
বাচিক শিল্পচর্চা কেন্দ্র কণ্ঠনীড়ের আবৃত্তি উৎসব গত ২৩ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে চারটায় শোভাযাত্রা মধ্য দিয়ে সূচনা হয় উৎসবের। এরপর মুক্তমঞ্চে বেলুন উড়িয়ে আয়োজন উদ্বোধন করেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহবুবুল হক। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় কথামালা। সংগঠনের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে এই পর্বে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাহমান নাসির উদ্দিন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম, কণ্ঠনীড়ের উপদেষ্টা রোকেয়া বেগম ও আবৃত্তিশিল্পী রাশেদ হাসান।
বক্তারা বলেন, এ দেশে অসাম্প্রদায়িক চেতনা নির্মাণ, জঙ্গিবাদী হামলাসহ মুক্তবুদ্ধিসম্পন্ন মানুষের ওপর আঘাতকারী কালো শক্তির বিরুদ্ধে আবৃত্তিশিল্পীরা সব সময় রাজপথে নেমেছে প্রতিবাদী কণ্ঠে। মুখোশের আড়ালে লুকিয়ে থাকা পরাজিত শক্তিকে বধ করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেছেন সংস্কৃতিকর্মীরা।
কথামালার পর ‘ও আমার দেশের মাটি’ গানটি নিয়ে মঞ্চে আসেন কণ্ঠনীড়ের সদস্যরা। গান শেষে তাঁরা পরিবেশন করেন বৃন্দ আবৃত্তি—‘মাতৃভূমির পংক্তিমালা’। এরপর একক আবৃত্তিতে আবৃত্তিশিল্পী তাজুল ইসলাম শোনান আবু হেনা মোস্তফা কামালের ‘ছবি’ ও আরিকা মাইশা শোনান সিদ্দিক আহমেদের কবিতা ‘তুমি’। এবার আবার বৃন্দ। ‘আমার মা’ শিরোনামে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্র। এ ছাড়া বৃন্দ আবৃত্তি পরিবেশন করে স্বরনন্দন, প্রমা, বিভাস ও প্রথম আলো বন্ধুসভা।
বৃন্দ পরিবেশনার পর আবার এককে অংশ নেন আবৃত্তিশিল্পী শামীমা শীলা, এহতেশামুল হক, ইফতেখার উদ্দিন কাদরী, এখলাস উদ্দিন, মাহবুবুর রাহমান, প্রবীর পাল, মিশফাক রাসেল, কাজী রাজেশ, মনিরুল ইসলাম, আহসান উল্লাহ, রাশেদ হাসান ও রফিকুল ইসলাম।