কবি শামসুর রাহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১২ আগস্ট রোববার বিকেলে চেরাগি পাহাড়ার ইসলামাবাদি মেমোরিয়াল হল মিলনায়তনে ‘তুমি নিঃশ্বাস, তুমিই হূৎস্পন্দন’ শিরোনামের এক অনুষ্ঠানের আয়োজন করেছে প্রমা আবৃত্তি সংগঠন। অনুষ্ঠানে কবি শামসুর রাহমানকে নিয়ে আলোচনা ও স্বরচিত কবিতা পাঠ করেন কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত, কবি ও সাংবাদিক আবুল মোমেন, কবি খালিদ আহসান, কবি কামরুল হাসান, মঞ্জুর রহমান ও মুনিরুল মুনির।আলোচকেরা বলেন, কবি শামসুর রাহমান একজন আধুনিক কবি ছিলেন। ত্রিশের দশকে রবীন্দ্র-পরবর্তী সময়ে জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী এবং তাঁদের পর শামসুর রাহমানের কবিতা নতুন করে পাঠককে আধুনিক নাগরিক চেতনা ও রুচির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বিভিন্ন আন্দোলন-সংগ্রামের ওপর ভিত্তি করে তাঁর কবিতা রচিত হয়েছে। ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনকে নিয়ে তিনি কবিতা লিখেছেন। তাঁর কবিতায় বাংলাদেশের ইতিহাস খুঁজে পাওয়া যায়।বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অসামান্য অবদান রাখে শামসুর রাহমানের কবিতা। বন্দী শিবির থেকে কাব্যগ্রন্থের দুটি কবিতা ‘স্বাধীনতা তুমি’ ও ‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’ বাংলাদেশে এ পর্যন্ত সবচেয়ে বহুল পঠিত কবিতা।বাংলাদেশের সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে শামসুর রাহমানের কাব্য রচিত হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে আবৃত্তি পরিবেশন করেন রণজিৎ রক্ষিত, ফারুক তাহের, শুভ রক্ষিত, বাপ্পী হায়দার, মশরুর হোসাইন, মুজাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ। প্রমার পক্ষ থেকে আবৃত্তি করেন সংগঠনের সভাপতি রাশেদ হাসান, কঙ্কণ দাশ, শর্মিষ্ঠা বড়ুয়া, মোহিত বিশ্বাস, এ টি এম সাইফুর রহমান, রুনা চৌধুরী, নাজমুল আলিম, জোবায়ের জুয়েল, রাজু দাশগুপ্ত ও আফরিন নিগার। অনুষ্ঠানে কবি শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ ও ‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’ কবিতা দুটি থেকে আবৃত্তি পরিবেশন করেন প্রমার শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার প্রশিক্ষণার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল।