কথার কথকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেজগাঁও কলেজের শিক্ষার্থী মারিয়া ভূঁইয়া
তেজগাঁও কলেজের শিক্ষার্থী মারিয়া ভূঁইয়া

মারিয়া ভূঁইয়াকে দেখে তার বন্ধুরা মাঝেমধ্যে ঈর্ষায় জ্বলে যায়, ‘একজন মানুষের ভেতর এত প্রতিভা থাকার দরকার কী!’ কখনো কখনো আবার গর্বে চেঁচিয়ে ওঠে, ‘এত অল্প বয়সেই আমাদের এই বন্ধুর এত অর্জন!’বন্ধুদের দোষ দিয়ে লাভ নেই। সব দোষ (!) আসলে মারিয়ারই। সবে পা দিয়েছেন উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের চৌকাঠে। অথচ এর মধ্যেই কি না নিজের নামের সঙ্গে যুক্ত করে ফেলেছেন ‘বহুমুখী প্রতিভার অধিকারী’ শব্দটি। এই মারিয়া ভূঁইয়া, যাকে বন্ধু ও আত্মীয়রা চেনেন ‘কথা’ নামে, তার প্রতিভার প্রমাণ দিতে শুরু করে শৈশব থেকেই। যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ে তখন আন্তস্কুল চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘প্রথম’ হয়ে ছোট হাতে তুলে নে বড় পুরস্কার। তার পর থেকে কেবলই সাফল্যের ধারাবাহিকতা। ২০০৪ সালে আন্তস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় দৌড় বিভাগে প্রথম, ২০০৫ সালে শিশু একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সেরা, ২০০৭ সালে সংগীত একাডেমি আয়োজিত গানের প্রতিযোগিতায় দ্বিতীয়, ২০০৮ সালে স্কুল বিতর্ক উৎসবে শ্রেষ্ঠ বক্তা; একই বছর রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম এবং হাতের লেখা সুন্দর প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন। মাঝে ২০০৬ সালে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়ে সাফল্যের ঔজ্জ্বল্য ছড়ায় আরও।মারিয়ার আরেকটি প্রতিভা দেখে বন্ধুরা তো বটেই, শিক্ষকেরাও মুগ্ধ না হয়ে পারেন না। লেখে বাঁ হাতে। কিন্তু সে লেখা যেন মুক্তার দানা। আবার যখন টেবিল টেনিস ও ব্যাডমিন্টন খেলে, তখন খেলে বাঁ-ডান, দুই হাতেই।তেজগাঁও কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ুয়া এই মেধাবী শিক্ষার্থী এখন অবশ্য দিনমান ডুবে থাকে পড়ালেখা, বিতর্ক চর্চা আর গানের মধ্যে। গানের হাতেখড়ি তার মায়ের কাছে। মা রেণু আহমেদ নিজেও ভালো গান করেন। ‘আমার মা-ই আমার গানের অনুপ্রেরণা। যখন আমার বয়স আড়াই বছর, তখন মায়ের কাছে “আয় তবে সহচরী” গান শিখেছি।’ বলছিল মারিয়া।এরপর অবশ্য বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক চৌধুরী নিজামুল হকের কাছেও তালিম নিয়েছি। এখন উচ্চাঙ্গ ও নজরুলসংগীতের তালিম নিচ্ছি ওস্তাদ ইয়াকুব আলী খানের কাছে।’ আগের কথার সঙ্গে যুক্ত করলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব গ্রামে জন্ম নেওয়া এই মেধাবী এখন থাকে ঢাকার মিরপুরে। স্বপ্ন দেখে ভবিষ্যতে সাংবাদিক হওয়ার। সেভাবেই নিজেকে প্রস্তুত করছে। তবে আপাতত প্রস্তুতি নিচ্ছে অন্য একটা বিষয়ে। সেটা কী? ‘তেজগাঁও কলেজ থেকে নভেম্বরের শেষ সপ্তাহে আমরা ১৫ জন শিক্ষার্থী ভারতের লক্ষেৗ যাচ্ছি একটা প্রতিযোগিতায় অংশ নিতে। বুঝতেই পারছেন প্রস্তুতিটা তাই আটঘাট বেঁধেই নিতে হচ্ছে।’ বলল মারিয়া।