আটবার সংসদ সদস্য হয়েছেন তিনি। স্পিকার হিসেবে কোমলে-কঠোরে পরিচালনা করছেন জাতীয় সংসদ। রাজনীতি তাঁর ধমনীতে প্রবহমান। ষাটের দশকে শুরু, সেই থেকে এখন পর্যন্ত রাজনীতি নিয়েই ভাবনা-চিন্তা তাঁর। নিজের সম্পর্কে মো. আবদুল হামিদ বলেন, ‘আমি নির্ভীক। আমার মধ্যে কোনো ভয় নেই।’ তাঁকে নিয়েই আজকের আয়োজন। সন্ধ্যা পেরিয়েছে খানিক আগে। জাতীয় সংসদ চত্বরের সাঁঝবাতিগুলো জ্বলে উঠেছে। হাঁটতে হাঁটতে লুই আই কানের বিস্ময়কর স্থাপত্যের পেটের ভেতরে ঢুকতে থাকি আমরা। একটা নিরাপত্তাবেষ্টনী পার হই। দুটো সিঁড়ি টপকানোর পর আমাদের নজরে আসে ‘স্পিকারের বিশেষ লিফট’ লেখা বোর্ড। এসব কিছু পেরিয়ে স্পিকারের একান্ত সচিবের কক্ষে যাই। কিছুক্ষণের মধ্যেই ডাক আসে স্পিকারের কাছ থেকে। স্পিকারের অফিসঘরটা মোটামুটি বিশাল। পুরো ঘরে সবার আগে যে জিনিসটা চোখে পড়ে, তা হলো বই। বাঁ দিকের দেয়ালটাজুড়ে বই আর বই। আর দেয়ালে গুনে গুনে ঠিক চারটা ঘড়ি। মোটমাট চার দেশের সময় দেখা যাচ্ছে ঘড়িতে। চেয়ারে হেলান দিয়ে বড়ই সাদামাটা পোশাকে বসে আছেন যে মানুষটা, তিনি মো. আবদুল হামিদ, ‘মাননীয় স্পিকার’। স্পিকারের চেয়ারের পেছনে ঝোলানো তালিকা বলছে, এই নিয়ে দ্বিতীয় দফায় স্পিকারের দায়িত্ব পালন করছেন তিনি। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো ওই চেয়ারে বসার রাজতিলকটি শুধুই হামিদের।আলাপ শুরু হয়। জাতীয় সংসদের গড়ে ওঠা থেকে আলাপ শুরুর ইচ্ছা ছিল। কিন্তু স্পিকার আবদুল হামিদ আমাদের নিয়ে গেলেন আরও পেছনে—কিশোরগঞ্জের মিঠামইন এলাকায়। সময় ষাটের দশকের শুরু। তাঁর ভাষায় ‘আইয়ুব খানের ফটো ভাঙাভাঙি’ করে নিজের এলাকায় দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। এরই মধ্যে ঘটল তাঁর রাজনৈতিক জীবনের আরেক গুরুত্বপূর্ণ ঘটনা। ১৯৬৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গেলেন কিশোরগঞ্জ সফরে। তরুণ আবদুল হামিদ তাঁর দলবল সঙ্গী করে চলে গেলেন বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে। গিয়ে পড়লেন বাধার মুখে। ছাত্রদের দেখা করতে দেওয়া হবে না তাঁর সঙ্গে। হামিদ হার মানার পাত্র নন। বহু অপেক্ষার পর শেষ পর্যন্ত মিলল সে সুযোগ। যাওয়ার বেলায় বঙ্গবন্ধু নিজেই এগিয়ে এলেন বাইরে অপেক্ষমাণ ছাত্রদের কাছে। বঙ্গবন্ধুর সঙ্গে ক্ষণিকের সেই দেখাই আবদুল হামিদের জীবনের মোড় অনেকটা ঘুরিয়ে দিল।ক্লাসের পড়ালেখা সব লাটে উঠল। তার বদলে মাথায় জায়গা করে নিল শিক্ষানীতি বিষয়ে আন্দোলন, আইয়ুব শাহির পতন ইত্যাদি গুরুতর বিষয়-আশয়। দিন-রাত তখন কাজ একটাই। যখন-তখন জ্বালাময়ী বক্তৃতা দিতে পারেন। মানুষের অভাব-অভিযোগ বোঝেন। প্রয়োজনে পাশে দাঁড়ান নিপীড়িত মানুষের। এসবের সুবাদে এলাকায় ক্রমেই জনপ্রিয়তা বাড়ছিল। আর কমছিল পরীক্ষার খাতার নম্বর।লেখাপড়া করে সুবোধ ভদ্রলোক হওয়ার বদলে তিনি হাঁটতে চাইলেন কঠিন পথে। ভালোবাসিলেন ‘কঠিনেরে’।ইংরেজি বেশ ভালোভাবে পাস করে গেলেও অঙ্কে পাস নম্বর অধরাই থেকে গেল। কোনোরকমে ম্যাট্রিক পরীক্ষার বৈতরণী পার হলেন, তৃতীয় বিভাগ নিয়ে। এইচএসসিও পার হয়ে গেলেন কীভাবে কীভাবে। বিএ পরীক্ষায় পেলেন রেফার্ড। কিন্তু বিএ পাস না করলে মান-ইজ্জত থাকে না। ইজ্জত রক্ষার জন্য জনসভায় একদিন ঘোষণা দিয়ে ফেললেন, যত দিন আইয়ুব সরকারের পতন হবে না, তত দিন তিনি পরীক্ষা দেবেন না, বিএ পাস করবেন না। এর মধ্যে আইয়ুব খানের বিরোধিতা করার দায়ে জেলে যাওয়ার অভিজ্ঞতাও হয়ে গেছে তাঁর। রাজনীতিতেই ঢেলেছিলেন মন-প্রাণ। কীভাবে ঢেলেছিলেন তার একটা প্রমাণ দেওয়া যেতে পারে। পরে অবশ্য বিএ পাস করেন আইয়ুবের পতনের পরই।মনে ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বেন। ভর্তিও হয়ে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। ভর্তির কাজকর্ম শেষে গেলেন বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে। বঙ্গবন্ধু সব শুনলেন। তারপর জানিয়ে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পড়তে হবে সেন্ট্রাল ল কলেজে। আর রাজনীতি করতে হবে কিশোরগঞ্জে। সেন্ট্রাল ল কলেজে যেহেতু নিয়মিত ক্লাস না করলেও পরীক্ষা দেওয়া যায়, সে কারণেই এ বিকল্প চিন্তা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার বিপুল আগ্রহ তাঁর। তাই নেতাকে একটু মিথ্যার আশ্রয় নিয়েই বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সব টাকা শেষ। কীভাবে আবার সেন্ট্রাল ল কলেজে ভর্তি হবেন।বঙ্গবন্ধু ডাকলেন পাশের রুমে থাকা তোফায়েল আহমেদকে। পাঞ্জাবির পকেট থেকে তিনটি ১০০ টাকার নোট বের করে তোফায়েলের হাতে দিয়ে বললেন, ‘ওকে সেন্ট্রাল ল কলেজে ভর্তি করিয়ে, বইপুস্তক কিনে কিশোরগঞ্জে যাওয়ার ব্যবস্থা করে দে।’ নেতার ইচ্ছাই নিজের ইচ্ছা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার চিন্তা জলাঞ্জলি দিয়ে আবদুল হামিদ সেন্ট্রাল ল কলেজের ছাত্র হলেন।এল ১৯৭০ সাল। আবারও নেতার নির্দেশ। প্রতিদ্বন্দ্বিতা করতে হবে জাতীয় পরিষদ নির্বাচনে। ময়মনসিংহ-১৮ আসন থেকে পদপ্রার্থী হলেন মো. আবদুল হামিদ। চোঙা হাতে ব্যাপক প্রচার-প্রচারণা হলো। নির্বাচনের ফল হলো অভাবনীয়। পাকিস্তান জাতীয় পরিষদে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে ২৫ বছর বয়সে নির্বাচিত হলেন তিনি। সেই নির্বাচনের স্মৃতি এখনো ঝলমল করছে স্মৃতির খাতায়।‘আমি পেয়েছিলাম এক লাখ ১৩ হাজার ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট পেয়েছিলেন মাত্র ১০ হাজার।’নির্বাচনে জয়ের অভিজ্ঞতা তাঁর সেটাই শেষ নয়। স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন দ্বিতীয়বার। মোট আটবারের নির্বাচিত সাংসদ তিনি। যতবার ভোটে দাঁড়িয়েছেন, ততবারই মানুষ তাঁকে উজাড় করে ভোট দিয়েছে। এর মধ্যে অষ্টম সংসদে বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব পালন করেন। সপ্তম সংসদের শুরুতে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করলেও শেষে স্পিকারের দায়িত্ব পালন করেন।বিয়ের পিঁড়িতে বসেছিলেন মোটে ২০ বছর বয়সে। এই বয়সে বিয়ে। বাবা মরহুম হাজি মো. তায়েব উদ্দিন কঠিন শর্ত জারি করলেন। বিএ পাস করার আগে কিছুতেই বিয়ে নয়। কিন্তু নানা পাকচক্রে সেই বিধিনিষেধ ধোপে টিকল না। ফলে ১৯৬৭ সালে কিশোরগঞ্জ শহরে ৬০ টাকা ভাড়ার বাসায় সংসারযাপন শুরু করলেন আবদুল হামিদ এবং রাশিদা হামিদ দম্পতি। তিন ছেলে ও এক মেয়ে, সবার বিয়ে দিয়েছেন। এখন ছেলেপিলে, নাতি-নাতনি মিলে মোটামুটি বিশাল সংসার।‘মাননীয় স্পিকার’ বলে আপনাকে সম্বোধন করতে হয় সংসদে। আপনার অনুমতি না মেলা পর্যন্ত জাতীয় সংসদে কথা বলা অসম্ভব। ঘরেও কি তা-ই? স্পিকার মো. আবদুল হামিদ প্রশ্নটা শুনে হাসলেন।‘ঘরে কি আর তা হয়? ঘরে আমার কথা চলে না। তবে এইটা ঠিক, আমিও খুব সহজ পাত্র নই। কথা বেশি না বললেও এমনভাবে বুদ্ধি করি, যাতে শেষ পর্যন্ত আমার কথাটাই থাকে।’নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে স্বাধীন হয়েছে বাংলাদেশ। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি ব্যস্ত ছিলেন ভারতের মেঘালয় রিক্রুটিং ক্যাম্পে। ছিলেন কিশোরগঞ্জ জেলা বাংলাদেশ লিবারেশন ফোর্সের (মুজিব বাহিনী) সাব-সেক্টরের কমান্ডার। ১৯৭৩ সালের মার্চ মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ থেকে নির্বাচিত হন তিনি।ঢাকায় থাকার জায়গা না থাকায় সাংসদ হিসেবে সরকারি তরফ থেকে একটা বাড়ি বরাদ্দ করা হয় তাঁর নামে। বঙ্গবন্ধুর নির্দেশে দেওয়া এ বাড়িটা ছিল মোহাম্মদপুরে। যেমনই হোক, ঢাকায় একটা বাড়ি মানে বিশাল ব্যাপার। আবদুল হামিদ গেলেন সেই বাড়ি দেখতে। বিশাল বাড়ি। কিন্তু বাড়িটা দেখে কেন যেন মন খারাপ হয়ে গেল তাঁর। কোনো এক বিহারি ভদ্রলোকের ফেলে যাওয়া বাড়ি।অনেক ভাবলেন। কিন্তু মনের খুঁতখুঁতানি কাটল না কিছুতেই। বেচারা কত শখ আর স্বপ্ন নিয়ে তৈরি করেছিল এই বাড়ি। মনের সংশয় দূর করতে শরণাপন্ন হলেন মা তমিজা খাতুনের। মা তাঁর সিদ্ধান্ত জানালেন, ‘তোর সন্দেহ হইছে মানেই—না।’ আবদুল হামিদ অবলীলায় ফিরিয়ে দিলেন সরকারি সেই বাড়ি। বঙ্গবন্ধুকে জানালেন এসব কথা। শুনে কিছুটা চুপ থেকে হেসে উঠলেন বঙ্গবন্ধু। বললেন, ‘দুনিয়াটা এক আজব জায়গা রে, অনেকে পাওয়ার আশায় ঘুরঘুর করে। আর নাই বলে যাকে দিলাম, সে নেয় না।’এরপর ১৯৭৫-এর ১৫ আগস্ট। বঙ্গবন্ধু নিহত হলেন। তিন দিন আগে সর্বশেষ বঙ্গবন্ধুর সঙ্গে এক মুহূর্তের জন্য দেখা হয়েছিল। এরপর সেনাশাসিত ওই সরকারের বিরুদ্ধে জনমত তৈরি ও বঙ্গবন্ধু হত্যার বিচার চাওয়াই ছিল কাজ। পালিয়ে থাকতে হতো অনেক সময়। ’৭৫ সালের শেষ দিকে কিশোরগঞ্জের বাড়ি থেকেই সেনাবাহিনীর সদস্যরা তাঁকে আটক করে নিয়ে যান। এরপর দীর্ঘ জেলজীবন। জেলে থাকতেই ওই সময়ের সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমান তাঁকে মন্ত্রী হওয়ার প্রস্তাব পাঠান। কিন্তু মন্ত্রী না হয়ে জেলে থাকার বিকল্প ব্যবস্থাই মাথা পেতে নেন তিনি।স্পিকার হিসেবে আমাদের জাতীয় সংসদ আবদুল হামিদ খানকে মনে রাখতে পারে নানা কারণেই। তাঁর মতো রসবোধসম্পন্ন স্পিকার বিরল। আপন স্বকীয়তায় সংসদ সামলান সরকারি-বিরোধী দুই পক্ষকে আস্থায় নিয়েই।এর বাইরে আরেকটি কারণ হতে পারে সংসদের ব্যয় সংকোচন। শুল্কমুক্ত কোটায় সাংসদদের জন্য বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, হ্যামারসহ ১১ ধরনের বিলাসবহুল গাড়ি আনা বন্ধ করেছেন তিনি। স্পিকার হিসেবে খুব ছোট কিন্তু অসাধারণ কিছু পদক্ষেপও নিয়েছিলেন।সাংসদদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী (থালা-বাসন, সাবান, জগ, গ্লাস, টিস্যু পেপার ইত্যাদি) বাবদ সংসদের প্রতি মাসে খরচ হতো ১০-১২ হাজার টাকা। কিন্তু সেসব জিনিসের মান ভালো ছিল না মোটেও। আবদুল হামিদ নিজে এ নিয়ে সাংসদদের সঙ্গে কথা বললেন। ‘যদি আমি আপনাদের এর বদলে চার হাজার টাকা নগদ দিয়ে দিই, সেটা কি ভালো হবে না?’ সাংসদেরা সবাই সম্মত হলেন। এভাবে সাংসদপ্রতি মাসে খরচ বাঁচল ছয় থেকে আট হাজার টাকা।লন্ড্রির খরচের বেলাতেও চলল কৃচ্ছ্রসাধন। সাংসদদের ভ্রমণভাতা নিয়েও সামান্য নয়ছয় চলছিল। সেটাও এবার বেঁধে দিয়েছেন তিনি।দলমত সবার ওপরে থেকে হাজারো চাপ সামলে সংসদ পরিচালনা। এই কঠিন কাজটা কীভাবে সম্ভব? উত্তরটা যেন তৈরিই ছিল তাঁর কাছে।‘জটিল মানুষের জন্য পৃথিবীটা জটিল। সহজ মানুষের জন্য পৃথিবীটা সহজ। আমি যেটা ভালো মনে করি, সেটাই করি। কেউ হয়তো মনে করে থাকতে পারে, আমি অন্য কারও সঙ্গে পরামর্শ করে কাজ করি। আমি সরকারের হয়ে কাজ করি। কিন্তু কারও ডিকটেশন-মতো নয়। আমি নির্ভীক। আমার মধ্যে কোনো ভয় নেই। আমাকে যদি না রাখে তো নেই। পরোয়া করার কিছু নেই। তবে অন্য কোনো দলে যাওয়া নয়। অন্য কোনো নীতি-আদর্শ—এটা আমার পক্ষে সম্ভব নয়। যদি আমাকে ভালো না লাগে, আমাকে বলবেন, আমি চলে যাব। তবে বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে কোনো ধরনের অবিশ্বস্ততা আমি করতে পারব না।’‘কিছু কিছু অর্জন আছে। কিন্তু স্বপ্ন থেকে এখনো অনেক দূরে আছি। স্বাধীতার সপক্ষের শক্তি ক্ষমতায় আছে, এটা একটা বড় সান্ত্বনা’—বলতে বলতে স্পিকার আবদুল হামিদ হাসেন। সুখী, আত্মতৃপ্ত আর আত্মবিশ্বাসী মানুষের হাসি। সাক্ষাৎকার শেষে বেরিয়ে আসব। ছবি তোলা হচ্ছে। ছবি তুলে তিনি নিজেই হাত বাড়িয়ে দিলেন হাসিমুখে—হাত মেলানোর জন্য। রাত ১০টার মতো বাজে। স্পিকারের কাছে আসা দর্শনার্থীদের ভিড় তখনো কমেনি।