কথন সাহিত্য সম্মাননা পেলেন মানজুর মুহাম্মদ ও মিজানুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথনের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন সংগঠনের সদস্যরা
কথনের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন সংগঠনের সদস্যরা

শিশুসাহিত্য পত্রিকা কথন–এর উদ্যোগে শিশুসাহিত্যিক মানজুর মুহাম্মদ ও ছড়াকার মিজানুর রহমানকে সম্মাননা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে ৭ মার্চ সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গীতিকার ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি অরুণ দাশ গুপ্ত। বিশেষ অতিথি ছিলেন কবি ওমর কায়সার, কবি নাজিমউদ্দিন শ্যামল, রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ কামাল উদ্দিন। স্বাগত বক্তব্য দেন শিশুসাহিত্যিক এমরান চৌধুরী।
প্রধান অতিথি অরুণ দাশ গুপ্ত বলেন, ছড়া কবিতারই আরেকটি রূপ। ছড়ার অবদান চিরন্তন। ছড়া শুধু শিশুসাহিত্যের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। নিয়তই সমসাময়িক সমাজের চিত্র তুলে ধরছে। বাংলা সাহিত্যে ছড়ার আবেদন চিরস্থায়ী। কথন পরিবার আজ যে উদ্যোগ নিয়েছে, তা ভবিষ্যতে শিশুসাহিত্য বিকাশে সহায়তা করবে এবং এখানকার তরুণ লেখকদের উদ্দীপ্ত করবে। প্রধান অতিথি সংবর্ধিত দুই লেখকের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন।
আবৃত্তিশিল্পী দিলরুবা খানমের উপস্থাপনায় এ অনুষ্ঠানে আবৃত্তি ও ছড়াপাঠে অংশ নেন ছড়াকার ইকবাল বাবুল, দীপক বড়ুয়া, সৈয়দ খালেদুল আনোয়ার, উৎপলকান্তি বড়ুয়া, অনিন্দ্য বড়ুয়া, আল জাবেরী, সাঈদুল আরেফীন, ইলিয়াস বাবর, নজরুল জাহান, সনজিৎ দে, জসিম উদ্দিন মাহমুদ, আখতারুল ইসলাম, রমজান আলী মামুন, শফী সুমন প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শোর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। বিজ্ঞপ্তি।