কণ্ঠই ছিল অস্ত্র, বারুদ জমা ছিল গানে
>

৭ মার্চ রেসকোর্স ময়দান থেকে এল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঘোষণা—‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম’। আর কি বসে থাকা যায়! সেই ডাকে সাড়া দিলেন সুজিত রায়। সম্বল বলতে গানের গলা। অনেক কাঠখড় পুড়িয়ে পৌঁছেছিলেন কলকাতা। এরপর স্বাধীন বাংলা বেতারে। একাত্তরের সেই দিনগুলোর স্মৃতিচারণা করেছেন এই শব্দসৈনিক
বছর ষোলোর টগবগে তরুণ রুপুর গানের গলা দারুণ। গণসংগীতে তো জুড়ি নেই। মুহূর্তেই আসন জমাতে ওস্তাদ। তাই পাড়ার বড় ভাই শিল্পী প্রবাল চৌধুরী তাঁকে শিষ্য করে নেন। রুপুও দাদার পিছু পিছু। আজ এখানে, কাল ওখানে গানের আসর। বেশ আনন্দেই কাটছে দিন। আদতে গানের ফাঁকে চলছিল মানুষকে উজ্জীবিত করার কাজ। সময়টা অগ্নিঝরা ১৯৭১।
এর মধ্যে ৭ মার্চ রেসকোর্স ময়দান থেকে এল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঘোষণা—‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম’। আর কি বসে থাকা যায়! সেই ডাকে সাড়া দিলেন রুপু। সম্বল বলতে গানের গলা।
বলছিলাম স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক সুজিত রায়ের কথা। যাঁকে সবাই চেনেন রুপু নামে। গত সোমবার কথা হয় এই শিল্পীর সঙ্গে। নগরের চেরাগী মোড়ের একটি রেস্তোরাঁয় বসেছি। ৬২ বছর বয়সেও সুজিত রায় যেন একাত্তরের সেই তারুণ্যেই ফিরে গেলেন। পরনে টি-শার্ট, জিনস। পায়ে কেডস। কণ্ঠে দৃঢ়তা।
বললাম ঠিক সাক্ষাৎকার নয়, একাত্তরের গল্প শোনা। মুখে হাসি টেনে বললেন, ‘সে তো অনেক কথা।’ মিনিট খানেক স্মৃতি হাতড়ালেন। তারপর শুরু করলেন, ‘একাত্তর সালে আমি সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র। গান করছি স্টুডেন্ট ফোরামের মাধ্যমে। আমাদের তত্ত্বাবধান করতেন প্রবাল দা (শিল্পী প্রবাল চৌধুরী) ও জিল্লুর খান (িশল্পী নকিব খানের বড় ভাই)। আগে থেকেই টের পেয়েছিলাম কিছু একটা ঘটবে। গুমোট একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশ। ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পর গন্তব্য নিশ্চিত হয়ে গেল। এদিকে ২৫ মার্চ ঘটে গেল ভয়াবহ সেই গণহত্যা। এরপর থেকে আমাদের নগরের দেওয়ানজী পুকুর পাড়ের মহল্লা খালি হতে থাকল। আমার মা ও ভাইবোনেরা চলে গেলেন আনোয়ারায় পরৈকোড়ার আত্মীয়ের বাড়ি। কিন্তু আমি গেলাম না। কারণ, বাবা তখন ঢাকায়। তিনি সরকারি চাকুরে। বাবা এসে যদি আমাদের কাউকে না পায়। পাড়ার বড় ভাইয়েরা আমাকে তাগাদা দিচ্ছেন, তুই আনোয়ারা চলে যা। এপ্রিল মাসের প্রথম দিকে চলে গেলাম আনোয়ারা। সেখানে গিয়ে আমার মন টিকছে না। একদিন বাবাও আমাদের সঙ্গে যোগ দিলেন। শেষে মাকে রাজি করালাম, আমি ভারত চলে যাব। আমার লক্ষ্য যুদ্ধে যাওয়া।
‘তখন মে মাস। আনোয়ারা থেকে ভোরে রওনা হয়ে প্রথমে ব্রিজঘাট। এরপর শুভপুরের বাসে সীতাকুণ্ড। সেখান থেকে মিরসরাইয়ে জোরারগঞ্জের একটি বাড়িতে আশ্রয় পেলাম। সেখানে দেখলাম আমার মতো আরও অনেকে জড়ো হয়েছেন সীমান্ত পাড়ি দিতে।
‘মে মাসের শেষ সপ্তাহ। সন্ধ্যা নামতেই রওনা হলাম আমরা। হাঁটা শুরু। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। যেন অনন্ত পথ, শুধুই হাঁটছি আর হাঁটছি। ভোরের দিকে পৌঁছালাম ফেনীর ফাজিলপুর স্টেশনে। এরপর সীমান্ত পাড়ি। কাঁটাতারের বেড়ার ফাঁকে দূরে দেখা যাচ্ছে টিম টিম করে জ্বলছে আলো। সেটা ভারতের মনু বাজার। ওখানে পৌঁছাতে হবে। কাঁটাতারের বেড়া পার হয়ে ভোঁ দৌড়। কতক্ষণ দৌড়েছি জানি না। একসময় দেখলাম আমি বাজারে পৌঁছে গেছি। সেখানে দেখা মহিউদ্দিন ভাইয়ের (চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী) সঙ্গে। তিনি চট্টগ্রামের ভাষায় বললেন, “যা গোসল গরি খাইয়্যেরে খানিকক্ষণ ঘুম জাগোই। পরে কথা কইয়্যম।” আমি স্নান সেরে শুয়ে পড়লাম। বিশ্রাম শেষে মহিউদ্দিন ভাই ডেকে পাঠালেন। জানতে চাইলেন, “এখানে থাকবে, নাকি আগরতলা চলে যাবে?” বললাম, আগরতলা যাব। তিনি আমাদের কয়েকজনকে রাতে জিপে তুলে দিলেন। পৌঁছালাম আগরতলা। সেখানে দেখা চট্টগ্রামের অতনু বিশ্বাসের (শিল্পী শান্তনু বিশ্বাসের বড় ভাই) সঙ্গে। অতনুসহ আমরা ঠিক করলাম কলকাতা চলে যাব। যেই কথা সেই কাজ। কলকাতার পথ ধরলাম। ট্রেনে চেপে এলাম হাওড়া ব্রিজে। তখন সেতু হয়নি। এক পাড়ে নেমে নৌকায় করে আরেক পাড়ে গিয়ে কলকাতার ট্রেন। এখানে আরেক ট্র্যাজেডি। নদী পাড়ি দেওয়ার সময় অতনু আমাদের সঙ্গে একই নৌকায় উঠতে পারল না। সে উঠল আরেকটি নৌকায়। মাঝপথে তাদের নৌকাটি ডুবে গেল। চোখের সামনে পানিতে তলিয়ে গেল অতনু। কিছুই করতে পারলাম না। বারবার মনে পড়ছিল অতনুর মুখটা। অবশেষে কলকাতা পৌঁছালাম।’
টানা বলে কিছুক্ষণ থামলেন। চুপ করে কী যেন ভাবলেন। কথা ধরিয়ে দিলাম। কলকাতা পৌঁছে কী হলো? আবার শুরু করলেন, ‘কলকাতা পৌঁছে চেষ্টা করি, কীভাবে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ করা যায়। এখানে বসে থাকার জন্য আসিনি। বিধাতা মনে হয় আমার সেই কথা শুনতে পেয়েছিল। জুন মাসের শুরুর দিকে তখন। কাকতালীয়ভাবে দেখা হলো আমাদের চট্টগ্রামের মৃণালদার (স্বাধীন বাংলা বেতারের শিল্পী মৃণাল ভট্টাচার্য) সঙ্গে। তিনি এসেছিলেন পাশেই দিদির বাড়িতে। মৃণালদাকে পেয়ে আমি যেন বাংলাদেশ পেলাম। দাদা বললেন, তুমি কাল কলকাতার সাঙ্গু ভ্যালি রেস্টুরেন্টে চলে এসো। ওখানে প্রবালরা সবাই আছে। আমি পরদিন ঠিক ১০টায় সাঙ্গু ভ্যালিতে হাজির। গিয়ে প্রথমে পেলাম প্রবালদাকে। প্রবালদাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। সেখান থেকে প্রবালদা নিয়ে গেলে বালিগঞ্জের সার্কুলার রোডের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। মুখ্য প্রযোজক সমর দাশের হাতে তুলে দিলেন আমাকে। সেই শুরু। ওই দিনই কোরাস গানে অংশ নিলাম, “আইরে চাষি মজুর কুলি মেথর কুমোর কামার/ বাংলা ভাষা ডাক দিয়েছে”। প্রতিদিন কোরাস গাইছি—“পূর্ব দিগন্তে সূর্য উঠেছে”, “স্বাধীন স্বাধীন দিকে দিকে”, “নোঙর তোল তোল” ও “একঝাঁক এক ঝাঁক আমরা”। কণ্ঠই ছিল আমাদের অস্ত্র, বারুদ জমা ছিল গানে।’
শুধুই যে গান গেয়েছেন তা কিন্তু নয়, বাংলাদেশের মানুষের জন্য তহবিল সংগ্রহেও কাজ করেছেন তাঁরা। শিল্পী কল্যাণী ঘোষের নেতৃত্বে বাংলাদেশ তরুণ শিল্পীগোষ্ঠী গঠন করে চষে বেড়িয়েছেন ভারত। রাস্তার মাড়ে, জংশনে, মিলনায়তনে গান করে অর্থ সংগ্রহ করে তা তুলে দিতেন মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের অস্থায়ী সরকারের কাছে। তরুণ শিল্পীগোষ্ঠীতে ছিলেন প্রবাল চৌধুরী, উমা খান, কাদেরী কিবরিয়া, রথীন্দ্রনাথ রায়, বাণী কুমার চৌধুরী, মৃণাল ভট্টাচার্যসহ অনেকে। সেই দলের কনিষ্ঠ সদস্য সুজিত রায়। এভাবে চলতে চলতে একসময় এল ডিসেম্বর মাস। খবর আসতে লাগল পাকিস্তানিরা পিছু হটছে। এরপর ১৬ ডিসেম্বরের বিজয়। বিজয়ের সেই দিনটি কেমন ছিল। বললেন, ‘আমার সৌভাগ্য সেদিন আমি বেতারে ছিলাম। আমরা প্রেরণাদায়ী সেই গানগুলো করছি। হঠাৎ সমর দাশ এসে বললেন, এই গান তো হবে না। বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। সে এক অন্য রকম অনুভূতি! আমরা গান ধরলাম “বিজয় নিশান উড়ছে ওই”।’