কত শত রঙ্গে উত্তরবঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি আমাদের হেরিটেজগুলো দেখতে চাই’—সেন্ট যোসেফ স্কুলের ক্লাস সিক্সের ইংলিশ ভার্সনে পড়া শৌনক বলল।‘হেরিটেজ-এর বাংলা কী?’‘ঐতিহ্য বলতে পার। তবে আমি পুরাকীর্তিগুলো দেখতে চাইছি। পাহাড়পুর আর মহাস্থানগড় দেখব।’ বেশ দৃঢ়তার সঙ্গেই উত্তর দেয় ও। কথাগুলো হয়েছিল ঈদের মাসখানেক আগে। ঈদের ছুটিতে তাহলে উত্তরবঙ্গে একটা ঝটিকা সফর করে এলে কেমন হয়—পারিবারিক বৈঠকে বারবার এই প্রসঙ্গই ঘুরেফিরে আসে। সমস্যা আছে, ঈদের ছুটিতে টিকিট জোগাড় করা তো চাট্টিখানি কথা নয়। সে ব্যবস্থাও হয়ে গেল প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলামের মাধ্যমে। যাওয়া-আসার টিকিট যদি হাতে থাকে, তাহলেই তো ঈদ হয়ে ওঠে আনন্দময়।একটা রোডম্যাপ তৈরি করা হলো। শুধু পুরাকীর্তি নয়, উত্তরবঙ্গের অন্তত চারটি জিরো পয়েন্ট দেখব এই সুযোগে। পরিকল্পনার মধ্যে থাকল বাংলাবান্ধা, তেঁতুলিয়ার মহানন্দা নদীর পাড়, আঙ্গরপোতা-দহগ্রাম, বুড়িমারী, হিলি, তিস্তা ব্যারেজ, রামসাগর, কান্তজিউ মন্দির, নয়াবাগ মসজিদ, দিনাজপুর রাজবাড়ি, বড়পুকুরিয়া কয়লাখনি, পাহাড়পুর, মহাস্থানগড়, গোবিন্দভিটা। পঞ্চগড়ে প্রথম দিন, তাই চা-বাগানেও ঘোরা যাবে।১৮ আগস্ট সকাল আটটায় নাবিল পরিবহনের একটি বাসে উঠে বসি আমরা চারজন। যানজটের ভয়ে থাকি। অথচ ঢাকা থেকে পঞ্চগড়ের পথের কোথাও থেমে থাকতে হয়নি। কিন্তু পঞ্চগড় তো উত্তরের শেষতম জেলা। তাই পৌঁছাতে পৌঁছাতে বিকেল সাড়ে পাঁচটা বেজে যায়। পঞ্চগড় সার্কিট হাউসের দুটো এসি ঘরে জিনিসপত্র রাখতে না রাখতেই ইফতারের সময় হয়ে যায়। রাতে আমরা কিছুক্ষণ ঘুরে বেড়াই পঞ্চগড়ের রাস্তায়।‘বাবা, বাংলাবান্ধার পরে কি আর বাংলাদেশ নেই? কী করে আরেকটি দেশ শুরু হয়?’—শৌনকের প্রশ্ন।সেই প্রশ্নের সরেজমিন উত্তর দিতে আমরা ছুটে চলি বাংলাবান্ধায়, পরদিন দুপুরে। পথে দেখে নিই রানিপুকুর, ভিতরগড়, চা-বাগান। সমতলভূমিতে চা হবে কি হবে না, এই বিতর্ক শেষ হয়ে গেছে অনেক আগেই। দার্জিলিংয়ের খুব কাছে বলেই এই এলাকার চা খুবই সুস্বাদু। এবার বাংলাবান্ধার জিরো পয়েন্টে গিয়ে দাঁড়াই। পথেই সাদা রঙের পিলার দেখিয়ে বলি, এই পিলারের ওপাশে ভারত। বাংলাবান্ধার জিরো পয়েন্টে একটি লাল দাগ দিয়ে বাংলাদেশের সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে, পাশেই একটি সাদা দাগ দিয়ে ভারত। দুই দিকে দুই পা রেখে ছবি তোলা হয়। নাহ! এত বিস্তারিত বলতে গেলে মহাকাব্য হয়ে যাবে। তারচেয়ে বরং বুড়ি ছুঁয়ে যাই। কান্তজিউ মন্দিরের কাছে গিয়ে মনে হলো, এত নিখুঁত টেরাকোটার কাজ বাংলাদেশের কোথাও দেখিনি। মন্দিরজুড়ে কত ধরনের খোদাই ছবি! যুদ্ধ, প্রেম, প্রাণীসহ কতকিছুই না রয়েছে সেখানে! ১৭০৪ সালে মন্দিরটির কাজে হাত দেওয়া হয়। কাজ শেষ হয় ১৭৫২ সালে।দিনাজপুরের রামসাগরে যখন পৌঁছালাম, তখন গোধূলিবেলা। বিশাল এই দিঘির পারে ঝিরিঝিরি বাতাসের মধ্যে বসে থাকার মজাই আলাদা। ঈদের দিন ছিল বলে সেদিন সেখানে মানুষের ঢল নেমেছিল। একধরনের প্রশান্তিতে ছেয়ে গিয়েছিল মন।দিনাজপুর থেকে নীলফামারী হয়ে তিস্তা ব্যারেজের রাস্তা ধরে এগিয়ে যেতে যেতে মনে হচ্ছিল, এটা কি সত্যিই বাংলাদেশ! চারধারের সবুজ আর বয়ে চলা নদী যেন দিচ্ছিল কল্পলোকের সন্ধান। তিস্তা ব্যারেজের কাছেও মানুষের মিলনমেলা। আনন্দনগরীর রূপ নিয়েছে তিস্তাপাড়।শৌনকের মনে প্রশ্ন ছিল, ভারতের উদরে কী করে বাংলাদেশ থাকে। সেই প্রশ্নের উত্তর ও পেয়ে যায় তিনবিঘা করিডরে পৌঁছে। করিডর পার হয়ে আঙ্গরপোতা-দহগ্রামে পৌঁছে আরেকটি জিরো পয়েন্ট দেখা হয়ে যায়। চারদিকে ভারত, মধ্যিখানে বাংলাদেশ। শৌনক-সনকার কাছে ছিটমহলের বিষয়টি আর মুখস্থবিদ্যার মধ্যে সীমাবদ্ধ থাকে না।বুড়িমারীর বুড়ির হোটেলের ঝাল ঝাল মুরগির ঝোলের অপূর্ব স্বাদ মুখে নিয়ে আমরা ঘুরে আসি তৃতীয় জিরো পয়েন্ট থেকে। বাংলাদেশ-অংশে ভারতের বিস্কুট-শনপাপড়ি, সাবান দেদার বিক্রি হচ্ছে। একটি সাইনবোর্ড, যার এপাশে বাংলাদেশ, ওপাশে ভারত লেখা।হিলির জিরো পয়েন্টটি একটু অন্য রকম। বাংলাদেশ সীমান্ত শেষ হয়েছে একটি রেললাইন দিয়ে। সীমান্ত পার হয়ে ভারতীয় ট্রাকগুলো আসছে আম নিয়ে। বাংলাদেশ-ভারত থেকে পাসপোর্ট হাতে সীমান্ত পার হয়ে অন্য দেশে যাচ্ছেন কেউ কেউ। বাহ! ভিসা থাকলে আমরাও একটু ভারত ঘুরে আসতে পারতাম!পাহাড়পুরের কথা বলে তো শেষ করা যাবে না। এখানে একটি জাদুঘরে কত যে পাথর আর ব্রোঞ্জের ভাস্কর্য দেখলাম! এখানে আছে ৪৭৯ খ্রিষ্টাব্দের একটি তাম্রশাসন। এটির আসল নাম সোমপুর মহাবিহার। পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল অষ্টম শতাব্দীতে বিহারটি নির্মাণ করিয়েছিলেন। অসাধারণ এই বিহারটির নান্দনিকতায় ভাসতে ভাসতেই আমাদের পরবর্তী গন্তব্য গোবিন্দভিটা আর মহাস্থানগড়। করতোয়ার তীরে গোবিন্দভিটা মহাস্থানগড় দেখলাম। বছর দশেক আগে যখন এসেছিলাম, তখন এগুলো ছিল অরক্ষিত। এবার দৃষ্টিনন্দন স্থাপনা দুটি দেখে মন ভরে গেল।মাত্র পাঁচ দিনে উত্তরবঙ্গের বেশকিছু ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে থেকে আমরা যেন নতুন জীবন খুঁজে পেলাম। শৌনক জানাল, ঢাকা মহানগরের ইট-কাঠ-কংক্রিটের মধ্যে থেকে বাংলাদেশকে ও বুঝতে পারেনি। এবার ও বুঝেছে, বাংলাদেশটা সত্যিই সুন্দর।কীভাবে যাবেনদল বেঁধে যাওয়াই ভালো। রোডম্যাপ তৈরি করে গেলে কোথা থেকে শুরু করে কোথায় শেষ করবেন, তা বোঝা সহজ হয়। পঞ্চগড় থেকে শুরু করলে বগুড়া বা সিরাজগঞ্জে এসে ভ্রমণ শেষ করলে ভালো হয়। পঞ্চগড়ে এসি বাস শিগগিরই চালু হবে। পঞ্চগড়ে হোটেলে থাকতে পারবেন।আর আগে থেকে যোগাযোগ করে গেলে সার্কিট হাউস। একটি ১২ আসনের এসি মাইক্রোবাস ভাড়া করলে দিনে তিন হাজার টাকা এবং তেলের খরচ দিতে হবে। দল বেঁধে গেলে খরচটা সবাই ভাগ করে নেওয়া যাবে।