কথা নিয়ে কথা বন্ধুদের সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছয়-নয়, ঘড়ির কাঁটা ছয়টা বেজে ১৫ ছুঁয়েছে। আর ছয়-নয়ে আপনার সঙ্গে আছি আমি জয়ী। থাকব পুরোটা সময়। এর মধ্যে খুদে বার্তা পাঠাতে পারেন, জানাতে পারেন আপনার মনে কথা। কী গান শুনতে চান, কী করছেন এই সকালে। আর এই শুভ্র সকালে আপনার জন্য রইল শুভ কামনা।’ এ প্রত্যাশা রেখে আবির্ভাব ঘটে রেডিও এবিসির কথাবন্ধু জয়ীর।শুধু জয়ী নন, আরও আছেন পম্পা, শাওনসহ অনেকেই। কথা হচ্ছে সবার প্রিয় কথাবন্ধুদের নিয়ে। কীভাবে এলেন এ পেশায়—প্রশ্ন করতেই জয়ী বলেন, ‘আমার শুরুটা হঠাৎ করেই। প্রথম স্টেশন রেডিও টুডে। দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ চলল, শেষ পর্যন্ত টিকে গেলাম। এটা তো আরও চার বছর আগের কথা, সেই থেকে কথাবন্ধু হয়ে আছি। ইতিমধ্যেই কাজ করেছি কয়েকটি এফএম স্টেশনে। বর্তমানে আছি রেডিও এবিসিতে। পম্পার ইচ্ছে ছিল পারফরমিং আর্টে কাজ করার। সেটা যেকোনো কিছুই হতে পারে। রেডিওতে কাজ করার সুচিন্তিত কোনো উদ্দেশ্য ছিল না তাঁর। সুযোগ পেয়ে তাই হয়ে গেলেন কথাবন্ধু। এদিকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে কথাবন্ধু হওয়ার প্রস্তাব পান শাওন। সুযোগটা কাজে লাগানোর সিদ্ধান্ত নেন তখনই। এরপর যাচাই-বাছাইয়ের বৈতরণী পার হয়ে একসময় তিনিও হয়ে গেলেন কথাবন্ধু। ব্যক্তিগত জীবনে জয়ী পড়েছেন নৃ-বিজ্ঞানে, পম্পা পদার্থবিজ্ঞানে আর শাওন প্রত্নতত্ত্বে। কথাবন্ধুর কাজ করতে করতেই তিনি ইতিমধ্যে শেষ করেছেন পড়াশোনার পাটও। কাজটা খুবই উপভোগ করেন জয়ী। তিনি বলেন, শ্রোতারা বিভিন্ন রকম অনুরোধ পাঠায় খুদে বার্তার মাধ্যমে। অনুরোধগুলো রাখার চেষ্টা করি। গান শোনানোর পাশাপাশি সংবাদ বা নতুন কোনো তথ্য দিতেও সচেষ্ট থাকি। সব সময় কিছু না কিছু নতুনত্ব আছে কাজটার মধ্যে। একই মত পম্পারও। নিজেকে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করতে না পারলে শ্রোতারা আমার কথা কেন শুনবেন? বলেন তিনি। কথাবন্ধু শাওনও সুর মেলান তাঁর সঙ্গে। শাওন বলেন, কথাবন্ধুকে হতে হবে সবজান্তা। এ সময় হেসে ওঠেন তিনজনই। প্রশ্ন ওঠে, তাহলে কি কথাবন্ধুকে হতে হবে সবজান্তা শমসের? একটু ঝেড়েকেশে শাওন বলেন, আসলে ঠিক তা নয়। সব বিষয়েই কিছুটা ধারণা থাকা চাই কথাবন্ধুদের। আর আকর্ষণীয় হতে হবে কণ্ঠস্বর। প্রশ্ন করি শাওনকে, তাহলে কি দাবি করছেন আপনার কণ্ঠস্বর আকর্ষণীয়? আবারও হেসে ওঠেন সবাই। তাঁদের হাসিই বলে দিচ্ছে উত্তরটা কী। কথাবন্ধু হওয়ার পাশাপাশি আর কি করার ইচ্ছা? জয়ীর উত্তর, ‘যেহেতু নৃ-বিজ্ঞানে পড়েছি, তাই এ বিষয়ে উচ্চতর ডিগ্রি নিতে চাই। পাশাপাশি কথাবন্ধুর দায়িত্বটিও চালিয়ে যাব।’ পম্পাও পদার্থবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নেওয়ার পাশাপাশি করতে চান কথাবন্ধুর কাজ। ‘প্রাণের স্পন্দন খুঁজে পাই কথাবন্ধুর মধ্যে। তাই যা-ই করি না কেন, সব সময় শ্রোতাদের সঙ্গে থাকতে চাই।’ বললেন শাওন। তরুণ প্রজন্মের আগ্রহের অন্যতম বিষয় এফএম রেডিও। বর্তমানে রেডিও স্টেশগুলোয় কাজ করছেন অনেক শিক্ষার্থী। রেডিও আমার-এর কথাবন্ধু ফাহিম বলেন, ‘কথা ছাড়া বাঁচব কীভাবে, কথাই তো সব। তৃতীয় বর্ষে পড়তে পড়তে কাজ শুরু করি। আজ অবধি কথা বলেই যাচ্ছি।’ কথা বলতে কেমন লাগে প্রশ্ন করতেই ফাহিমের উত্তর, ‘এই ভালোলাগা ব্যক্ত করার মতো নয়; এ অনুভূতি অনির্বচনীয়!’ রেডিও ফুর্তিতে কথাবন্ধু হিসেবে আছেন সায়েম। সরলভাবে বলেন, ‘আরে ভাই, আমার কাজ তো অন্যকে ফুর্তিতে রাখা।’ প্রশ্ন করি, নিজের ফুর্তির উৎস কী? সায়েমের ঝটপট উত্তর, ‘নিজে তো ফুর্তিতেই থাকি। তা না হলে কি আর সেই প্রথম বর্ষ ২০০৬ থেকে এখন পর্যন্ত এই কাজ করে যাচ্ছি?’ পেশা হিসেবে কথাবন্ধু কেমন প্রশ্ন করতেই সায়েম বলেন, ‘পড়াশোনার ফাঁকে ফাঁকে কথাবন্ধুর কাজটা খুবই মজার। আমি মনে করি, ক্যারিয়ার হিসেবেও কথাবন্ধুর কাজটিকে স্থায়ীভাবে নেওয়া যেতে পারে। এমনকি আমি নিজেও পুরোপুরি পেশা হিসেবে নিয়েছি কাজটিকে।’ এফএম রেডিও যাঁরা শুনছেন তাঁদের কাছে নিরব অতিপরিচিত এক নাম। কথা হয় তাঁর সঙ্গে। কীভাবে এলেন এ জগতে? উত্তরটা নিরব দেন বেশ সরবভাবেই। ‘প্রথম যখন প্রস্তাবটা পাই, হেসে উড়িয়ে দিয়েছিলাম। এত টিভি চ্যানেলের ভিড়ে কে কাজ করবে রেডিওতে? কিন্তু কী মনে করে যেন কাজ শুরু করলাম। এরপর শুধুই এগিয়ে চলা। যেন ভালোলাগা আর ভালোবাসার মেলবন্ধন ঘটেছে এখানে।’ বলছিলেন নিরব। শুধু কথাবন্ধুই নন, বর্তমানে রেডিও টুডের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পার্টটাইম হিসেবে কথাবন্ধুর কাজ খুবই ভালো বলে তিনি মনে করেন। কাজটা চ্যালেঞ্জিং। উন্নতি করাও সহজ, যদি একাগ্রতা থাকে। কথাবন্ধু হওয়ার যোগ্যতা হিসেবে শুদ্ধ উচ্চারণ, সাবলীল বাচনভঙ্গি এবং প্রযুক্তিগত জ্ঞানকে প্রাধান্য দেন তিনি। ক্যারিয়ার হিসেবে কথাবন্ধুর গুরুত্ব তুলে ধরে বলেন, ‘খুব সহজে পরিচিত ও সফল হতে এ কাজের জুড়ি নেই। তবে চ্যালেঞ্জটাকে নিতে হবে মন থেকে।’ পড়াশোনার পাশাপাশি অনেকেই এখন করছেন কথাবন্ধুর কাজ। কাজ করতে করতেই পড়াশোনার পালা সাঙ্গ করছেন। থেকে যাচ্ছেন এ কাজেই। কথাবন্ধু প্রসঙ্গ নিয়ে এবিসি রেডিওর বার্তা ও অনুষ্ঠান বিভাগের প্রধান সানাউল্লাহ বলেন, সাবলীলভাবে কথা বলতে পারা ও বিভিন্ন বিষয়ে সম্যক জ্ঞান আছে এমন যে কেউ কথাবন্ধু হতে পারেন। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন আগ্রহ। পড়াশোনার পাশাপাশি কাজের জন্য এবং তারকা খ্যাতি পাওয়ার সহজ উপায় হলো কথাবন্ধু হওয়া। তাঁর আশা, হয়তো এমন একটা সময় আসবে যখন পেশা নির্বাচনের ক্ষেত্রে কথাবন্ধু হওয়াকে সবাই গুরুত্ব দেবেন। উন্মোচিত হবে সম্ভাবনার দুয়ার। কথা বলতে বলতে মোবাইল ফোনটা হাতে নিয়ে টিউন করতেই শুনতে পেলাম, ‘এই প্রথমবারের মতো ২৪ ঘণ্টার বাংলাদেশ মেলায় আমন্ত্রণ সবাইকে।’ আরে এ তো কথাবন্ধু পম্পার কণ্ঠ!