কথার জাদুকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের (সিটিভি) সম্প্রচারের শুরুতে যাঁর কণ্ঠটি প্রথম শোনা গিয়েছিল তিনি আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী। মানবাধিকার ও নারী অধিকার প্রতিষ্ঠায়ও সদা সোচ্চার পেশায় আইনজীবী এই আবৃত্তিশিল্পী। অনুষ্ঠানের প্রয়োজনে মাঝেমধ্যে নিজেই কবিতা লিখে ফেলেন। উপস্থাপক হিসেবেও জনপ্রিয় তিনি। ভালোবাসেন অভিনয় এবং গান করতেও।একদিকে শিল্পীসত্তা আরেক দিকে পুরোদস্তুর আইনজীবী। আদালত থেকে ফিরেই হয়তো যেতে হয় কোনো অনুষ্ঠান উপস্থাপনা করতে অথবা কবিতা পাঠের আসরে। এই দুইয়ের বৈপরীত্যে বসবাস মিলির। বিষয়টিকে কীভাবে দেখেন? এমন প্রশ্নের উত্তরে স্বভাবসুলভ হাসি দিয়ে মিলি চৌধুরী বলেন, ‘আসলে আমি বেড়ে উঠেছি বড় পরিবারে। আমাদের বাসাটি সব সময় জমজমাট থাকত। বাবা-মা সামাজিক হওয়ায় বাসায় প্রচুর লোকজনও আসত। খেলাঘরের আসরও বসত আমাদের বাসায়। সে জন্য আমি নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা যেমন শিখেছি তেমনি আবার সাধারণ মানুষের দুঃখ, সুখও দেখেছি। তাই শিল্পের সাধনা ও পেশাগত দায়বদ্ধতার সমন্বয় করতে খুব কষ্ট হয় না।’মিলি বলেন, ‘দেখা যায় আদালত ভবনের সিঁড়ি দিয়ে উঠছি তখন হয়তো মনের অজান্তেই গান গাইছি। তবে আমি পেশার ক্ষেত্রে খুব মনোযোগী। কীভাবে একটা মানুষকে স্বস্তি দেওয়া যায় সে ব্যাপারে সব সময়ই সজাগ থাকি।’ সমাজতত্ত্বে পড়াশোনা করলেও বাবার ইচ্ছায় আবার আইন কলেজ থেকে এলএলবি পাস করেন এবং আইনকেই পেশা হিসেবে বেছে নেন মিলি। তবে শৈশব থেকে মুখর থেকেছেন লেখালেখি, গান, কবিতা নিয়ে। মিলি চৌধুরী বলেন, ‘যখন একটু একটু কথা বলতে পারি, বাবা শেখালেন লিচু চোর কবিতাটি। তখন অংশ নিই দৈনিক আজাদীর আগামীদের আসরে। পুরস্কারও পাই। পুরস্কারই মূলত এগিয়ে যাওয়ার উৎসাহ জোগায়। এভাবে একে একে প্রতিযোগিতায় অংশ নিই, শুরু হয় পথ চলা।’মিলি চৌধুরী চট্টগ্রাম বিভাগ থেকে ১২ বার আবৃত্তিতে চ্যাম্পিয়ন হন এবং জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় অভিনয়ে তিনবার স্বর্ণপদক পান। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতাতেও পুরস্কার পান অভিনয়ে। এভাবেই বাড়তে থাকে অভিনয়ের আগ্রহ। ভারত সরকারের বৃত্তিও পেয়েছিলেন অভিনয়ের ওপর পড়ার জন্য। কিন্তু বিভিন্ন কারণে যাওয়া হয়নি। তবে, অভিনয়ের প্রতি টানটা রয়েই যায়। ব্যস্ততার কারণে গ্রুপ থিয়েটারের সঙ্গে জড়িত না থাকতে পারলেও অভিনয় ছাড়েননি। অসীম দাশের নির্দেশনায় দারিয়া ফোর নাটক এ ওমেন অ্যালোন এ অভিনয় করে দর্শকদের প্রশংসাও কুড়িয়েছেন। এ নাটকে তিনিই ছিলেন একমাত্র অভিনয়শিল্পী। অভিনয়ের চেয়েও কথার জাদুকর হিসেবেই মিলিকে বেশি চেনেন চট্টগ্রামের শিল্পমোদী লোকজন। উপস্থাপনাকে এমন নান্দনিক স্তরে নিয়ে যাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে মিলি চৌধুরী বলেন, ‘ওই যে বললাম, ছোটবেলায় খেলাঘর করতাম, খুব ডানপিটে স্বভাবের ছিলাম। সেখানে হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে। স্ক্রিপ্ট ধরিয়ে দিয়ে বলত উপস্থাপনা করো। আমিও করে দিতাম। আসলে লোকজন ঠেলেই আমাকে উপস্থাক বানিয়ে দিয়েছে।’আবৃত্তিশিল্পী না উপস্থাপক—কোন পরিচয়টা দিতে পছন্দ করেন। তাঁর ঝটপট উত্তর, ‘আবৃত্তিশিল্পী। যদিও আমি সংগীত ভবনের কাবেরী সেনের কাছে দীর্ঘদিন গান শিখেছি। তবে ধীরে ধীরে বড় হতে হতে আমি কবিতাটাকে ভালোবেসে ফেলি, আবৃত্তিতেই মনোযোগ দিই। ১৯৯৩-এ চট্টগ্রামে প্রথম দর্শনীর বিনিময়ে আমার একক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সময় সুযোগে অভিনয়টাও করব তবে আবৃত্তি নিয়েই থাকতে চাই। এবং ভবিষ্যতে আবৃত্তি শিল্পটা আরও অনেক বড় জায়গায় পৌঁছাবে সে স্বপ্নই দেখি।’