কত মানুষের মৃত্যু হলে মাইনীতে সেতু হবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালার মেরুং বাজারের মাইনী নদীর ওপর কোনো সেতু নেই। নদীতীরের ১১ গ্রামের ১০ হাজার মানুষকে এভাবে ঝুঁকি নিয়ে খরস্রোতা নদীটি পার হতে হয় l প্রথম আলো
খাগড়াছড়ির দীঘিনালার মেরুং বাজারের মাইনী নদীর ওপর কোনো সেতু নেই। নদীতীরের ১১ গ্রামের ১০ হাজার মানুষকে এভাবে ঝুঁকি নিয়ে খরস্রোতা নদীটি পার হতে হয় l প্রথম আলো

‘১৯৯১ সাল থেকে শুধু আশ্বাসই পাচ্ছি—সেতু হবে। কিন্তু শেষ পর্যন্ত কবে হবে জানি না। মাইনী নদী পার হতে প্রায় প্রতিবছর মানুষ ডুবে প্রাণ হারাচ্ছে। এ বছরও মরেছে একজন। কত মানুষের মৃত্যু হলে একটি সেতু নির্মিত হবে?’ আক্ষেপের সুরে কথাগুলো বলছিলেন ৭০ বছর বয়সী আবদুল জলিল। তিনি খাগড়াছড়ির দীঘিনালার মেরুং বাজার এলাকার মাইনীর পূর্ব পাড়ে হাজাছড়া গ্রামের বাসিন্দা। এখানকার ১১টি গ্রামের ১০ হাজার মানুষের একই আক্ষেপ, একই কষ্ট।

সম্প্রতি সরেজমিনে উপজেলার ছোট মেরুং বাজার মাইনী নদীর ঘাটে গিয়ে দেখা যায়, প্রবল স্রোতের মধ্যে নদীর পূর্ব-পশ্চিম পাড়ে মোটা রশি টেনে নৌকা বেঁধে লোকজন নদী পার হচ্ছেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মেরুং বাজার থেকে নদীর পূর্ব পাড়ে ছোট হাজাছড়া, নেত্রজয় কার্বারী পাড়া, বাবুন্যা কার্বারী পাড়া, অঙ্গদা কার্বারী পাড়া, অনিন্দ কার্বারী পাড়া, বাদলছড়ি, চৌকাবাছড়া, ছদকছড়া, সুরেশ কার্বারী পাড়া, প্রশিক্ষণ টিলা, পূর্ব বাঁচা মরুংসহ মোট ১১টি গ্রাম রয়েছে। গ্রামগুলোতে প্রায় ১০ হাজার মানুষের বাস। এ ছাড়া নদীর পূর্ব পার থেকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পর্যন্ত আট কিলোমিটার দূরত্বের একটি গ্রামীণ সড়ক রয়েছে। অথচ এখন দীঘিনালা থেকে বাঘাইছড়ির দূরত্ব ৪০ কিলোমিটার। মাইনী নদীর ওপর একটি সেতু হলে দীঘিনালা উপজেলা থেকে বাঘাইছড়ির দূরত্ব কমবে অর্ধেক এবং সড়কের ঝুঁকিও কমে যাবে।

নদী পার হওয়ার সময় কলেজছাত্র ইসমাইল হোসেন জানান, কদিন আগে তাঁর বাবা লেদু মিয়া মাইনী নদী পার হতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ হন। ছয় দিন পর আট কিলোমিটার দূরে লাশ পাওয়া যায়। মেরুং উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো. আল আমিন জানায়, ১৮ আগস্ট বিদ্যালয় ছুটির পর নদী পার হওয়ার সময় নৌকা ডুবে যায়। এ সময় ৮ম শ্রেণির ছাত্র রফিকুল ইসলাম কোনো রকমে নৌকার রশি ধরে বেঁচে যায়।

নৌকার মাঝি আবদুর রাজ্জাক (৬০) বলেন, প্রায় সময় নৌকা ডুবে দুর্ঘটনা ঘটে। ২০ আগস্টও বিদ্যালয়ের শিক্ষার্থীরা নদী পার হওয়ার সময় নৌকা ডুবে গিয়েছিল। বাজারের লোকজন দ্রুত অন্য নৌকা নিয়ে ছাত্রদের উদ্ধার না করলে অনেক প্রাণহানি ঘটত। প্রতিদিন নদীর পূর্ব পার হতে কয়েক শ শিক্ষার্থী নদী পার হয়।

১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রহমান কবীর বলেন, ১৯৯১ সালের পর থেকে সব দলেরই নির্বাচনী অঙ্গীকার ছিল এই সেতু নির্মাণের। কিন্তু কোনো দলই তা পালন করেনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৯ জুলাই ছোট মেরুং বাজারস্থ মাইনী নদীর ওপর ৭০ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণের জন্য এলজিইডির প্রধান কার্যালয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়। কিন্তু বরাদ্দ না পাওয়ায় সেতু নির্মাণ করা যায়নি। এলজিইডির দীঘিনালা কার্যালয়ের সাবেক উপজেলা প্রকৌশলী প্রশান্ত কুমার হালদার প্রথম আলোকে বলেন, ২০১৩ সালের জুন মাসে মাইনী নদীর ওপর সেতু নির্মাণ ও দুই পাশের সংযোগ সড়ক নির্মাণসহ ২ কোটি ২০ লাখ টাকার একটি প্রাক্কলন ব্যয় তৈরি করে এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু প্রধান কার্যালয় থেকে বরাদ্দ না পাওয়ায় সেতু নির্মাণ সম্ভব হয়নি। এলজিইডির বর্তমান প্রকৌশলী আবদুল মতিন দুর্ঘটনাজনিত কারণে ছুটিতে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে উপসহকারী প্রকৌশলী জিকো দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘সেতুটি নির্মাণের জন্য পার্বত্য চট্টগ্রাম পল্লী সড়ক উন্নয়ন প্রকল্পতে (সিএইচটিআরআরডিপি) প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি আগামী বছর নাগাদ সেতুটি নির্মাণ সম্ভব হবে।’