‘চট্টগ্রাম সংগীতের শহর। ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও মোহন লাল দাশের মতো বহু গুণীজন এ চট্টগ্রামে থেকে দেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ভিত নির্মাণ করে গেছেন। বর্তমান প্রজন্মের সংগীতজ্ঞরাও ধরে রেখেছেন সেই ধারাবাহিকতা।’ ১৫ এপ্রিল নগরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিল্পী স্বপন কুমার দাশের জীবন ও সৃষ্টি কর্মের ওপর আলোচনা সভা ও সংগীত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম। এরপর আর্য্য সংগীত সমিতির অধ্যক্ষ ওস্তাদ মিহির লালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ডি কে দাশ মামুন।ড. মনিরুজ্জামান বলেন, সংগীতের বিভিন্ন শাখায় শিল্পী স্বপন কুমার দাশের অবাধ বিচরণ। তবে তিনি তাঁর ভক্তিমূলক গানের জন্যই দর্শকের হূদয়ে আসন করে নিয়েছেন।আলোচনা সভার পর শিল্পীকে সম্মাননা জানানো হয়। স্বপন কুমার দাশকে উত্তরীয় পড়িয়ে দেন ড. মনিরুজ্জামান। এরপর শিল্পী স্বপন কুমার দাশের জীবনের ওপর ভাস্কর ডি কে দাশ লিখিত মুক্ত বিহঙ্গ ও অভিষেক দাশ সম্পাদিত চট্টগ্রামের আঞ্চলিক ১০০ গানের সংকলন সাম্পানওয়ালা গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করা হয়।আলোচনা ও মোড়ক উন্মোচনের পর শুরু হয় সংগীতানুষ্ঠান। শুরুতেই শিল্পী স্বপন কুমার দাশের সুর করা ‘আমি আকাশের বুকে রংধনু হয়ে তোমাকে রেখেছি’ গানটি নিয়ে মঞ্চে আসেন আলী আরিফ। এরপর বীণাপানি চক্রবর্তী ‘যেও না, যেও না, আরও থাক কিছুক্ষণ’ ত্রিদিপ বড়ুয়া ‘তুমি কাছে এলে বড় ভালো লাগে’ ও শুভ্রা চৌধুরী গেয়ে শোনান ‘শোন ময়না শোন’। তাঁদের পর গানের ডালি নিয়ে আসেন শিল্পী স্বপন কুমার দাশ। তিনি একে একে গেয়ে শোনান ‘হারানো দিনের কথা মনে পড়ে যায়’, ‘আর কত রব বল তোমারি আশায়’, ‘যাবে বলে গাইলে না গান’, ‘জাগো মা দুর্গা’, ‘লোকারণ্যে হয় নারে প্রেম’, ‘জন্ম যদি হতো আমার ঐ মদীনায়’সহ আরও কয়েকটি গান। সবশেষে মঞ্চে আসেন রাজীব ভট্টাচার্য। তিনি ‘আমার সাধের পালকি থাকে এখন জাদুঘরে’ এবং ‘এ বুকেতে যদি ভালোবেসে মাথা রাখো’ গান দুটি পরিবেশন করেন।