কথামালা ও গানে গানে ওয়াহিদুল হককে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াহিদুল হক এ দেশের মানুষের কাছে রবীন্দ্রনাথকে নতুনভাবে পৌঁছে দিয়েছিলেন। মুক্তিযুদ্ধ-পূর্ববর্তী বাংলাদেশে রবীন্দ্রচর্চার মাধ্যমে প্রগতিশীল সাংস্কৃতিক মূল্যবোধ ও গণজাগরণ তৈরিতে সক্ষম হয়েছিলেন তিনি। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ আয়োজিত নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে (টিআইসি) সংগীতগুরু ওয়াহিদুল হকের স্মরণসভায় বক্তারা এ কথা বলেন।গত ৩০ জানুয়ারি বুধবার সন্ধ্যা সাতটায় ওয়াহিদুল হকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসন্ধ্যার প্রথম অংশে ছিল ‘ওয়াহিদুল হক স্মারক বক্তৃতা’। ‘হাজার বছরের বাংলা গান ও রবীন্দ্রনাথ’ বিষয়ের ওপর বক্তব্য দেন কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য দেন সাংস্কৃতিক সংগঠক অনুপ সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন।স্মারক বক্তৃতায় অরুণ দাশগুপ্ত বলেন, ‘বাংলা গানের ইতিহাস সুপ্রাচীন। হাজার বছর আগে কবিরা যেসব পদ রচনা করতেন, তা সুর করে গাওয়া হতো। এর সবচেয়ে বড় উদাহরণ চর্যাপদ। অন্ত্যজ শ্রেণীর বৌদ্ধ পণ্ডিতেরা এই কাব্য রচনা করেন। এবং গীতি আকারে ছড়িয়ে দেন। এ ছাড়া শ্রীকৃষ্ণ কীর্তন, পদাবলী এসবও গীতিধর্মী কাব্য ছিল। বাংলা গানের ক্রমবিকাশ প্রধানত এই ধারায় হয়েছে। এর পাশাপাশি ধ্রুপদ, খেয়াল, টপ্পা, ঠুমরি, বাউল, মারফতি ও নানা অঞ্চলের লোকগীতি বাংলা গানে প্রাচুর্য এনেছে। তবে বাংলায় নাগরিক সমাজে নতুন ধারার গানের প্রচলন করেন নিধুবাবু। তিনিই প্রথম বাংলা গানে নাগরিকদের প্রেম-বিরহ ও আশা-আকাঙ্ক্ষা তুলে ধরতে সমর্থ হয়েছিলেন। রবীন্দ্রসংগীতে এসবের প্রভাব পড়েছে। এর পাশাপাশি প্রাচ্য ও পাশ্চাত্যের নানা সংগীত ধারাও গ্রহণ করেছেন তিনি।’ড. অনুপম সেন বলেন, ‘ওয়াহিদুল হক বাঙালির সাংস্কৃতিক চেতনা নির্মাণে রবীন্দ্রনাথকে প্রাসঙ্গিক করে তুলেছেন। পাকিস্তান শাসনামলে রবীন্দ্রনাথ নিষিদ্ধ ছিলেন। ওয়াহিদুল হক সেই বৈরী সময়ে রবীন্দ্রজয়ন্তী পালন করেছেন। তৈরি করেছেন রবীন্দ্রসংগীত শিক্ষার প্রতিষ্ঠান। যার ফলে বাঙালির জাতীয় মুক্তির সংগ্রাম অনেকখানি এগিয়ে গিয়েছিল।’অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীরা গান পরিবেশন করেন। শুরুতে কোরাসে ‘সংশয় তিমির মাঝে’ ও ‘মাটির প্রদীপ খানি’ গান দুটি গেয়ে শোনান শিল্পীরা। এর পর একে একে গান করেন গাজী মওদুদুর রহমান, কাবেরী সেনগুপ্তা, শাশ্বতী দাশ, মোস্তফা কামাল, অনিরুদ্ধ সেনগুপ্ত, প্রদীপ দাশ, শান্তা গুহ, শ্রেয়সী রায়, তুলি দাশগুপ্ত, সাবিনা ইয়াসমিন। রবীন্দ্রনাথ ঠাকুর ও ওয়াহিদুল হকের রচনা থেকে পাঠ করেন অঞ্চল চৌধুরী ও দুলাল দাশগুপ্ত।