
বেল আর কতবেল দুটো ফলের নাম কাছাকাছি হলেও স্বাদে-গন্ধে তাদের বিস্তর ফারাক। বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ শামছুন্নাহার নাহিদ বলেন, কতবেল খেতে যেমন মজা, শরীরের জন্যও উপকারী। তবে যাঁরা কিডনি রোগে ভুগছেন এবং রক্তে পটাশিয়ামের পরিমাণ বেশি, তাঁরা ফলটি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে খাবেন।
এবার কতবেলের অন্যান্য গুণ সম্পর্কে জানা যাক।
রোগ প্রতিরোধে: ফলটি শক্তিবর্ধক হিসেবে কাজ করে, শারীরিক সক্ষমতা বাড়ায়। কতবেলের থায়ামিন ও রিবোফ্লাভিন হৃৎপিণ্ড এবং লিভার ভালো রাখতেও সাহায্য করে। বেলে থাকা ভিটামিন ‘সি’ শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের বিভিন্ন সংক্রমণ রোধ করে।
ডায়রিয়া আমাশয়ের পথ্য: কতবেলে ট্যানিন নামক একধরনের উপাদান থাকে, যেটি ডায়রিয়া এবং আমাশয় প্রতিরোধ করতে সক্ষম। এ ছাড়া অন্ত্রের কৃমিসহ অন্যান্য জীবাণু ধ্বংস করার ক্ষমতাও এই ফলটির।
বন্ধ্যাত্বে ঝুঁকি কমবে: কতবেল নারীর শরীরে প্রজেস্টেরন হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়। এই হরমনোটির মাত্রা শরীরে স্বাভাবিক থাকলে নারীদের বন্ধ্যত্বের ঝুঁকি কমে যায়।
চোখ ভালো রাখে: এ ফলটি বিটাক্যারোটিনের ভালো উৎস, যা থেকে ভিটামিন ‘এ’ তৈরি হয়। ভিটামিন ‘এ’ চোখের দৃষ্টিশক্তি যেমন ঠিক রাখে, তেমনি চোখের বাড়তি সুরক্ষাও দেয়।
ত্বক সুরক্ষায়: কতবেলে থাকা ভিটামিন ‘সি’ এবং অন্য উপাদানগুলো সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বক রক্ষা করে এবং ত্বকের স্বাভাবিক রং ঠিক রাখে। সেই সঙ্গে ত্বকের বলিরেখা দূর করার ক্ষমতাও রাখে কতবেল। এ ছাড়া মিউকাস মেমব্রেনের গঠনে সহায়তা করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
হজমে সহায়ক: যাঁদের হজমে গোলযোগ আছে, তাঁরা খেতে পারেন কতবেল। হজমের সমস্যা যেমন মিটবে, সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্য দূর করতেও খুব কার্যকর ভূমিকা পালন করে।
পাকস্থলীর আলসার দূর: কতবেলে থাকে অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ ফেনলিক কম্পাউন্ড। এটি পাকস্থলীতে অ্যাসিডের ভারসাম্য রক্ষা করে। আলসার নিরাময়ের অস্ত্র হিসেবে কাজ করে।
অধুনা প্রতিবেদক