কথাকাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপুর স্কুলে যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা। বাঁদরটার ঝামেলা আমার ঘাড়ে চাপালেন মা। শুনে আমি থ। ভার্সিটির দোহাই দিলাম। পাত্তাই দিলেন না মা। ‘অনিক বাবা, নিয়ে যা। ছোট মানুষ। নয়তো কষ্ট পাবে।’রাজি হলাম। অসহ্য। সাজগোজের সরঞ্জাম দেখে তো আমি অবাক। মেয়েদের ফ্রক, লিপস্টিক, মুকুট...। পুঁচকু বলল, মিস বাংলাদেশ সাজবে। রাগে চুল ছিঁড়তে ইচ্ছে হলো। মুখে পাউডার মাখছি অপুর। ‘এক্সকিউজ মি, কাজল হবে আপনাদের কাছে?’ থেমে গেলাম। চমৎকার গলার স্বর। নেশা ধরানো। পেছনে ঘুরে হতাশ হলাম। বয়স আন্দাজ ১৯-২০। কালচে গায়ের রং। চেহারাটাও আহামরি নয়। চুল বেণি করা। ‘আমার ভাইয়ের নকল গোঁফটা ভুলে আনা হয়নি। কাজল থাকলে এঁকে দিতাম। আছে কি?’ সত্যিই মিষ্টি সুর। অপু কাজল বের করে দিল ব্যাগ থেকে। ধন্যবাদ জানিয়ে চলে গেল মেয়েটি। কেন জানি খুব ডাকতে ইচ্ছে হলো তাকে। ঘটনাটা ভুলেই যেতাম, কিন্তু একদিন টিএসসিতে বসে আড্ডা দিচ্ছি। হঠাৎ চোখ পড়ল রাস্তার ওপর। দাঁড়িয়ে হাত নাড়ছে সে। আমি তো অবাক। ছুটে গেলাম তার কাছে, ‘কী ব্যাপার। কেমন আছেন?’ কাজলটা এগিয়ে দিল সে। আমার তো মনেই ছিল না এটার কথা। ‘আজব তো আপনি। সেদিন না নিয়ে চলে এলেন। কত খুঁজলাম। পেলাম না। ভাগ্যিস আজ এদিক দিয়ে যাচ্ছিলাম। পাঁচ মিনিট ধরে হাত নাড়াচ্ছি। তাকাচ্ছেনই না।’ বলেই হাসল। হাসলে সুন্দর লাগে তাকে।‘আমার কাজ আছে। আসি তাহলে।’ কিছু বলার সুযোগই দিল না। ধন্যবাদও না। চলে গেল। থাকলেও কিছু বলতে পারতাম না। কত মেয়ের সঙ্গেই তো কথা বলেছি, কিন্তু এমন হয়নি। সে রাতে আমার একফোঁটাও ঘুম হলো না। কানে শুধুই বাজছে, ‘আজব তো আপনি।’ খুব একা লাগছে নিজেকে। কোথায় খুঁজব তাকে? তিন মাস পর। গুলিস্তানের জ্যামে আটকে আছি। তখনই দেখলাম...। গাড়ির সামনে দিয়ে হেঁটে পার হলো সে। কী যে হলো আমার, ড্রাইভারকে কিছু না বলেই নেমে দিলাম দৌড়। ‘এই যে শুনছেন!’ সে তো ঘুরেই অবাক। ফুটপাতে দাঁড়ালাম দুজন। ‘আপনি?’ সেই মধুর স্বর। ভেতরের উচ্ছ্বাসটা কোনোমতে চাপালাম। ‘এদিক দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আপনাকে দেখলাম। কোথায় যাচ্ছেন?’‘বাসায়।’ সে তখনো তাকিয়ে আছে। আমাকে বুঝতে চেষ্টা করছে। ‘আসুন, নামিয়ে দিই। গাড়ি আছে।’ ‘না, ধন্যবাদ। কাছেই বাসা।’ আমি চুপ। কথা সাজাচ্ছি মনে। কী লাভ সাজিয়ে? বলতে পারব কি মুখ দিয়ে? ‘কিছু বলবেন?’ একটু চমকালাম। ‘হ্যাঁ, কিছু কথা ছিল।’ আকাশ-পাতাল ভাবছি। খানিকটা দম নিলাম। ‘আমি আসলে আপনাকে পাগলের মতো খুঁজছি। চিনি না, তবুও খুঁজছি। প্রতি মুহূর্তে আপনার কথার জাদু আমাকে তাড়া করে বেড়াচ্ছে। এ থেকে যেন কোনো মুক্তি নেই। অনেক চেষ্টা করেছি বেরিয়ে আসতে। বিশ্বাস করুন, পারছি না। কখনো পারব বলে মনেও হচ্ছে না!’ থামলাম এবার। মনের মধ্যে উত্তেজনার ঢেউ। কিন্তু ও চুপ। তাকাল ভ্রু কুঁচকে। ‘আসি’ বলে হাঁটা ধরল নিজের পথে। আমি নির্বাক। ড্রাইভারের হর্নের শব্দে হুঁশ হলো। নিজেকে সামলে পা বাড়ালাম গাড়ির দিকে। পেছনে ঘুরে দেখার তীব্র ইচ্ছা জাগল মনে। দেখব না দেখব না করেও ঘুরলাম। ও চলে যাচ্ছে। নামটাও জানি না। ওর একটা নাম দিলাম। কথা। যাচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু এ কি? ও কি হঠাৎ ঘুরে দাঁড়াল? বাঁধন রাজ্জাককলতাবাজার।