কথা কম কাজ বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মি. বিন চরিত্রে অভিনয় করে রোয়ান সেবাস্টাইন অ্যাটকিনসন খ্যাতি পেয়েছেন বিশ্বব্যাপী। রোয়ানের জন্ম ১৯৫৫ সালের ৬ জানুয়ারি। লেখাপড়া করেছেন তড়িৎ প্রকৌশল বিষয়ে।আমাকে দেখলে অনেকেই মনে করেন, আমি বোধ হয় সিনেমার রুপালি পর্দার মতো বাস্তবেও সবাইকে হাসাব। কিন্তু আসলে ঘটনা সে রকম নয় মোটেও। ব্যক্তিগত জীবনে আমি কিছুটা চুপচাপ স্বভাবের। প্রয়োজনের অতিরিক্ত কথা বলতে আমার মোটেও ভালো লাগে না। অবশ্য প্র্যাকটিক্যাল জোক ব্যাপারটা আমার খুব বেশি ভালো লাগে। আর আমি কথা কম বলতে পছন্দ করি বলেই হয়তো আমার মি. বিন চরিত্রেও তার প্রতিফলন দেখা যায়। আমাকে অনেকের কাছ থেকেই একই প্রশ্ন শুনতে হয়। প্রশ্নটা হলো, কী করে মি. বিন দুনিয়াজুড়ে এত জনপ্রিয়। তখন আমি তাদের বলি, আসলে মি. বিন হলো প্রাপ্তবয়স্ক মানুষের খোলসে আটকে পড়া এক শিশু। সব দেশেই শিশুদের একইভাবে দেখা হয়। পৃথিবীর যে প্রান্তেই যাওয়া যাক না কেন, শিশুদের ভাব প্রকাশের ভঙ্গি একেবারে এক। মি. বিনের চরিত্রে অভিনয় করার সময়ও আমার মাথায় সেটা থাকে। আমি একেবারে যেটুকু কথা না বললেই নয়, শুধু সেটুকু কথাই বলি আর বাকি সবটা আমার অঙ্গভঙ্গি দিয়ে প্রকাশ করি। এ কারণে সারা পৃথিবীর সব জাতির, সব ভাষাভাষী মানুষই আমার ভাষা বুঝতে পারে। আমাকে মানে মি. বিনকে পছন্দ করে তারা।আমি ছোটবেলা থেকেই হাস্যরসিকতা পছন্দ করি। কিন্তু কখনো সেটাকে পেশা হিসেবে নেওয়ার কথা চিন্তা করিনি। আমার বাবার একটা ছোটখাটো খামার ছিল। ছোটবেলায়ই বুঝতে শিখেছিলাম যে আমরা খুব বেশি ধনী নই। তাই আমাদের ছোটবেলাটা বেশ সাদামাটাভাবেই কেটেছে। ভালোভাবে বুদ্ধি হওয়ার আগেই দেখলাম, আমার দুই ভাই পড়াশোনা করতে বাড়ি ছাড়লেন। আমি যখন ১০ বছর বয়সে পা রেখেছি, তখন আমার দুই ভাই ব্যবসায় তাঁদের ক্যারিয়ার গড়া শুরু করেছেন। যা-ই হোক, আমাকেও আমার বড় দুজনের পথ অনুসরণ করে পড়াশোনার জন্য বাড়ি ছেড়ে ডারহাম যেতে হলো। ডারহাম গিয়ে আমি ওখানকার ডারহাম ক্যাথেড্রাল স্কুলে ভর্তি হয়েছিলাম। আমি আর টনি ব্লেয়ার (যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী) একই সঙ্গে পড়তাম। টনি বেশ গম্ভীর ধরনের ছিল। আর আমি ছিলাম বেশ আমুদে আর রসিক। তবে আমাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব ছিল। ভাবতে ভালোই লাগে যে একজন প্রধানমন্ত্রী আমার ছোটবেলার খেলার সাথি ছিলেন। একটা কথা বলার লোভ সামলাতে পারছি না। আমি কিন্তু বরাবরই প্রথম সারির মেধাবী শিক্ষার্থী ছিলাম। অবশ্য আমি সব সময় যে শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতাম, তা-ও কিন্তু নয়। আমি ওই স্কুলে একটা ফিল্ম সোসাইটিও চালাতাম, যার কাজ ছিল শিক্ষার্থীদের বিভিন্ন শিশুতোষ বা হাসির সিনেমা দেখানো।বিশ্বাস করুন আর না-ই করুন, আমি নিজে কিন্তু আমার ১২ বছর বয়সের আগে কখনো টেলিভিশন দেখিনি। সেই আমিই কিনা ফিল্ম সোসাইটিতে চার্লি চ্যাপলিন, লরেল অ্যান্ড হার্ডি—এঁদের সিনেমা দেখে নিজের অজান্তেই এঁদের নকল করা শুরু করলাম। আমি স্কুলের মঞ্চনাটকে ব্যাকস্টেজে কাজ করতাম। কিন্তু যখন মঞ্চে অভিনয় করতাম, তা হতো আরও ভালো। এ রকম দেখে স্কুলের প্রধান শিক্ষক আমাকে প্রথমবারের মতো বলেন অভিনয়টাকে সিরিয়াসলি নিতে। আমি নিয়েওছিলাম। সহপাঠীদের, শিক্ষকদের সব সময় হাসিয়েছি আমার অভিনয় দিয়ে। কিন্তু তখন আমার আসল যে দায়িত্বটা মানে পড়াশোনা সেটা কিন্তু পালন করেছি ঠিকভাবে। আমি পরীক্ষায় সব সময় ভালো নম্বর পেতাম। এ জন্যই একসময় স্কুল-কলেজের পাট চুকিয়ে নিউ ক্যাসেল ইউনিভার্সিটি ও অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছি। এবং এভাবেই একদিন তড়িৎ প্রকৌশলী হয়ে গেলাম।তবে একটা বিষয় আমি জানতাম প্রকৌশলের ওপর আমার থিসিস জমা দেওয়ার আগেই। সেটা হলো, আমি আমার ক্যারিয়ার আর প্রকৌশল দিয়ে গড়ব না। বরং আমি আমার ক্যারিয়ার গড়ব কমেডিতেই, অভিনয়েই। যেই ভাবা সেই কাজ। আমি আর আমার দুই বন্ধু এক অনুষ্ঠানে মঞ্চাভিনয় করে সাড়া ফেলে দিলাম। ওখানে আমার অভিনয় দেখেছিলেন এক সুপ্রতিষ্ঠিত ফিল্ম এজেন্ট। আমার অভিনয় তাঁর ভালো লাগল। তিনি আমার সঙ্গে কথা বললেন। তার পর থেকে তিনি আমারও এজেন্ট হয়ে গেলেন। আমার ভাগ্যের মোড় ঘুরে গেল। বিয়ন্ড দ্য জোক-এ অভিনয় করলাম। তারপর বিবিসিতে অনুষ্ঠান করার আমন্ত্রণ পেলাম। আমি তখন যেন বিশ্বাস করতে পারছিলাম না। যা-ই হোক, বিবিসিতে ‘নট দ্য নাইন ওক্লক নিউজ’ অনুষ্ঠানটি আমাকে খ্যাতি এনে দিল। এরপর ‘দ্য ব্ল্যাক এডর সিরিজ’ আমাকে মানুষের কাছে আরও বেশি পরিচিত করে দিল। অনুষ্ঠানটি এত জনপ্রিয়তা পেল যে এটার পাঁচটি সিরিজ তৈরি হলো।এবার বলি আমার আরেক সত্তার কথা। মি. বিন। হ্যাঁ, মি. বিন হলো আমার আরেক সত্তা। মি. বিনের মূল চরিত্রে অভিনয় আমাকে পুরো বিশ্ববাসীর কাছে পরিচিত করে তুলল। আমি যেখানেই যাই না কেন, লোকজন আমার পিছ আর ছাড়ে না। তারা আমাকে তাদের হূদয়ে স্থান দিয়েছে মি. বিন চরিত্রের কারণে। নব্বইয়ের শুরুতে মি. বিন সিরিজ টিভিতে আসার পর থেকে ২০ বছর ধরে আমি এই চরিত্রে অভিনয় করে যাচ্ছি। শুরুতে শুধু টিভি সিরিয়াল ছিল, কিন্তু যখন মি. বিন নিয়ে সিনেমা এল, তখনো আমি দর্শকদের মন খুলে হাসার সুযোগ করে দিয়েছি।সবাই জানতে চায়, আমি কী করে এমন একটা চরিত্র ফুটিয়ে তুলি। উত্তর খুব সহজ। আমি খুব সিরিয়াসভাবে কমেডি করার চেষ্টা করি। পুরো সময় মানুষ আমার অঙ্গভঙ্গি দেখেই হাসে, কথা বলি নিতান্তই সামান্য। অন্যকে হাসিয়ে নিজেও হাসি। আমি অনেক বাকপটু চরিত্রেও অভিনয় করেছি, যেখানে আমাকে অনেক বেশি কথা বলতে হয়েছে। কিন্তু আমি মি. বিন চরিত্রে অভিনয় করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ আমি কথা কম, কাজ বেশি নীতিতে বিশ্বাসী।সূত্র: ওয়েব সাইট। ইংরেজি থেকে অনুবাদফয়সাল হাসান