দুখিরাম রুই আর ছিদাম রুই। তারা দুই ভাই। জমিদারের জমি চাষ করে কোনোরকম চলে এদের অভাবের সংসার। দুজনের বেশ মিল। কিন্তু বউরা ঠিক উল্টো। সারাক্ষণ লেগে থাকে ঝগড়া। একদিন দুই ভাইকে জমিদার তার কাচারিতে চাল ঠিক করাতে নিয়ে যায়। যার জন্য জমির ফসল কাটা হয় না তাদের। রেগে বাসায় ফিরে দুই ভাই। দুখিরাম বউকে ভাত দিতে বলে। কিন্তু ঘরের উনুনও জ্বলল না সেদিন। রাগারাগি হয় বউয়ের সঙ্গে। একপর্যায়ে খেপে দুখিরাম দায়ের কোপ বসিয়ে দেয় বউয়ের মাথায়। বউ মারা যায়। কৌশলে দোষ দেওয়া হয় ছিদামের বউ চন্দরার ঘাড়ে। ছিদাম ভাবে, বউ হারালে বউ পাওয়া যাবে। কিন্তু ভাই হারালে...! অবশেষে মিথ্যা অভিযোগে শাস্তি হয় চন্দরার। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প শাস্তি পড়েননি এমন পাঠক খুঁজে পাওয়া মুশকিল।
নাট্যচর্চায় ৩২ বছর উপলক্ষে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে কথক নাট্য সমপ্রদায় আয়োজিত ত্রয়ী নাট্যসম্ভারের প্রথম দিন ১৪ মার্চ মঞ্চস্থ হয় নাটক শাস্তি। নির্দেশনা দিয়েছেন আহমেদ ইকবাল হায়দার। এটি কথক নাট্য সমপ্রদায়ের ১৮ তম প্রযোজনা।
দ্বিতীয় দিন মঞ্চস্থ হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যারের মুচিরাম গুড়। এতে নির্দেশনা দিয়েছেন বিক্রম চৌধুরী। নাটকে উঠে এসেছে এক শ্রেণীর মানুষ কীভাবে তোষামোদ করে ক্ষমতায় টিকে থাকে। সমাজে প্রতিটি ক্ষেত্রে এই চরিত্র বিদ্যমান। তেমনি একজন ছিল মুচিরাম গুড়। নানা চড়াই-উতরাই পেরিয়ে যে একসময় বনে যায় রাজা মুচিরাম রায় বাহাদুর।
শেষ দিন মঞ্চস্থ হয় নাটক অতি সাধারণ চিকিৎসক। নাটকের পাশাপাশি প্রতিদিন মুক্তমঞ্চে ছিল আলোচনা ও সংগীতানুষ্ঠান।