কথায় কথায় করোনাভাইরাস

বাদুড়, সাপ নাকি পাঙ্গলিন
করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে জল্পনাকল্পনা কম হচ্ছে না। সবচেয়ে আলোচিত ধারণাগুলোর একটি হচ্ছে বাদুড়ের স্যুপ থেকেই এসেছে এই রোগের ভাইরাসটি। তবে বিষয়টি পুরোপুরি সত্য নয়। অনেক গবেষণার পরও রোগটির উৎস নিয়ে বিজ্ঞানীরা এখনো একমত হতে পারেননি। অনেকের মতে, বাদুড় নয়, বরং সাপ কিংবা নিরীহদর্শন পাঙ্গলিন থেকে এসেছে রোগটি। ধারণাটা একদমই অমূলক নয়। কারণ, যে বাজার এলাকা থেকে রোগটি ছড়িয়েছে, সেখানে বাদুড়ের পাশাপাশি সাপ ও পাঙ্গলিনের মাংসও বিক্রি হতো সমানতালে।

জৈব-রাসায়নিক ষড়যন্ত্রতত্ত্ব
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটর টম কটন দাবি করে বসেন যে করোনাভাইরাস মূলত চীনের উহানের কোনো গবেষণাগারে তৈরি একটি জৈব-রাসায়নিক অস্ত্র। তাঁর এই বক্তব্যকে অনেকে নেহাতই ষড়যন্ত্রতত্ত্ব হিসেবে উড়িয়ে দিতে চাইলেও অনেকেই মনে করেন এ কথার ভিত্তি আছে। বিশেষ করে ইউরোপের শহরগুলোতে এবং যুক্তরাষ্ট্রের মিত্রদেশ দক্ষিণ কোরিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়ার পর, পশ্চিমে অনেক মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ব্যাপারে উষ্মা প্রকাশ করতে দেখা যায়, যা থেকে ধারণা করা যায় যে টম কটনের অনুসারীর সংখ্যা একেবারেই কম নয়।

নামের মিলে ব্যবসায় ধস
ম্যাক্সিকান পানীয় ব্র্যান্ড করোনা এক্সট্রা। নামী এই বিয়ারের ব্র্যান্ডটি পড়েছে জটিল সমস্যায়। বছরের গোড়ার দিকে যখন করোনাভাইরাসের প্রকোপের কথা ছড়াতে থাকল, সে সময় অনেক মানুষ দ্বিধাগ্রস্ত হয়ে ভাবল, এ বুঝি করোনা বিয়ারের সঙ্গে সম্পর্কিত। কেউ কেউ বিশ্বাস করতে শুরু করল, বিয়ার পানেই ছড়াচ্ছে ভাইরাসটি। বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠানটির বিক্রি কমতে শুরু করে তখন। তবে কতটা লোকসান গুনেছে, সে বিষয়ে সঠিক তথ্য জানা যায় না। তবে ইউগভ নামে ব্রিটিশ এক বিপণন গবেষণা প্রতিষ্ঠান বলছে, জনপ্রিয়তা সূচকে ব্র্যান্ডটি ৭৫ থেকে নেমে এসেছে ৫১-তে।

‘হিরো’ চিকিৎসকের মৃত্যু
চীনের উহান শহরের সেন্ট্রাল হসপিটালে চক্ষুরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন লি ওয়েনলিয়াং। তিনিই মারাত্মক করোনাভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে তাঁর সহকর্মীদের প্রথম সতর্কবার্তা দিয়েছিলেন। এ জন্য তাঁকে চীনের জননিরাপত্তা ব্যুরোর হেনস্তারও শিকার হতে হয়। পরে তো সবাই জানতে পারে ভাইরাস সম্পর্কে লির কথাই সত্যি। তত দিনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে সংক্রমিত হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় লি চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবুতে তাঁর গল্প শেয়ার করেছিলেন। পোস্টে চিকিৎসাধীন অবস্থার একটি ছবিও দিয়েছিলেন। চীনের স্থানীয় সময় ৬ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় লি মারা যান।

পুরুষ হন্তারক
করোনাভাইরাসের জীবাণু পুরুষদের যতটা সহজে কুপোকাত করতে পারে, নারীদের ততটা সহজে কাবু করতে পারে না। অন্তত চীনা গবেষকদের গবেষণা তা–ই বলে। এখন পর্যন্ত পাওয়া তথ্য-উপাত্ত থেকে দেখা যায়, করোনাভাইরাসে আক্রান্ত পুরুষদের মৃত্যুর হার ২ দশমিক ৮ শতাংশ, নারীদের ক্ষেত্রে এই হার ১ দশমিক ৭ শতাংশ।
ঠিক কেন করোনাভাইরাস নারীদের জন্য অপেক্ষাকৃত কম ভীতির কারণ, তা জানা না গেলেও কিছু কিছু গবেষকের ধারণা, নারীদের শরীরে এস্ট্রোজেন হরমোনের পরিমাণ পুরুষের চেয়ে বেশি হওয়ায় তাদের করোনাভাইরাস পুরুষদের মতো ক্ষতি করতে পারছে না। অনেকে আবার মনে করেন, নারীদের দুটি এক্স ক্রোমোসমই তাদের বাঁচিয়ে দিচ্ছে করোনাভাইরাসের হাত থেকে, যেখানে পুরুষদের আছে একটি এক্স ও একটি ওয়াই ক্রোমোসম।