কথোপকথন
বাজ!বাজ!বাজ!‘বাজ’ দাও কেন?ভালো লাগে তাই।ভালো লাগে মানে? আমাকে বিরক্ত কোরো না।বাজ!আবার কী?কী করো?চ্যাট করি। তোমার কোনো সমস্যা আছে?না।না থাকলে, প্লিজ, বিরক্ত কোরো না।তুমি কী করো?চ্যাট।না, তোমার প্রফেশনটা কী?পড়ি।কিসে পড়ো?কলেজে, ফার্স্ট ইয়ার।কোন কলেজে?বলব না।কেন?আমার ইচ্ছা।ওকে।একটা উপকার করবে?কী?আমাকে একটা বন্ধু খুঁজে দাও।কেন?দরকার, তাই।একটা দরকার মানে? এটা কি কোনো বস্তু নাকি?রাগলে তোমাকে দারুণ দেখায়!আমার সঙ্গে ‘ফ্লার্ট’ করে কোনো লাভ হবে না।কেন, কেউ আছে নাকি?জানি না।জানি না মানে?জানি না মানে জানি না।কেন জানো না?সেটাও জানি না।তোমার বয়ফ্রেন্ডের নাম কি ‘জানি না’?না।তাহলে?কিছু না?ও আচ্ছা, তাহলে তার নাম ‘কিছু না’।না। আমি তোমার সঙ্গে কথা বলব না। প্লিজ ডিস্টার্ব কোরো না।না বললে নাই।বাই।বাই। সকালবেলায়ই কোথাকার কোন ছেলে অপার মেজাজটা খারাপ করে দিল। বাসায় কেউ না থাকায় ভেবেছিল ইচ্ছামতো ইয়াহু! তে চ্যাট করবে আজ। কিন্তু ছেলেটা বিরক্ত করে মুডটাই নষ্ট করে দিল। বাইরে যাওয়ার কোনো উপায় নেই। ঝুম বৃষ্টি। বারান্দায় গিয়ে দাঁড়ায়, বৃষ্টি দেখে। অপা ভাবে, বৃষ্টি কত স্বচ্ছ। কিন্তু চারপাশটাকে কী রকম ঝাপসা করে রাখে। বৃষ্টিও তাকে দেখে, ষোল বছরের এক কিশোরী। চেহারার মধ্যে আছে এক অদ্ভুত সারল্য। মনে হয় জলের মতোই স্বচ্ছ মেয়েটি। কিন্তু চোখভর্তি চাপা অভিমান। যে অভিমানের মধ্যে সে যেন নিজেকেই হারিয়ে ফেলেছে। আকাশের মেঘ আর বৃষ্টি সেই রহস্যভেদের খেলায় নামে। কিসের জন্য এত অভিমান! কার জন্য এত অভিমান!সত্যিই কি তাহলে ‘জানি না’ বলে কেউ আছে! কে? অপা মেঘে ঢাকা আকাশ দেখে। কিন্তু তার চোখ খুঁজে ফেরে নীল আকাশ। সত্যিই কি নীল আকাশ! নাকি শুধুই নীল...নীল, অপার দেখা সব থেকে বিচ্ছু ছেলে। যাকে প্রথমে অপা একদম পছন্দ করতে পারেনি। যার কথার জ্বালায় অপা তার কোচিং পরীক্ষায় একদম মনোযোগ দিতে পারত না। হয়তো তখন থেকেই শুরু হয়েছিল মনোযোগ অথবা মন হারানোর পালা।আচ্ছা, মন হারালে তাকে কী বলে? ভালোবাসা? অপা জানে না। ভালোবাসা শব্দটা তার কাছে এতটাই ঝাপসা, রহস্যেঘেরা আর নিষিদ্ধ, সে আসলেই জানে না ভালোবাসা কী। সে শুধু এটুকুই জানে, নীল যখন তার অপরাজিতা নামটা ছোট করে অপা বলে ডেকেছিল, তার শুনতে খারাপ লাগেনি। কিংবা নীল যখন তার পেছনে বসে তার চুল ধরে টান দিত, কেন জানি কাউকে কিছু না বলে সে ব্যথাটা সহ্য করে নিত। কেন জানি নীল না এলে মনটা খারাপ হতো। কেন জানি দুই দিন দেখা না হলে অকারণে দুচোখ ঝাপসা হয়ে যেত। মনে হতো হতচ্ছাড়া নীলটা আজ কেন আসেনি! সে আজ কার সঙ্গে ঝগড়া করবে! কে তাকে খেপাবে? কেন জানি নীলের পরীক্ষার খাতায় নাম লিখে দেওয়াটা নিজের কাজ বলে মনে হতো। নীলের হাতের ঘড়ির সময়টাকে এলোমেলো করে দিতে ভালো লাগত। হয়তো সে অজান্তেই সময়টাকে আটকে রাখতে চেয়েছিল তাদের ১২ বছর বয়সে।কিন্তু সে কোনো দিন কল্পনায়ও ভাবেনি নীল কোনো দিন হারিয়ে যাবে। তার চোখে বৃষ্টি ঝরাবে। গত চারটা বছর অপা কারও কাছে নীলের কথা জানতে চায়নি। কারও কাছে খোঁজ নেওয়ার চেষ্টা করেনি। সবাই অন্তত তা-ই দেখেছে। ভেতরের অপা তো শুধু অপেক্ষায় আছে। নীল তার পাশে চুপটি করে দাঁড়াবে আবার। আস্তে করে জানতে চাইবে ‘কী, মন খারাপ?’ তখন অপা তার দিকে তাকিয়ে নিজেকে লুকানোর হাজার রকম চেষ্টা করবে। তার চোখ দুটো বলতে চাইবে, ‘ভালো আছো তো?’ আচ্ছা, নীল কি সেই আগের মতোই আছে, নাকি বদলে গেছে? সে কি স্কুলের টিফিনের মতোই কেড়ে নেবে অপার কষ্ট আর একাকিত্বগুলো? আগের মতো করে বলবে, ‘পালাবে আমার সঙ্গে?’ এবার অপা নিজেকে আর লুকিয়ে রাখতে পারবে না। অপা ঝাপসা চোখে বৃষ্টি দেখে। বলে, ‘নীল, তোমার কী আমার কথা মনে আছে? ছোট্ট অপার কথা? নাকি তুমি আমায় ভুলে গেছ? নাকি তুমিও আমায় তোমার চোরাচোখে খুঁজে বেড়াচ্ছ আমারই মতো? আমি বৃষ্টির জলের সঙ্গে মিশিয়ে দিলাম আমার ইচ্ছেগুলো। মেঘকে বলে দিলাম সে যেন আমার চাওয়াটুকু তোমায় পৌঁছে দেয়। আর আমি রইলাম প্রতীক্ষায়...’রাশেদ হাসান