কত অজানা রে
আমার চার বছর তিন মাস বয়সী ছেলে সৃজনকে রেগে কিছু বললে সে আমাকে শাসন করে। সে বেশিক্ষণ আমাকে নির্মম থাকতে দেয় না। চুপচাপ চুল টেনে ধরে ছোট ছোট হাত দিয়ে আমাকে পেটায়।এটা ভূমিকা। মূল দৃশ্যের সূচনা হয় পরে। তার দিক থেকে যখন শান্তি স্থাপনের প্রস্তাব আসে, তখন সে অভিমানে আপ্লুত হয়ে কড়া আদেশের সুরে বলে, ‘আদর করো।’ আমি ইতস্তত করলে সে কেঁদে বারবার বলে, আদর করো। কখনো সে আরও যোগ করে, ‘বলো, বাবা, আমি আর কক্খনো এমন করব না...।’আমি আর রাগ পুষে রাখতে পারি না। বদলে যাই। অনেকটা বাধ্য হয়ে দুই হাতে তার চোখেমুখে ও মাথায় হাত বুলিয়ে আদর করি। তার শেখানো বুলি আওড়াই। সে শান্ত হয়। আমার সঙ্গে আবার মিলমিশ হয়ে যায়।বই পড়া আমার নেশা। বাংলা, ইংরেজি ও ফরাসি ভাষায় লেখা যত ভালো বই আমি পাই, তা পড়ার চেষ্টা করি। ১৫ বছর ধরে পেশার কারণেই নিয়মিত বহু মানুষের সঙ্গে আমার মিশতে হয়। প্রতিদিন তাদের সঙ্গে কথা বলে, বই পড়ে, লেখা খুঁটিয়ে দেখে আমি অনেক কিছু শিখি।কিন্তু সৃজনের মতো করে আদর নিয়ে শান্তি স্থাপনের কৌশল আমাকে এর আগে কেউ শেখায়নি। সৃজনের মা হাবিবা মাঝেমধ্যে আমাদের বাবা-ছেলের কাণ্ড দেখে মুখ টিপে হাসে। আমি বদলে যেতে থাকি।সৃজন আমাকে শিখিয়েছে, প্রিয়জনের কাছ থেকে প্রীতিময় আচরণ চেয়ে নেওয়ার বিষয়। এমনকি যেখানে প্রযোজ্য প্রাপ্য জিনিস আদায় করতে কিছুটা জোরও করা যায়।এ উপলব্ধি আমার আগে ছিল না বলে আমি অনেক বন্ধু হারিয়েছি।মাইকেল জ্যাকসন বলতেন, মানুষের ভেতর থেকে তার শৈশব কেড়ে নিলে সে সহিংস হয়ে ওঠে। সৃজনকে দেখে মনে হয়, কথাটা ঠিক। বয়স যতই বাড়ুক, অন্তরে আমাদের শৈশবকে লালন করা দরকার পরম যত্নে, মমতায়।প্রথম আলোর বদলের ডাক আর আমার একান্ত অভিজ্ঞতা বলছে, ভুল রাজনীতি আর স্বার্থের দ্বন্দ্বে মানুষ যতই বিচ্ছিন্ন হোক, চারদিকের হানাহানি সহনীয় পর্যায়ে কমিয়ে আনা সম্ভব, যদি আমরা শিশুদের কাছ থেকে কিছু শিখি।এম এ কাসেমবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটগাজীপুর।