পদ্মার বুকে বজরা নিয়ে ঘুরেছেন রবীন্দ্রনাথ। থেকেছেন শিলাইদহসহ পূর্ববঙ্গের বিভিন্ন স্থানে। সেসব অভিজ্ঞতার নানা টুকরো ছবি ছড়িয়ে আছে তাঁর গানে, কবিতায় ও গল্পে। তবে রবীন্দ্রনাথ কেবল পূর্ববঙ্গের প্রকৃতির রূপ-মাধুর্যকে তুলে আনেননি, এর আড়ালে যে শোষণ-বঞ্চনার ছবি আছে তারও চিত্রায়ণ করেছেন। ছোটগল্প ‘শাস্তি’ তার অনন্য উদাহরণ। ২৫ এপ্রিল থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘শাস্তি’ গল্পের দরিদ্র কৃষক দুখীরাম ও ছিদামের জীবনের দীর্ঘশ্বাস আরও একবার শুনল দর্শক।
রবীন্দ্রনাথের ‘শাস্তি’ গল্পটি মঞ্চে এনেছে কথক নাট্য সম্প্রদায়। নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন আহমেদ ইকবাল হায়দার। কথকের ৩৪ বছর পূর্তি উপলক্ষে চার দিনের নাট্যোৎসবের শেষ দিনে মঞ্চস্থ হয় নাটকটি।
‘নাট্য চতুষ্টয়’ শিরোনামে ২২ এপ্রিল শুরু হওয়া এই উৎসবে নাটকের পাশাপাশি ছিল কবিতা আবৃত্তি, নাচ, গান ও মূকাভিনয়। ২২ এপ্রিল বিকেল পাঁচটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মুক্ত মঞ্চে উৎসবের উদ্বোধন করেন নাট্যজন মামুনুর রশীদ। উদ্বোধনের পর কথক নাট্য সম্প্রদায়ের সভাপতি বিক্রম চৌধুরীর সভাপতিত্বে কথামালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. অনুপম সেন। অতিথি ছিলেন থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের পরিচালক আহমেদ ইকবাল হায়দার, নান্দিকার নাট্য সম্প্রদায়ের সভাপতি অলক ঘোষ ও মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়ের সভাপতি সুচরিত দাশ।
আলোচনা সভা শেষে সৈয়দ শামসুল হকের নাটক নুরলদীনের সারা জীবন থেকে আবৃত্তি করে শোনান আবৃত্তিশিল্পী রাশেদ হাসান। এরপর ছিল অভ্যুদয় সংগীত অঙ্গনের সংগীত পরিবেশনা। সন্ধ্যা সাতটায় মূল মিলনায়তনে কথক পরিবেশন করে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নাটক চার অধ্যায়। নির্দেশনায় ছিলেন বিক্রম চৌধুরী।
উৎসবের দ্বিতীয় দিন ২৩ এপ্রিল থিয়েটার ইনস্টিটিউটের মুক্তমঞ্চে গান পরিবেশন করেন সৃজামী সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা। এরপর নৃত্য পরিবেশন করে ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট। নাচের পর মূকাভিনয় পরিবেশন করে প্যান্টোমাইন মুভমেন্ট। মূল মঞ্চে সন্ধ্যা সাতটায় ছিল কথকের অতি সাধারণ চিকিৎসক নাটকের মঞ্চায়ন। নির্দেশনায় ছিলেন বিক্রম চৌধুরী।
উৎসবের তৃতীয় দিন ২৪ এপ্রিল মুক্ত মঞ্চে বিকেল সাড়ে পাঁচটায় আবৃত্তি পরিবেশন করেন প্রমা ও বোধনের সদস্যরা। এরপর ছিল স্কুল অব ওরিয়েন্টাল ডান্সের শিল্পীদের নাচ পরিবেশনা। মূল মিলনায়তনে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হয় কথকের মুচিরাম গুড় নাটকটি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে নির্মিত এই নাটকেরও নির্দেশনায় ছিলেন বিক্রম চৌধুরী।
উৎসবের শেষ দিনের ২৫ এপ্রিল বিকেল সাড়ে পাঁচটায় শুরুতে নাচ পরিবেশন করে নৃত্য নিকেতন। একক গান পরিবেশন করেন লাকি দাশ, তাশফিয়া আবেদীন ও চিত্রসিঁথি দত্ত। এরপর মূল মিলনায়তনে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক শাস্তি। এতে অভিনয় করেন কেয়া রায়, সুদর্শন চক্রবর্তী, কেশব রায়, ইসমাইল হোসেন, নাসির উদ্দিন, বিক্রম চৌধুরী, সালমা বেগম, জানে আলম ও শাহীন চৌধুরী।