কথামালায় মহাজাগতিক রহস্যের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশাল এ পৃথিবীর জন্ম আজ থেকে লাখ লাখ বছর আগে, মহাবিস্ফোরণের মাধ্যমে। যার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক অজানা রহস্য। এসব রহস্যের কিছু হয়তো মানুষ উদ্ঘাটন করতে পেরেছেন কিন্তু বেশির ভাগ এখনো অন্ধকারের মায়াজালে ঘেরা। এমন অনেক অতিপ্রাকৃত ব্যাপার আছে যা মানুষকে করে তোলে বিভ্রান্ত ও শিহরিত। যার উত্তর আজও অজানা। আদিকাল থেকেই মানুষ নিজেকে সবচেয়ে বুদ্ধিমান জাতি হিসেবে আবিষ্কার করে। তাই তাঁরা সমকক্ষ বা মানুষের চেয়ে বুদ্ধিমান জাতির সন্ধান করে নিজ গ্রহের বাইরে লাখ লাখ আলোকবর্ষ দূরের কোনো গ্যালাক্সিতে। সন্ধান করেন দ্বিতীয় কোনো পৃথিবীর। কিন্তু আদৌ কি আছে দ্বিতীয় পৃথিবী, যেখানে বাস করে মানুষের মতো বা তারও চেয়ে বেশি বুদ্ধিমান প্রাণী। যদিও এটা এখনো বিজ্ঞানীদের কাছে অজানা।’ মহাজাগতিক ও জ্যোতির্বিজ্ঞানের এসব খুঁটিনাটি বিষয় উঠে এল বিজ্ঞানবক্তৃতায়। ২৫ সেপ্টেম্বর মুসলিম ইনস্টিটিউটে আয়োজন করা হয় দর্শনীর বিনিময়ে বিজ্ঞান বক্তৃতা। বক্তা ছিলেন দেশের একমাত্র পেশাদার বিজ্ঞানবক্তা ও লেখক আসিফ। এ অনুষ্ঠানের আয়োজন করে সমাজ সমীক্ষা সংঘ।‘জ্ঞানই আমাদের গন্তব্য’ এ শিরোনামে ১৯৯২ সালে আসিফের উদ্যোগে যাত্রা শুরু ডিসকাশন প্রজেক্টের। পেশাদার বক্তৃতা আয়োজন করাই মূলত এ প্রকল্পের প্রধান কাজ। ৪০ টাকার বিনিময়ে দিনব্যাপী বিজ্ঞান বক্তৃতায় দুটি বিষয়ে বক্তব্য দেওয়া হয়। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় ‘দ্বিতীয় পৃথিবীর সন্ধানে’ শীর্ষক বক্তৃতা। বিকেল তিনটায় ছিল ‘বিগ ব্যাঙ’ বিষয়ক বক্তৃতা। বিজ্ঞানপ্রেমীদের কাছে এ অনুষ্ঠান বেশ উপভোগ্য ও আকর্ষণীয় ছিল। কারণ বক্তৃতার পাশাপাশি এখানে প্রয়োজনীয় ছবি ও ভিডিওর সাহায্যে অনেক কিছু বোঝানো হয়। বিজ্ঞানকে আরও ভালোভাবে জানতে এ আয়োজন নিয়মিত হওয়া উচিত বলে মনে করেন দর্শকেরা। বক্তৃতা শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। উৎসাহী ও আগ্রহী দর্শকেরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাঁদের অজানা বিষয়ে জানার চেষ্টা করেন। নানা প্রশ্নের উত্তর দেন বক্তা আসিফ। তবে বিজ্ঞানের এসব জটিল বিষয় আরও সহজ ভাষায় বোঝানো হলে ভালো হতো বলে মন্তব্য করেন অনেক দর্শক। চট্টগ্রাম কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী সাদিয়া ইসলাম জানান ‘বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন অনেক বেশি উপকারী। কিন্তু এখানে যদি আরও সহজ করে বলা হতো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। এমন অনেক কিছু দেখানো হলো, যা সম্পর্কে আমাদের আগে থেকে জানা ছিল না কিছুই।’