে এ চিত্র আরও ভয়াবহ। কারণ, গ্রামীণ সমাজের মানুষ অটিজম শব্দটির সঙ্গেই পরিচিত নন। ফলে অজ্ঞতার কারণে দায়ভার পড়ে মায়ের ওপরই। স্কুল ফর গিফটেড চিলড্রেনের পরিচালক মারুফা হুসাইন বলেন, সমাজে অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে অটিস্টিক শিশুদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি বদলে যাবে। এটি অটিস্টিক শিশুদের মায়েদের পথচলা সহজ করে তুলবে। অটিস্টিক শিশুদের সার্বিক কল্যাণের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি। তাদের জন্য সহজলভ্য চিকিত্সা ও শিক্ষাসেবা নিশ্চিত করা গেলে তারা সমাজ ও পরিবারের বোঝা হয়ে থাকবে না। অটিস্টিক শিশুদের মায়েরাও সব প্রতিবন্ধকতা ছাপিয়ে শিশুর জন্য একটি সুন্দর জীবনের স্বপ্ন দেখার সুযোগ পাবেন।