কঠোর-কোমলে যে নারীরা

প্রবেশদ্বার পেরিয়ে ভেতরে যেতেই এগিয়ে আসেন এক নারী। সাজসজ্জায় গড়পড়তা মেয়েদের চেয়ে আলাদা। হাতে রাইফেল, পরনে খাকি পোশাক, মাথায় টুপি, পায়ে কালো বুট। আরেকটু ভেতরে গিয়ে একই পোশাকধারী আরও কয়েকজন নারীর দেখা মেলে। তাঁরাও একই সমরসজ্জায়। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধানেই এমন বেশ তাঁদের।
এটি রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ১১ ইউনিট। সাজানো-গোছানো ইউনিটটি ২৪ ঘণ্টাই থাকে ২৫০ জন নারী পুলিশের পদচারণে মুখর।
রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তার কাজে নিয়োজিত তাঁরা। বাইরে এই কঠিন দায়িত্ব পালনের পাশাপাশি ঘরে গিয়ে তাঁদের অনেককেই ফিরতে হয় আটপৌরে জীবনে। সেখানে সামলাতে হয় ঘর-সংসার।
২০১১ সালের জুনে কর্মকর্তাসহ ২৫৮ জন সদস্য নিয়ে ১১ এপিবিএন ইউনিট প্রতিষ্ঠিত হয়। এই চার বছরে কাজকর্মে অনেকটাই এগিয়েছেন এপিবিএনের এই নারী সদস্যরা। আইনশৃঙ্খলায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে এবার পুলিশ পদক পেয়েছেন ১১ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার সালমা বেগম। ২৭ জানুয়ারি পুরস্কার নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। অধিনায়ক একাই নন, এবার সালমা বেগমের ইউনিটের ৪১ জন কনস্টেবল পরীক্ষা দিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে পদোন্নতি পেয়েছেন।
চাকরির পাশাপাশি উচ্চমাধ্যমিক উত্তীর্ণ অনেকে এর মধ্যে অর্জন করেছেন স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।

রাষ্ট্রপতি ঢাকার ভেতর এবং প্রধানমন্ত্রী রাজধানী বা দেশের যেখানেই সফরে যান না কেন, ১১ এপিবিএনের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। বরং বেশ আগেই আগমনস্থলে পৌঁছে যেতে হয় তাঁদের। এভাবেই পালা করে কাজ করতে হয়।
১১ এপিবিএনের বেশির ভাগ সদস্য সংসারও পেতেছেন। পেশাগত দৈনন্দিন দায়িত্ব পালন শেষে ঘরে ফিরে স্বামী-সন্তানের দেখভালও করেন তাঁরা। ২০০৫ সালে সালমা বেগম ১১ মাসের ছেলেকে রেখে কসোভোয় চলে যান জাতিসংঘ মিশনের দায়িত্ব পালনে। ২০০৬ সালে তিনি দেশে ফেরেন। তিনি বলেন, ‘ফেরার পর আমার ছেলে আমাকে চিনতে পারেনি। প্রথম প্রথম মায়ের কথা বলতেই আমাকেই আমার ছবি দেখাত।’
২০০৯ সালে জাতিসংঘ মিশনে সুদানে যান তিনি। কাটাতে হয় দুই বছর। সালমা বেগম বলেন, ‘সুদানে যাওয়ার আগে ছেলে বলত, “মা, আমাকে স্যুটকেসে করে নিয়ে যাও।”’
সালমার মতো একই কষ্ট নিয়ে সংগ্রাম করতে হয় অন্যদেরও। তবে সব কষ্ট ধুয়েমুছে যায় সন্তানের আদর আর স্বামীর ভালোবাসা পেলে। সান্ত্বনা খোঁজার মতো জায়গাও আছে। প্রতিমা নামের ১১ এপিবিএনের এক সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রীর ডিউটি করতে যাই, তখন ভাবি, তাঁকে তো ১৬ কোটি মানুষের চিন্তা করতে হয়। আমার চিন্তা তো ছোট্ট একটি সংসার নিয়ে। রক্ত-মাংসের মানুষ হয়ে সামান্য কাজটুকু করতে পারব না কেন!’