কথা হচ্ছে আঙুলের ভাষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাটিংয়েই যেন বেশি স্বচ্ছন্দ তরুণেরা। মডেল: .... ও আলিশা, ছবি: অধুনা
চ্যাটিংয়েই যেন বেশি স্বচ্ছন্দ তরুণেরা। মডেল: .... ও আলিশা, ছবি: অধুনা

ফেসবুকটা মিনিমাইজ করে ডেস্কটপে মাত্র এই লেখা শুরু করতে যাচ্ছি। অমনি ফেসবুক ইনবক্সে একটা মেসেজ: ‘ভাই, চলেন খেয়ে আসি।’ আমিও লিখলাম, ‘চলো।’ ফেসবুকে মেসেজটি পাঠিয়েছেন আমার পাশের টেবিলে বসা সহকর্মী। উঠেও পড়লাম দুপুরে খাওয়ার জন্য। ক্যানটিনে যেতে যেতেই আবার মুখের ভাষায় ফেরা। এই প্রজন্মের তরুণদের কাছে গল্প-গুজবের অন্যতম মাধ্যম এখন ইনবক্স। ফেসবুকে চ্যাটিং করেই ঘণ্টার পর ঘণ্টা সময় পার করে দিচ্ছে অনেকে। লেখাটিতে নেওয়া কমেন্টসগুলোর কয়েকটা তাই সংগ্রহ করলাম চ্যাট করেই।
ফেসবুকে বন্ধু-তালিকায় থাকা রিয়াজ মাহমুদ চ্যাটিংয়েই লিখলেন, ‘বন্ধুর কথা শুনে কোনো আওয়াজ ছাড়াই হো হো করে হাসতে চান, চ্যাটিং ছাড়া সেটা কীভাবে সম্ভব বলেন? সবার সামনে দাঁড়িয়েও এমন হাসি হাসতে কোনো বাধা নেই। তাই কথা বলার জন্য এর চেয়ে ভালো অপশন আর চোখে পড়ে না।’ দিনের অধিকাংশ সময়ে অনলাইনে থাকা মাকসুদুজ্জানাম বলেন, ‘একাধিক লোকসমাগম অনুষ্ঠানে একজনকে গোপন কথা বলতে যাওয়া না। কানাকানি করে হয়তো সেটা বলা যায়, কিন্তু কতটা ভালো দেখায় বিষয়টা। তার চেয়ে ভালো, ম্যাসেঞ্জারে লিখে দিলাম। অন্য কেউ বিষয়টা জানতেই পারল না। তা ছাড়া প্রিয়জনের সঙ্গে ফোনে সারাক্ষণ আলাপ চালিয়ে গেলেও বিষয়টা বেশ খারাপ দেখায়। কোনো কোনো বন্ধু তো অসামাজিক বলে বসে। তার চেয়ে বন্ধুদের আড্ডায় বসেও চ্যাটিংয়ে কথা বলতে পারি। কেউ বিরক্ত হয় না।’
তাহলে কি তরুণ প্রজন্ম মানেই এখন মুখের চেয়ে হাতের কথাতেই ব্যস্ত! না। এর মধ্যেও অনেকে আছেন আলাদা। এই যেমন নুজহাত ফাইরু। ফাইরুর মতে, ‘সারাক্ষণ চ্যাটিংয়ে কথা বলাতেও একঘেয়েমি আসে। কি-বোর্ডে আঙুল রেখে কত সময়ই-বা কথা বলা যায়...। এমন অনেক কথা আছে যেটা মুখে না বললে ঠিক বোঝানো যায় না। অনুভূতি বলে একটা ব্যাপার তো আছে তাই না!’ অনেকে বিশেষ অনুভূতির কথাগুলো বলতে চান নিজের মুখ দিয়েই। কেউ কেউ আবার বেজায় লাজুক। তাঁর কাছে এসএমএস বা চ্যাটিং ইনবক্সই সেরা মাধ্যম। তাঁদের দলে আছেন নেহাল রহমান। তিনি বলেন, ‘কাছের এক বন্ধুকে ভালোবেসে ফেলেছি। কিন্তু কিছুতেই ওর সামনে দাঁড়িয়ে বলতে পারছিলাম না। শেষমেশ আশ্রয় নিলাম ফেসবুকের। অনেক ইনিয়ে-বিনিয়ে বলেই ফেললাম ভালোবাসার কথাটি। কাছের সেই বন্ধু এখন আমার আরও কাছের। তাই চ্যাটিং অপশনকে একটা ধন্যবাদ তো দিতেই হয়।’ মুখের ভাষা তো আছেই, তরুণদের কথা বলার মাধ্যম হিসেবে চ্যাটিং তাই আরেকটি জনপ্রিয় অপশন হয়ে উঠেছে।