কণ্ঠশিল্পীর সন্ধানে যন্ত্রশিল্পী সংস্থা
গত ২০ আগস্ট, সকাল ১০টা। মেহেদিবাগ ভিকটোরি পাবলিক স্কুল ও কলেজ। নীল ব্যানারে সাদা হরফে লেখা ‘কণ্ঠশিল্পীর সন্ধানে’। সামনে অভিভাবকদের ভিড়। আর ভেতরে পরীক্ষার্থীরা। কণ্ঠের প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে অপেক্ষা। প্রতিযোগীরা আসছেন একে একে। পরীক্ষা চলছে তিনটি বুথে। ভালো প্রতিযোগী নেই। তাই হতাশভাবেই কাটল প্রথম দেড় ঘণ্টা। মাঝামাঝিতে এসে খুঁজে পাওয়া গেল কয়েকজনকে। দেশের গান, রবীন্দ্র, নজরুল, পল্লিগীতি থেকে শুরু করে ব্যান্ড, হিন্দি গান—কিছুই বাদ যাচ্ছে না। বিচারকদের অনুরোধে প্রতিযোগীরা গাইছিলেনও। কিন্তু কিছুতেই যেন মন ভরছে না বিচারকদের। বিচারকের আসনে বসা খ্যাতিমান কি-বোর্ডবাদক তাপস চৌধুরী আর রূপতনু রূপু অন্যদিকে খ্যাতিমান তবলাবাদক অভিজিৎ চক্রবর্তীও যেন কিছুটা হতাশ। বিচারকদের মধ্যে ঘুরেফিরেই প্রশ্ন উঠছিল চট্টগ্রামে মঞ্চশিল্পীর এরকম সংকট? এ সংকটজনক পরিস্থিতিতে হাল ধরবেন কারা? এদের মধ্যে কারও কারও যে সংগীতের মূল ভিত্তিটিই নেই! কেউ কেউ তো নিজের স্কেল মেলাতে হিমশিম খাচ্ছিলেন। ‘ফোক’ ধাঁচের গান বোঝাতেও বিচারকদের কাউকে কাউকে বেশ গলদঘর্ম হতে হলো। ভাটিয়ালি, লালন, ভাওয়াইয়া কিংবা হাছনের গানের সঙ্গেও ন্যূনতম পরিচয় নেই অনেকের। কারও কারও উচ্চারণও কানে লাগার মতো। কেউ কেউ পরিচিত গানগুলোর শিল্পীর নাম জানেন। কিন্তু গানের স্রষ্টা অর্থাৎ গীতিকার কিংবা সুরকারের নামও জানেন না। শেফালী আর শ্যামসুন্দরের গাওয়া চট্টগ্রামের সুপরিচিত অনেক আঞ্চলিক গানকে তারা শিরিন, সন্দীপন, সালমা কিংবা কান্তা নন্দীর গান হিসেবে জানে। তবে শেষপর্যন্ত একেবারে নিরাশ হতে হলো না। ভালো প্রতিযোগীও পাওয়া গেল বেশ কয়েকজন। সুরের মধ্যে থেকে তাঁরা গেয়েছেন চমত্কার। রূপী চৌধুরী, শর্মিষ্ঠা বড়ুয়া, উজ্জ্বল, রুবেল চৌধুরী, অপু চক্রবর্তী, স্বস্তিকা দাশের মতো প্রতিযোগীকে সংগীত পরিবেশনায় আলাদা করেই চেনা গেল। ঠিকমতো গ্রুমিং আর প্রশিক্ষণ পেলে এরা উঠে আসবে এ ব্যাপারে অনেকটা নিশ্চিত বিচারকেরা।মঞ্চে পেশাদার কণ্ঠশিল্পীর অভাব পূরণে ‘কণ্ঠশিল্পীর সন্ধানে’ শীর্ষক প্রতিযোগিতার মাধ্যমে শিল্পী সংগ্রহ করার উদ্যোগ নেয় চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা। এতে নিবন্ধন করে শতাধিক প্রতিযোগী। এর মধ্যে বিচারকদের রায়ে নির্বাচিত হন ২৮ জন। ছেলেদের মধ্যে পাঁচজন ও মেয়েদের মধ্যে ১৪ জন চূড়ান্তভাবে নির্বাচিত হন। এতে বিচারক ছিলেন অভিজিৎ চক্রবর্তী, তাপস চৌধুরী, রূপতনু রূপু, রতন মজুমদার, জগলুল পাশা, মোহাম্মদ শাহজাহান, মনোজ সরকার, সাখাওয়াত হোসেন ও অসীম দাশ।