কথা ও সুরে মাহমুদুন্নবীকে স্মরণ
কথা ও গানের অর্ঘ্যে ২২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে স্মরণ করা হয় শিল্পী মাহমুদুন্নবীকে। গত শতাব্দীর ষাট থেকে আশির দশকের বাংলা গানের স্বর্ণযুগের এই শিল্পীর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে চিটাগাং কালচারাল একাডেমি। স্মৃতিজাগানিয়া এ সন্ধ্যায় অমর কণ্ঠশিল্পীর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন ওস্তাদ আজিজুল ইসলাম। তিনি বলেন, ষাটের দশক থেকে আজ অবধি বাংলা গানকে যাঁরা সমৃদ্ধ করেছেন, বাংলা গানের শ্রোতারা যাঁদের কাছে বার বার ফিরে আসেন শিল্পী মাহমুদুন্নবী তাঁদের মধ্যে অন্যতম। তিনি এ দেশের সংগীতে নতুন ধারার প্রবর্তন করে সেগুলোকে জনপ্রিয় করেছেন।মাহমুদুন্নবীর গাওয়া গানের সম্ভার নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী শাহরিয়ার খালেদ ও সুতপা চৌধুরী। তাঁদের গানের ফাঁকে শিল্পীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে কথা বলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট রেহানা বেগম। কণ্ঠশিল্পী শাহরিয়ার খালেদ এ অনুষ্ঠানে একের পর এক গান পরিবেশন করেন। এর মধ্যে বেশ কিছু অপ্রচলিত গানও ছিল। শিল্পী সুতপা চৌধুরী পাঁচটি গান পরিবেশন করেন। এ ছাড়াও এ দুজন দ্বৈতকণ্ঠে ছয়টি গান পরিবেশন করেন। পুরো অুনষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিকার আয়েশা হক।