কথামালা আর গানে রমেশকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথামালা আর গানে অনুষ্ঠিত হলো কবিয়াল রমেশ শীল স্মরণানুষ্ঠান ও লোক সাংস্কৃতিক উৎসব। গত শনিবার বোয়ালখালী উপজেলা শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে স্মরণানুষ্ঠান উদ্যাপন পরিষদ।‘কত খেলা জানো রে মওলা, কত খেলা জানো...রঙিলা ভান্ডারি মওলা রে’—শিশুশিল্পী রূমা শীলের কণ্ঠে রমেশ শীলের ভান্ডারি গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। একে একে রমেশের গান পরিবেশন করেন রমেশ শীল শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।এরপর মঞ্চে আসেন শিল্পী কল্পনা লালা। তিনি গাইলেন ‘আজব কারিগর মওলা রে আজব কারিগর, ঘাট পার করে যাইও রে মাঝি’ ও ‘গাউছুল আজম বাবা, নূরে আলমসহ’ বেশ কিছু গান। সনজিৎ আচার্য কবিয়াল রমেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে গাইলেন ‘শ্রদ্ধা দিতে এলাম তোমার চরণে’, ‘পরাণের পরাণ রে, নিশিকালে আমার বাড়ি’। দর্শকদের অনুরোধে গাইলেন ‘বাঁশখালী মইষখালী/ পাল উড়াইয়া দিলে সাম্পান...।’ শেষে এলেন মরমি শিল্পী শিমুল শীল। নিজেকে উজাড় করে গাইলেন রমেশের গান। ‘ইশকুল খুইলাছে রে বাবা ইশকুল খুইলাছে...’, ‘নাম ধরেছে ভবে হক ভান্ডারি’সহ রমেশের কয়েকটি জনপ্রিয় মাইজভান্ডারি ও মরমি গান গেয়ে শ্রোতাদের মন জয় করলেন। গানের ফাঁকে চলে কথামালা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৭ আসনের সাংসদ মঈনউদ্দিন খান বাদল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল আলম, প্রচার সম্পাদক রেজাউল করিম, জাসদের কেন্দ্রীয় সহসভাপতি ছৈয়দুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আকতার, কবিপুত্র পুলিন বিহারি শীল ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল চন্দ্র ঘোষ। সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলসাদ বেগম। রমেশ গবেষণায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ ও মমতাজউদ্দীন আহমদকে (মরণোত্তর) ‘রমেশ সম্মাননা-২০১২’ প্রদান করা হয়।