কণার এগিয়ে চলা

‘ও পারবে, একবার সুযোগ দিয়েই দেখুন না!’ বাবার এই আশ্বাসের পর পাঁচ বছরের মেয়েটিকে প্রথম শ্রেণিতে ভর্তি করিয়েছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মেয়েটিও ঠিক ঠিক বাবার কথা রেখেছিল। দ্বিতীয় স্থান নিয়ে দ্বিতীয় শ্রেণিতে উঠেছিল সে।
শুরুটা যাঁর এমন, তাঁর পক্ষেই সম্ভব অনেক দূর পাড়ি দেওয়া। সাফল্যের জাদুর কাঠি নিয়েই যেন এগোচ্ছেন তিনি। হাস্যোজ্জ্বল শ্যামলা বর্ণের মেয়েটির নাম কণা দাশ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে এ বছর স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেছেন কণা। এখানেও যথারীতি প্রথম স্থানই পেয়েছেন তিনি। বর্তমানে স্নাতকোত্তর শ্রেণিতে পড়ার পাশাপাশি আবৃত্তি, বিতর্ক, উপস্থাপনা, নাচ—সবকিছুই চালিয়ে যাচ্ছেন সমানতালে।
শৈশবে ভাবতেন চিকিৎসক হবেন, কিন্তু শেষে বাবার ইচ্ছে অনুযায়ী ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু করেন। ধীরে ধীরে ইংরেজি সাহিত্যের মুগ্ধ পাঠক হয়ে ওঠেন। সাহিত্যের সঙ্গে থাকতে চান আজীবন। পাশাপাশি শিক্ষকতাকে পেশা হিসেবে নিতে চান তিনি।
কক্সবাজারে শৈশব ও কৈশোর কেটেছে তাঁর। পারিবারে সাংকৃতিক আবহের মধ্যে বেড়ে উঠেছেন। মায়ের সঙ্গে সখ্য বেশি থাকলেও পড়ালেখার হাতেখড়ি বাবার কাছেই। বাবা দিলীপকুমার দাশ পেশায় আইনজীবী এবং মা শিপ্রা দাশ গৃহিণী। চার ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়।
ঘরেই কণার গানের চর্চার শুরু। সুর আর স্বরলিপি সম্পর্কে ধারণা পান বড় বোন রীনা দাশের কাছ থেকে। বিদ্যালয়ে পড়ার সময়ই নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান ও মঞ্চে গান গাইতেন। নাচের প্রতি আগ্রহ দেখে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়ই মা-বাবা শিশু একাডেমীর নৃত্যকলায় ভর্তি করিয়ে দেন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশ নিতেন।
কণা কক্সবাজার সরকারি স্কুল থেকে পঞ্চম শ্রেণিতে সাধারণ গ্রেডে এবং অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পান। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন। কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ–৪.৮ পান। এরপরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি। এখানেও সাফল্য অধরা থাকেনি। সাফল্যের রহস্য জানতে চাইলে তিনি জানান, পড়াশোনায় ধারাবাহিকতাই ভালো ফল এনে দিতে পারে।
বিদ্যালয় থেকেই কণা বিতর্কের সঙ্গে জড়িত। উপস্থাপনায়ও কম যান না। বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে প্রাণবন্ত উপস্থাপনা করে নজর কেড়েছেন সবার। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে কবিতার প্রতি ভালোলাগাও বাড়তে থাকে। বাংলা, ইংরেজি উভয় ভাষার কবিতাই আবৃত্তি করেন। নিয়মিত বিভিন্ন আসরে আবৃত্তি করেছেন। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
কণা বই পড়তে খুব ভালোবাসেন। প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্য। প্রিয় বইয়ের মধ্যে আছে দূরবীন, পার্থিব, মানবজমিন, যাও পাখি ইত্যাদি৷ ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতাটি তাঁর অত্যন্ত প্রিয়। ঘুরতেও পছন্দ করেন ভীষণ। ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেছেন। সংস্কৃতিকর্মী হিসেবে বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ কণার বেশির ভাগ সময় কাটে পড়াশোনা আর আবৃত্তি চর্চা নিয়ে। ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে হেসে জবাব দেন, ‘শিক্ষকতাকে পেশা হিসেবে নিতে চাই, আর আবৃত্তি বাঁধা থাকবে প্রাণের ডোরে।’