কত দিন দেখা হয় না...
সকাল থেকে মেঘ-সূর্যের লুকোচুরি খেলা—ক্ষণে জড়ো হয়, আবার ছুট। রোদের দাপট নেই। আবহাওয়াটা সহনীয়। ছোট্ট টিলার ওপরের গাছগাছালি ঘেরা ক্যাম্পাসটা সহস্র সতেজ প্রাণে মুখর। চারদিকে আনন্দ-উচ্ছ্বাস। আড্ডা-হইচই আর সুরের মূর্ছনায় সারা বেলা। আর ১০টি দিনের মতো নয়। ৩০ মার্চ ছিল রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয়ের জন্য স্মরণীয় দিন। শতবর্ষের আনন্দে মেতে উঠেছিল পঞ্চপাণ্ডবের বিদ্যাপীঠ। বসেছিল নবীন-প্রবীণের মিলনমেলা। ১৯১৩ সাল। এ অঞ্চলে শিক্ষার বাতি জ্বালালেন পঞ্চপাণ্ডব আবদুল ওহাব সিকদার, জ্ঞানদা রঞ্জন তালুকদার, উমেশ মুৎসুদ্দি, রোহিনী রঞ্জন মুৎসুদ্দি ও প্রসন্ন কুমার দেব। বিংশ থেকে একুশ শতকের দোরগোড়ায়। দীর্ঘ পথ। শত সহস্র শিক্ষার্থীর প্রাণের দোলা। দেয়ালে কান পেতে শোনার চেষ্টা হারানো দিনের কলহাস্য। স্কুল পালানো, হেড স্যারের কানমলা কিংবা ভালো ফলাফলের জন্য পরম মমতায় বুকে টেনে নিয়ে আনন্দাশ্রু। সেই অতীত, সেই দিন খুঁজে ফিরছিলেন প্রাক্তন ছাত্ররা। মূল আয়োজন ছাপিয়ে আড্ডাই যেন হয়ে ওঠে মুখ্য। পুরোনো বন্ধুকে কাছে পেয়ে মনের কোণে বেজে ওঠে ‘হঠাৎ অফিস অঞ্চলে হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে—বন্ধু কী খবর বল/ কত দিন দেখা হয় না দুজনে। চারপাশ থেকে শোনা যাচ্ছিল ‘আরে সুমি’, ‘আরে আজাদ-রনেল...’ এমন আবেগময় কথাবার্তা। সবাইকে কেবলই পেয়ে বসে স্মৃতিকাতরতা। কথার ঝাঁপি বন্ধই হয় না। একেকটা জটলা থেকে ক্ষণে ক্ষণে ভেসে আসছে হাসির বাঁধভাঙা আওয়াজ। খুনসুটি আর ক্লাসের দিন রোমন্থনে হেসে কুটি কুটি একেকজন। শতবর্ষের জন্মদিনে প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ আয়োজন করে দিনব্যাপী অনুষ্ঠানমালা। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয় আনন্দ আয়োজন। এরপর আলোচনাপর্ব। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সাবেক অতিরিক্ত সচিব আবু সালেহ। প্রধান অতিথি বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি মূল্যবোধের চর্চা থাকতে হবে। মূল্যবোধের শিক্ষা পৌঁছে দিতে হবে মানুষের দোরগোড়ায়। তিনি বিদ্যালয়ের শিক্ষার মান ধরে রাখার আহ্বান জানান। এ ছাড়া বক্তব্যপর্বে স্মৃতিচারণা করেন প্রাক্তন ছাত্ররা। আলোচনা শেষে মধ্যাহ্নভোজ। অতঃপর খাওয়ার আড্ডা! সেখানেও কথা আর কথা। অনেক দিনের জমানো সব গল্প আজই শেষ করতে হবে। কথা হয় খাওয়ার ফাঁকে আড্ডারত একদল প্রাক্তন শিক্ষার্থীর সঙ্গে। তাঁরা ৯৫তম ব্যাচের। কেমন লাগছে প্রশ্ন করতেই সমস্বরে চিৎকার—‘অসাধারণ’। ওই ব্যাচের শিক্ষার্থী রুপনা বড়ুয়া বলেন, ‘অনেক দিন এমন একটা দিনের অপেক্ষায় ছিলাম। সব বন্ধুকে কাছে পেয়েছি। মহা আনন্দের মধ্যে যাচ্ছে প্রতিটি ক্ষণ।’ তাঁদের একটু দূরত্বে কফি বুথের পাশে ছিল আরেক জটলা ৮০তম ব্যাচের। বন্ধুকে কাছে পেয়ে ভুলে বসেন বয়সের বাধা। ফিরে যান বিদ্যালয়ের দিনগুলোতে। তাঁদের একজন নাজিম উদ্দিন। তিনি বলেন, ‘আমাদের সময় এ রকম দালান ছিল না। ছায়া সুনিবিড় ছিল বিদ্যালয় প্রাঙ্গণ। তখন অসম্ভব তেজি স্যার ছিলেন আহমদুর রহমান। তাঁর ভয়ে আমরা তটস্থ থাকতাম।’ এদিকে আনন্দের মুহূর্তগুলো ফ্রেমে বন্দী করতে ভুলছেন না কেউ। সমানে চলছে ক্লিক ক্লিক। এক ফাঁকে চলে আসে অনুষ্ঠান উপলক্ষে বের করা ম্যাগাজিন প্রজন্মের ধারা। সংগ্রহে রীতিমতো লাইন পড়ে যায়। ম্যাগাজিন হাতে পেয়ে সেকি উচ্ছ্বাস সবার মধ্যে। ছাপা হওয়া ছবি নিয়ে আরেক দফা খুনসুটি। কারও কারও মুখে আক্ষেপও। ইস! ছবিটা আরেকটু ভালো দেওয়া উচিত ছিল। তবে একটা ব্যাপার লক্ষ্য করা গেছে দুজনকে নিয়ে। সবাই অনুষ্ঠান উপভোগ করলেও তাঁদের ব্যস্ততার শেষে নেই। কারণ, ঘাম ঝরানো এই আয়োজনে সার্বিক সমন্বয় করেন তাঁরা দুজন—প্রাক্তন ছাত্র ও বিদ্যালয়ের শিক্ষক রহিম উদ্দিন সিকদার ও আবু সায়েম।বিকেল গড়াতেই মঞ্চে শুরু হলো গান। শুরুতেই বিদ্যালয়ের শিক্ষার্থী দোলা তালুকদারের কণ্ঠে ‘রংধনু ভালো লাগে’। এরপর রুবায়েত রাশেদের ‘রেললাইনের ওই বস্তিতে’ গানটিতে মাতিয়ে তোলেন মঞ্চ। চলতে থাকে গান। গানের তালে নাচছে যেন পুরো প্রাঙ্গণ। শিল্পীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে সুরের আবগা হন। সব শেষে মঞ্চে ওঠেন শিল্পী মিতা নূর। তিনি শোনান ‘সাম্পানওয়ালা’, ‘মধু হই হই’সহ বেশ কয়েকটি গান। এভাবেই কেটে যায় সময়। রাত বাড়ে। ভাঙে মিলনমেলা, সঙ্গে মধুর স্মৃতি জাগানিয়া দিন।