কথাবন্ধু কেমন বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথার জাদুতে যাঁরা বন্ধুতার রং ছড়ান, ভালোবাসার রঙে রঙিন হয় কি তাঁদের মন? কথাটার সোজা জবাব দেন না আফসানা রহমান ওরফে তমা। বারবার কথার মোড় ঘুরিয়ে দেন। কিন্তু সাখাওয়াত রিগানের খোঁচাখুঁচি তাতে থামে না—‘তমা, ভালোবাসার একটি পঙিক্ত বল।’‘আসলে আমার তো ও রকম কোনো ভ্যালেন্টাইন নেই।’ তমার কৌশলী জবাব। রিগান: থাকলে অসুবিধা নাই তো।সুকান্তের কবিতার সেই ১৮ বছর বয়সটা তো পার করে এসেছেন, কারও বাঁশিতে কখনো কি উদাস হয়নি মন? কখনো লেখা হয়নি দুই লাইন কবিতা?মনে হয় কথার জালে ধরা পড়লেন তমা। তবুও পালানোর চেষ্টা—‘প্রথম দেখায় ভালোবাসা হতেই পারে, তবে আমার ব্যাপারটা একটু আলাদা। এক দিনের ভালোবাসায় আমি নেই।’রিগান: তাহলে—তমার ভালোবাসার সাম্পান চলছে ধীরে, বড় ধীরে।অচ্ছা বলুন তো আপনার স্বপ্নের মানুষটা কেমন?তমা বলেন, ‘দেখতে পচা হলেও সমস্যা নেই। কালো হোক, খাটো হোক, তাতেও সমস্যা নেই, শুধু সুন্দর একটা মন থাকতে হবে তাঁর। ভালো মানুষ হতে হবে আর আমাকে খুব ভালোবাসতে হবে। এবং অবশ্যই আমি হব তাঁর জীবনের প্রথম নারী। আর কাউকে দেওয়া মন আমি চাই না।’‘তাহলে কিশোর প্রেমিকের খোঁজে বেরোতে হবে আমাদের।’ রিগানের টিপ্পনী। তমার উত্তর—পেয়েও তো যেতে পারি।এতক্ষণ ভালোবাসা নিয়ে যিনি খুঁচিয়ে রক্তাক্ত করছিলেন সহকর্মীকে সেই রিগানও পালাতে চান—নিজের ভালোবাসার কথা বলতে গিয়ে।ভাই, ১৮ বছর বয়স তো আপনিও পার করেছেন। ‘আমি সব বলব। লুকাবো না কোনো কথা। ভালো যে কাউকে লাগেনি সেটা মিথ্যা নয়। তারা আছে, কী দরকার সেসব বলার?’ প্রশ্ন রিগানের পাল্টা প্রশ্ন। কথার মাঝে ঢুকে পড়লেন তমা। বললেন, ‘কে হায়। হূদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে।’ অবাক দৃষ্টিতে রিগানের দিকে আরও তাকিয়ে বললেন, ‘ভাইয়া ছ্যাঁকা খাইছে।’ এ কথায় কপট রাগ দেখান রিগান। তাঁরা কি কখনো আপনাকে খুদেবার্তা (এসএমএস) দিয়েছেন! রিগ্যানের হয়ে তমার উত্তর—দেয় হয়তো। তাতে শোকটা বাড়ে আর কি?কথাবন্ধুদের (আরজে) কথায় ফিরে আসি আমরা। কথাবন্ধু হওয়ার গল্প বলেন দুজন, ‘আরজে নিয়ে তেমন কোনো ধারণা ছিল না। মাঝেমধ্যে কোনো অনুষ্ঠান হয়তো শুনতাম। শখের বশে এ পেশায় আসা।’তমা বলেন, ‘জানেন যখন রনোর অনুষ্ঠান শুনতাম তখন মনে হতো, ছেলেটা এত ঢং করে কেন? একসময় আমিও যে একজন ঢঙী মেয়ে হয়ে যাব ভাবিনি কখনো।’কথাবন্ধুদের বন্ধুরা কেমন? দুজনই বলে উঠলেন, ‘এক কথায় ভালো।’ তাঁরা কী শুনতে চান? আপনারা কী শোনান? রিগান: তাঁরা গানই শোনেন বেশি। গান বিষয়েই বেশি কথা হয়। সাম্প্রতিক সময়ের গানগুলোই বেশি শুনতে চান। তমা কথা কেড়ে নেন—‘তাঁরা পরামর্শ, উপদেশও চান। যেমন, উত্সবে কী করবে, বন্ধুকে কী উপহার দেবে—এসবও জানতে চান। প্রশ্ন করেন আমাদেরও। বলেন, আপু বসন্ত উত্সবে কী শাড়ি পরবা?’রিগান: ‘কেউ বলেন, ভাইয়া আমার বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছে। ওকে বলে দিয়ো, ওকে আমি অনেক ভালোবাসি। একটু বলে দাও না ওর মান ভাঙাব কীভাবে?’তমা: শ্রোতাদের পরামর্শের বেশির ভাগ বিষয়ই লাভস্টোরি। যেমন মেয়েটি বলল, ‘দেখেন আপু। আমি ওকে দিনে পাঁচবার ফোন করি। ও একবার করে। ও আমাকে বেশি বেশি মিস করে না কেন?’এবার একটু অন্য প্রসঙ্গ—আরজেদের বিরুদ্ধে কিন্তু বাংরেজিচর্চার অভিযোগ আছে। দুজনই বিষয়টি ব্যাখ্যা করলেন এভাবে—‘আমরা বাংলাটা বাংলার মতো করেই বলি, আর ইংরেজিটা ইংরেজির মতোই। বাংলিশ চর্চা করি না।’ না দেখেই আপনাদের ভক্ত হলেন শ্রোতারা। যখন দেখেন তখন তাঁদের অভিব্যক্তি কী রকম?তমা শুরু করেন—‘দুজন একসঙ্গে থাকলে আমরা তো অনেক মজা করি। একজন আরেকজনকে আক্রমণ করি।’ ‘যেমন আমি বলি, এত সাজুগুজু করে এসেছ কেন তমা। তোমাকে দেখবে কে?’ বলেন রিগান। তমা: আমি বলি, আমি সুন্দরী, আমি তো সাজব, তুমি কালো মুটকো, তুমি কেন এত ফিটফাট! এসব বিষয় শ্রোতা মনে রাখে। সরাসরি দেখার পর কারও স্বপ্নভঙ্গ হয়, কেউ অবাক হন।পাগলা ভক্ত আছে নাকি? ‘আছে মানে আলবত আছে।’ বলেন রিগান। তমা হাসেন আর বলেন, ‘একজন তো বললেন, তোমাকে আমি অনেক ভালোবাসি, বিয়ে করতে চাই। তুমি আজ আমার সঙ্গে দেখা না করলে আমার মাথার সব চুল কেটে ফেলব।’ আমি তখন বলি, ভাই তাতে ক্ষতিটা কার হবে?’সারা দিন এত কথা! এত পরামর্শ! বাড়িতেও কি এসব চলে? তমা মন খারাপ করে বলেন, ‘আমি কোনো পাত্তাই পাই না। কোনো বিষয়ে মতামত দিলে বলেন, ‘তুই ছোট, ছোটর মতো থাক। রেডিওর কথা রেডিওতে রাখ।’ আমি কিন্তু পাত্তা পাই। বলেন রিগান। স্টুডিওতে বাজছে শিরিনের গান, ‘মনের বাগানে বন্ধুর কারণে এখনো ফুল ফোটে না।’ ফুলটা কি ভালোবাসার? হতে পারে, কিন্তু কথার ফুল ফুটছে হাজার রঙে, তমা আর রিগানের কণ্ঠে। সে ফুলের গন্ধে বিভোর তরুণ-তরুণীরা। আমি চলে আসি। তাঁরা দুজন ঢুকে পড়েন স্টুডিওতে—কথার ফুল ফোটাতে।