
দৈনিক কতটুকু ইন্টারনেট ব্যবহার আপনার স্বাস্থ্যের জন্য ভালো? এই প্রশ্ন গুগলে সার্চ করলে নানা উত্তর সামনে চলে আসে। হাল জামানার ইন্টারনেট টিভি, নেটবুক, ট্যাবলেট আর ই-বুক রিডারের মাধ্যমেও সারা দিন ইন্টারনেট দুনিয়াতে ঘোরাঘুরি করি আমরা।
যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের তথ্যমতে, ১৬ থেকে ৫৪ বছর বয়সী মানুষের ইন্টারনেট ব্যবহারের হার সবচেয়ে বেশি। সোশ্যাল মিডিয়া হোক, আর অনলাইনে কেনাকাটা-ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য হোক, নানা কারণে প্রয়োজনে-অপ্রয়োজনে ইন্টারনেট ব্যবহার করে থাকেন সবাই। গড়ে মানুষ দিনে দুই থেকে আট ঘণ্টার বেশি ইন্টারনেটে সময় কাটায়। মুঠোফোনের কারণে কোনো কোনো ক্ষেত্রে ১৮ ঘণ্টা পর্যন্তও ২৩-২৪ শতাংশ তরুণ ইন্টারনেট ব্যবহার করে থাকেন। অতিরিক্ত কোনো কিছুই স্বাস্থ্যের জন্য যেমন ভালো নয়, তেমনি অতিমাত্রায় ইন্টারনেট ব্যবহারকে চিকিৎসক ও গবেষকেরা শারীরিক নানা সমস্যার কারণ হিসেবে চিহ্নিত করেন। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস পলিসি শিশুদের দিনে দুই ঘণ্টার বেশি ইন্টারনেট ব্যবহার করতে মানা করেন। কার্টুন দেখা কিংবা ফেসবুক-টুইটার বা অনলাইনে পড়াশোনার জন্যও দুই ঘণ্টার বেশি ইন্টারনেট ব্যবহার করতে মার্কিন চিকিৎসকেরা অভিভাবকদের পরামর্শ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, শুধু শিশু-কিশোররাই নয়, প্রাপ্তবয়স্কদের নানা শারীরিক ও মানসিক সমস্যা সৃষ্টি হতে পারে অতিরিক্ত ইন্টারনেট আসক্তির কারণে।
ইতিবাচক জীবনধারা বিকাশের জন্য দিনের নির্দিষ্ট একটি সময় ইন্টারনেট প্রয়োজনে ব্যবহারের পরামর্শ দেন তাঁর শিক্ষার্থীদের। মাত্রাতিরিক্ত যেকোনো কিছু শরীর ও মস্তিষ্কের জন্য ইতিবাচক নয় বলে মনে করেন তিনি।
অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে শিশু-কিশোরদের অনলাইনের মাধ্যমে সাইবার-বুলিংসহ নানা অনলাইন অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি যেমন বেড়ে যায়, তেমনি শারীরিক নানা জটিলতা স্থূলতা, মানসিক অস্থিরতা, ঘুম কমে যাওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা যায়। যুক্তরাষ্ট্রের কাইজার ফ্যামিলি ফাউন্ডেশনের গবেষণা প্রতিবেদন শিশুদের দিনে দুই ঘণ্টা, কিশোরদের চার ঘণ্টা এবং প্রাপ্তবয়স্কদের ছয় ঘণ্টার বেশি ইন্টারনেট ব্যবহার করতে পরামর্শ দিয়ে থাকে। সপ্তাহে ৪০ ঘণ্টার বেশি ইন্টারনেট ব্যবহারে মানসিক হতাশা, ক্রোধ আর অসহিষ্ণুতা বেড়ে যায় বলে মনে করেন গবেষকেরা।
ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে যা খেয়াল রাখবেন
* টানা অনেক সময় ইন্টারনেট কখনোই ব্যবহার করবেন না। অফিস কিংবা বাসায় ৩০-৪০ মিনিট পর পর একটু হাঁটাচলার অভ্যাস করুন। এতে শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকে।
* সকালে ঘুম থেকে উঠেই ই-মেইল কিংবা ফেসবুকের নোটিফিকেশন দেখার নামে মোবাইল বা ল্যাপটপ নিয়ে বসবেন না। সকালের সময়টুকুতে ব্যায়াম কিংবা নিজের অন্য হাতের কাজ গুছিয়ে নিতে পারেন।
* গাড়িতে চলাফেরা করার সময় সারাক্ষণ মুঠোফোনের দিকে তাকানোর অভ্যাস করবেন না। এতে ঘাড়ের ওপর মাত্রাতিরিক্ত চাপ তো থাকেই, চোখও জ্বালাপোড়া শুরু হয় কিন্তু।
* রাতে ঘুমানোর আগে ইন্টারনেটকে না বলুন! কোনোভাবেই মুঠোফোন বা ট্যাবলেটকে বালিশের পাশে নিয়ে ঘুমাবেন না। স্মার্টফোন বা ইলেকট্রনিক যন্ত্রের নীল আলো চোখের জন্য কিন্তু এমনিতে অস্বস্তিকর।
* শিশুকে ইন্টারনেট অধিক মাত্রায় ব্যবহার না করার পরামর্শ দিন। ক্ষতিকর দিকগুলো বুঝিয়ে বলুন।
* সংবাদপত্র কিংবা কাজের বইপত্র কাগজে পড়ার অভ্যাস ধরে রাখুন।
* যেকোনো মিটিংয়ে প্রবেশের আগে মুঠোফোনের ইন্টারনেট-সেবা বিচ্ছিন্ন করে নিন। এতে মিটিংয়ে মনোযোগ থাকবে বেশি।
* ঘন ঘন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন খেয়াল করার অভ্যাস কঠিনভাবে বন্ধ করুন। এতে ইন্টারনেট আসক্তি আরও বেড়ে যায়।
* ছুটির দিনগুলোতে পারতপক্ষে ইন্টারনেট থেকে একটু দূরে থাকার চেষ্টা করতে পারেন। নিজেকে কিংবা নিজের পরিবারকে সময় দিন, জীবনকে অন্যভাবে রঙিন করার সুযোগ নিন।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: ওয়েবরুট, জেএএমএ রিসার্চ ও সায়েন্স ডেইলি।