কথা আর গানে গজল সম্রাট মেহদি হাসান ও ওস্তাদ মোহনলাল দাশকে স্মরণ করলেন শিল্পীরা। ওস্তাদ মোহনলাল দাশ স্মৃতি সংসদের উদ্যোগে শিল্পকলা একাডেমীতে ১৮ জুলাই তাঁদের স্মরণে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সভায় সভাপতিত্ব করেন স্বপন কুমার দাশ। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর্যসংগীত সমিতি সুরেন্দ্র বিদ্যাপীঠের অধ্যক্ষ ওস্তাদ মিহির লালা। বিশেষ অতিথি ছিলেন গীতিকার সুরজিত রাহা, ওয়ার্ড কাউন্সিলর রেহানা বেগম ও সাংস্কৃতিককর্মী আলী আজম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন গীতিকার রাজীব শীল । প্রধান অতিথি মিহির লালা বলেন, ক্ষণজন্মা ওস্তাদ মোহনলাল দাশের মতো একজন সংগীত সাধক খুঁজে পাওয়া বিরল। ‘হারানো দিনের কথা মনে পড়ে যায়’, ‘ওরে সাম্পানওয়ালা’ ‘চারাগাছে ফুল ফুইটাছে’ এর মতো অনেক কালজয়ী গানের স্রষ্টা। এ ছাড়া তিনি ছিলেন স্বাধীন বাংলা বেতারের একজন শব্দ সৈনিক। গজল সম্রাট মেহদি হাসানকে স্মরণ করে তিনি বলেন, ষাট দশকের পর থেকেই গজল অঙ্গনে একক আধিপত্য বিস্তার করেছিলেন এ মহান শিল্পী। তিনি গেয়েছেন ‘গুল মে রাঙ্গ ভারে’, ‘রাফতা রাফতা’, ‘দুনিয়া কিসিকে পেয়ার’, ‘হারানো দিনের কথা মনে পড়ে যায়’-এর মতো অসংখ্য গান। সভায় আরও বক্তব্য দেন ফারুক হাসান ও ভাস্কর ডিকে দাশ। এর পরই অভিষেক দাশের পরিচালনায় অনুষ্ঠিত হয় সংগীতানুষ্ঠান। গজল পরিবেশন করেন রাজীব ভট্টাচার্য, পূর্ণিমা দাশ ও স্বপন কুমার দাশ।