কথামেলায় সারাবেলা আর স্বপ্নগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে সবুজের হাসি। ডালপালা ছড়িয়ে, পাতা ঝরিয়ে যেন অভ্যর্থনা জানাচ্ছে শতবর্ষী গাছগুলো। গাছের ডালে পাখির কলরব—নিচে শিক্ষার্থীদের, যেন আলোর মিছিল। দুজন, চারজন কিংবা আট-দশজনের দলই চোখে পড়ে বেশি। আড্ডার বিষয় হরেকরকম—‘আজ অমুক স্যারের লেকচারটা দারুণ হয়েছে।’ কেউ ঠোঁট বাঁকিয়ে বান্ধবীকে টিপ্পনী কাটেন ‘এই, তোর বিয়ে নাকি ঠিক হয়ে গেছে ধনীর দুলালের সঙ্গে?’ বান্ধবীও পাল্টা দিচ্ছেন, ‘ধনীর দুলালের সঙ্গে না হয়ে কি তোর মতো হাড়কিপটের সঙ্গে হবে? একটা আইসক্রিম খাওয়াতে বেটার বুক ফেটে যায়!’ কথা শেষ না হতেই হাসির ফোয়ারা ছুটল। মেধাবী মুখগুলোর সেই হাসি আনন্দের ঢেউ তুলছে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজের আঙিনায়। সেই আনন্দে গা ভাসালাম আমরাও। প্রশাসনিক ভবনের সামনে লিচুতলার দলে ছিলেন আটজন—ওয়াসিম, জাহেদ, মিল্টন, মহিউদ্দিন, জাবেদ, ইব্রাহিম, সানজিদা ও তোফা। দলটাতে ছাত্রী মাত্র দুজন—সানজিদা আর তোফা। কিন্তু কথার ফুলঝুরিতে সবাইকে মাতিয়ে রেখেছেন ওই দুজনই। কে কেমন আছে? প্রশ্নটা ছুড়ে দিতেই কথার ঝাঁপি খুললেন ইব্রাহিম, ‘আমরা যখন একসঙ্গে থাকি, তখন খুব ভালো থাকি।’ তোফার কথাটা একটু দর্শনস্নাত—‘ভালো থাকাটাও একটা শিখে নেওয়ার মতো ব্যাপার...।’ওয়াসিমের জবাবটা জীবনের আরও কাছাকাছি—‘টাকা না থাকলে চেষ্টা করেও কেউ ভালো থাকতে পারে না।’ওয়াসিমের কথার সূত্র ধরেই প্রশ্ন—আপনাদের ভবিষ্যত্ পরিকল্পনা কী?মিল্টন: পরি এবং কল্পনা—দুটোই মেয়েদের নাম, সুতরাং আমাদের সব পরিকল্পনা পরি ও কল্পনাকে নিয়েই। শক্ত শক্ত কথার ফাঁকে মিল্টনের রসরঙ্গে সবাই একচোট হেসে নিলেন। রসরঙ্গে শামিল হলেন সানজিদাও—‘আমি তো বিবাহিত সবকিছু চলছে তো চলছেই। আলাদা কোনো পরিকল্পনা নেই।’মহিউদ্দিন ও তোফার কথায় বাস্তবতার নিবিড় ছোঁয়া—‘আগে ভালো ফল করতে হবে। এরপর একটা চাকরি খুঁজে নিতে হবে, এই দুটো বিষয় মাথায় ঘুরপাক খায় সবসময়।’ এবার পড়ালেখা নিয়ে কথা। প্রশ্ন করি কলেজে পড়াশোনার কী অবস্থা?‘পড়াশোনার মান তো ভালো হবেই, কারণ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাই এখানে ভর্তি হন। তাঁদের সবসময় চেষ্টা থাকে, আরও ভালো ফল করা। নিদেনপক্ষে এসএসসির ভালো ফলাফলটা ধরে রাখা। আর শিক্ষকেরাও দায়িত্ব সম্পর্কে সচেতন।’ জাহেদের বক্তব্য। তোফার বিশ্লেষণটা একটু অন্য রকম—‘আমাদের কলেজে সেরা শিক্ষার্থীরা ভর্তি হন মূলত উচ্চমাধ্যমিক পর্যায়ে। স্নাতক, সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ে ব্যাপারটা পুরোপুরি বিপরীত। পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পাওয়ারাই এখানে ভর্তি হন।’জাহেদ: কলেজে শিক্ষার্থী আছেন ১৬ হাজার। কিন্তু সেই তুলনায় শিক্ষক খুবই কম। সানজিদা: ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতিও খুব কমই থাকে। ইব্রাহিম: অবকাঠামোগত সমস্যাও প্রকট।এরপরও সবাই চট্টগ্রাম কলেজের ঐতিহ্য নিয়ে গর্বিত। তাই প্রশ্নটা অবধারিতভাবেই এল। আপনারা কি জানেন এই কলেজে দেশের অনেক সাহিত্যিক ও কিংবদন্তিতুল্য শিক্ষাবিদ শিক্ষকতা করেছেন?হ্যাঁ, তাঁরা জানেন। ‘আবুল ফজল, মোতাহের হোসেন চৌধুরী, আলাউদ্দিন আল আজাদ, মমতাজউদ্দিন আহমদ, আবদার রশীদ ও হুমায়ুন আজাদের মতো ব্যক্তিত্ব, শিক্ষকতা করেছেন আমাদের কলেজে।’ এক নিশ্বাসে কথাগুলো বললেন সানজিদা। নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস এ কলেজেরই ছাত্র, মনে করিয়ে দিতেই আনন্দে ফেটে পড়লেন সবাই। হ্যাঁ, কীর্তিমান ছাত্রদের মধ্যে আরও আছেন—মোহাম্মদ ইব্রাহিম, ফেরদৌস খান, আবুল হায়াত, আতাউর রহমান, সদরুল পাশা, এসএম সোলায়মান। যোগ করেন মিল্টন।তিনি স্মরণ করলেন, মমতাজউদ্দিন আহমেদ, সদরুল পাশার ও এসএম সোলায়মানের গুরুত্বপূর্ণ অবদান আছে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের নবজাগরণে। বিশেষ করে গ্রুপ থিয়েটারের যাত্রা শুরু হয়েছিল প্রথম দুজনের প্রেরণাদায়ী ভূমিকার কারণে।এবার আমরা গেলাম প্যারেড মাঠের পাশে। সেখানে আড্ডাবাজেরা আছেন কিন্তু আড্ডা নেই। কারণ কী? নাম প্রকাশ না করে অনেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করলেন ক্যাম্পাসের সাংস্কৃতিক বন্ধ্যাত্ব নিয়ে। তাঁদের বক্তব্য—আগে সৃজনশীলতার প্রাণকেন্দ্র ছিল চট্টগ্রাম কলেজ। কিন্তু একটি মৌলবাদী ছাত্রসংগঠনের একাধিপত্যের কারণে এখানে মুক্তবুদ্ধিচর্চা এখন অনেকটা নিষিদ্ধ। এমনকি ক্যাম্পাসের কিছু জায়গায় শিক্ষার্থীরা প্রাণ খুলে আড্ডাও দিতে পারেন না বলে তাঁদের অভিযোগ। অন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আমরা আবার ফিরে এলাম আটজনের দলে। বললাম—আরও কিছু কথা বাকি! তাঁরাও সময় দিতে রাজি।অবসরে কী করেন?তোফা: আমি গান শুনি, টেলিভিশন দেখি।মিল্টন: ঘুমানোর সময়টাই আমার কাছে অবসর। আমি খুব ব্যস্ত মানুষ।কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে। কার বেলায় কোনটা ঘটেছে? মিষ্টি হেসে চোখ নাচিয়ে উত্তর দেন তোফা, ‘আমাদের মানে নারীদের বলার অধিকার আছে, কিন্তু বললে অনেক সমস্যা।’সানজিদা: আমি তো বিবাহিত। আমারই তো প্রেম করার সুযোগ সবচেয়ে বেশি। ইব্রাহিম: না করলে মনে হয় কিছুই করি না। তাই কম কম প্রেম করি।কার কোন পেশা পছন্দ?জাবেদ শিক্ষক হতে চান, জাহেদ ব্যাংকার। ওয়াসিমের ঘোষণা—ব্যবসা ছাড়া ধনী হওয়ার কোনো উপায় নেই। ইব্রাহিম: আমি সরকারি কর্মকর্তা হব।তোফা: গণমাধ্যমে কাজ করার ইচ্ছে অনেক দিনের।মিল্টন: দেশের বাইরে চলে যাব।ওয়াসিম: যখন যা মিলে যায়।পাঠ্যবইয়ের বাইরে তাঁরা অনেক কিছুই পড়েন। যেমন জাহেদের পছন্দ জীবনানন্দ। আবৃত্তি করলেন একটুকরো জীবনানন্দ, ‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা।’ উপন্যাস বেশি টানে তোফাকে। সমরেশ মজুমদার তাঁর বেশ প্রিয়। জাহেদের হুমায়ূন আহমেদ। ওয়াসিমের আবার পত্রিকা পড়ার নেশা। দুই-তিনটা পত্রিকা না পড়লে রাতে ঘুম হয় না, পেটের ভাত হজম হয় না। কথায় কথায় বেলা বাড়ে, তাঁদেরও সময় হয়ে এল ক্লাস ও কোচিংয়ে যাওয়ার। আমরাও ফেরার আয়োজন করি। ছবির মতো ক্যাম্পাস দাপিয়ে বেড়াচ্ছেন অগুনতি আলোকিত মুখ। বসন্তের বাতাসে উড়ছে প্রাণোদ্দীপ্ত তরুণ-তরুণীদের খোলা চুল। সেই হাওয়ায় উড়ছে চট্টগ্রাম কলেজের ঐতিহ্যের ঝান্ডা, বড় গৌরবে মাথা উঁচু করে আছে শতবর্ষী কলেজটি।