কথায় কথায় গড়াল সন্ধ্যা
একদিন এক ভদ্রলোক হাসপাতালে গেলেন তার ছোট ফোড়াটিকে অপারেশন করানোর জন্য। চিকিৎসক তাঁকে অভয় দিচ্ছিলেন, কারণ তিনি ভয় পাচ্ছিলেন। চিকিৎসক তাঁকে বলেন, ‘আমরা আপনাকে লোকাল এনেসথেসিয়া দেব। আপনি একদম ব্যথা পাবেন না।’ রোগীর ঝটপট উত্তর ‘আমি তো লোকাল জিনিস ব্যবহার করি না।’ উপস্থাপক কামরুল হাসান এ গল্প বলে হাস্যরসে মেতে উঠলেন দর্শকদের সঙ্গে। এরপর তিনি বললেন, ‘আমরা দেশি জিনিসের চেয়ে বিদেশি জিনিসের বেশি কদর করি। এ অনুষ্ঠান আয়োজনের পেছনের উদ্দেশ্য হলো—দেশি পোশাকের প্রচার ও প্রসার।’কথার বৃষ্টি: মনমাতানো গান, নাচ ও ফ্যাশন ক্যাটওয়াকের মাঝে অতিথিদের বক্তব্যও ছিল সরস। বক্তব্য দেন প্রথম আলোর যুগ্মসম্পাদক আবদুল কাইয়ুম, আবাসিক সম্পাদক আবুল মোমেন, জনপ্রিয় অভিনেত্রী অপি করিম এবং স্পনসর প্রতিষ্ঠান রেমন্ডের পক্ষে তামান্না গুলশান। ‘আমাদের সময় আমরা শুধু ঈদ উপলক্ষে নতুন কাপড় কিনতাম। আর এখন বাচ্চারা সবসময় কাপড় কেনে। কিন্তু ঈদের কাপড় কেনার আনন্দ অন্য রকম। তখনকার পোশাক ছিল সাদামাটা। আমাদের সময় ঈদে দাদা-চাচারা সাদা পাঞ্জাবি-পায়জামা পরে ঈদ করতেন। ১৯৭১ আমাদের রং দিয়েছে। মুক্তিযুদ্ধের পর বাঙালিদের মধ্যে পরিবর্তনের হাওয়া লেগেছে। আশাকরি এ পরিবর্তনের প্রক্রিয়াটা শেষ হবে না।’ বলেন আবুল মোমেন। যুগ্ম সম্পাদক আবদুল কাইয়ুম বলেন, ‘আমরা বাঙালিরা হাত দিয়ে ভাত খাই। তাই আমরা পোশাকশিল্পে অনেক এগিয়ে গেছি। বিশ্বে একটি শক্ত অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছি।’ তামান্না রহমান বলেন, ‘আমি কিন্তু পরিপূর্ণ নারী নই। কারণ আমি শাড়ি পরে আসতে পারিনি। শাড়ি হচ্ছে বাঙালির ঐতিহ্য। শাড়ির মধ্যে ফুটে ওঠে বাঙালিয়ানা।’ ভাগ্যবানের পগার-পারঅনুষ্ঠানের শেষপর্যায়ে ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র। উপস্থাপক বললেন, ‘এবার ১০ জন ভাগ্যবানকে বাক্সবন্দী অবস্থা থেকে মুক্ত করা হবে।’ লটারির মাধ্যমে ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হবে। ক্লোজআপ-ওয়ান তারকা নিশীতা পরপর তিনটা কার্ড তোলেন কিন্তু তাঁরা কেউ নেই। উপস্থাপকের কণ্ঠ শোনা গেল আবার—‘ভাগ্যবানেরা পগার-পার। এরপর একে একে পুরস্কার নেন ভাগ্যবানেরা। সেখানে দুজনের বয়স ছিল পাঁচের নিচে। তবে পুরস্কার পাওয়ার আনন্দ দেখে মনে হলো যেন ভুবন জয় করেছে তারা।’