কত্থক নাচে সুরের বুনন
নয়ন সমুখে নেই প্রিয়তম, প্রিয়ার মন তাই উচাটন। শোয়েবের ঠুমরি গুমরে কাঁদে, তাই যেন অনূদিত হচ্ছে দেহ ভঙ্গিমায়, নৃত্যের ছন্দে। সুরের কান্না থামলে থামল নূপুরের নিক্বণ। মুনমুন আহমেদের কত্থক নাচের উত্তুঙ্গ আনন্দে ভেসে দর্শকেরাও আত্মহারা!‘অঞ্জলি লহ মোর সংগীতে...’ শাস্ত্রীয়সংগীতের অপার্থিব সুর মূর্ছনায় মঞ্চে এসেছিলেন মুনমুন। দাদরা, ত্রিতাল ও কাহারবার বোলে লয়ের প্রলয়ে নৃত্যের অপরূপ রূপ দেখালেন তিনি। ঘোড়া থেকে তীর ছোড়া, ঝিকঝিকাঝিক ট্রেন চলা সবই করে দেখালেন ঘুঙুরের ছন্দে, নৃত্যের আনন্দে।গান, নাচ আর কথার বুননে সত্যি অসাধারণ হয়ে উঠেছিল দ্য ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আয়োজন সেলিব্রেটিং লাইফ। সংগীতানুষ্ঠানে গান করেন ফাহমিদা নবী, স্বর্ণময় চক্রবর্তী। আলোচনা পর্বে বক্তব্য দেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের করপোরেট প্রধান বিটপি দাশ চৌধুরী, সেলিব্রেটিং লাইফের সমন্বয়কারী রাফি হোসাইন ও চট্টগ্রাম ব্যুরো প্রধান রইসুল হক। মাহফুজ আনাম বলেন, ‘ভবিষ্যতের বাংলাদেশের কথা আমাদের এখনই ভাবতে হবে। বর্তমানে পানির স্তর দিন দিন নিচে নামছে। নদীমাতৃক এ দেশের নদীগুলো বাঁচানোর উদ্যোগ এখনই নিতে হবে।’তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম দেশের প্রাণ, এ অঞ্চলের পাঠকদের নিয়ে আমরা সবসময় ভাবি। তাই তো প্রথম আলো-ডেইলি স্টার যৌথভাবে চট্টগ্রামে প্রেস বসিয়েছে। সকালে গরম চায়ের সঙ্গে খবরের কাগজ না হলে জমে না। আমরা চট্টগ্রামের পাঠকদের জন্য সেই ব্যবস্থা করেছি।’সংগীতানুষ্ঠান শুরু হয় ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তীর শাস্ত্রীয়সংগীতের মাধ্যমে। তিনি ভীমপলশ্রী ও ঠুমরি গেয়ে আসরে সুরের মায়া ছড়ান। এরপর মুনমুন আহমেদের কত্থক নাচের জাদু। উল্লেখ্য, সাধারণভাবে নৃত্যশিল্পীরা সিডি বাজিয়ে নৃত্য পরিবেশন করেন, কিন্তু এখানে সরাসরি (লাইভ) গেয়েছেন শিল্পী শোয়েব, বাজিয়েছেন সঙ্গীরা। তাঁদের সঙ্গে যেন যুগলবন্দী করলেন মুনমুন। সব শেষে মঞ্চে এলেন ফাহমিদা নবী। ‘লুকোচুরি লুকোচুরি গল্প...’ গেয়ে সুরের জালে বন্দী করেন দর্শকদের। তাঁর বাবার গাওয়া সেই বিখ্যাত গান ‘তুমি যে আমার কবিতা...’ গাওয়ার জন্য সাহসী একজনকে মঞ্চে আহ্বান করেন ফাহমিদা। দুজন সাহসী তাঁর সঙ্গে কণ্ঠ মেলান কিন্তু সুর মেলেনি। অগত্যা মঞ্চে ছুটে গেলেন কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী। তিনি ফাহমিদার সঙ্গে সুর মেলালেন। সে সুরে মোহিত হলেন সবাই।