কদমের অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষাপ্রেমিক মন কদমকে ভালোবেসে অভিমানপত্র লিখতেই পারে এ বছর। অন্যান্য বছরের তুলনায় ঢাকায় এবার কদম দেখা দিয়েছে দেরিতে। নগরের কদমগাছগুলোতে কদম এখনো ফোটেনি ভালোভাবে। ফুল বিক্রেতারাও কদম বিক্রি শুরু করেছেন মাত্র সপ্তাহ খানেক আগে। কদমের জন্য অপেক্ষার ব্যাকুলতা বেশি অনুভব করছেন নগরের ফুলপ্রেমী তরুণ-তরুণীরা। ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী শ্রাবণী বলছিলেন, ‘প্রতিবার বর্ষাবরণ করেছি হাতভর্তি কদম নিয়ে। এ বছর এখনো পূর্ণ ফোটা কদমই দেখিনি।’ এমনটা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগে পড়ুয়া অপুও। ‘টিএসসিতে মৌসুমি ফুলের অভাব হয় না কখনো। অথচ এবার কদম খুব একটা দেখছি না। বন্ধুরা বলছে, ঢাকার বাইরে বেশ কিছু দিন আগেই কদম ফুটেছে। অথচ আমার দেখা ঢাকার গাছগুলোতে কলি এসেছে মাত্র কিছুদিন আগে।’ এশিয়াটিক ইভেন্টসে কর্মরত শাহরিয়ার আবির বললেন, আমার মায়ের জন্মদিন ১৯ আষাঢ়। ছোটবেলা থেকে মাকে অন্যান্য উপহারের পাশাপাশি কদম ফুল দিয়েছি। কাজের সুবাদে আজ আমি দূরে। কিন্তু মায়ের এবারের জন্মদিনে ঠিকই কদম খুঁজে বের করেছি। প্রকৃতিবিদেরা কিন্তু ঠিকই লক্ষ করছেন কদমের এই পরিবর্তিত আচরণ। প্রকৃতিবিদ মৃত্যুঞ্জয় রায় বললেন, গত বছর হেমন্তকালে পাবনায় কদম দেখেছি। কেউ দেখেছেন শীতকালে। আসলে ফুল ফোটা নির্ভর করে বাতাসের আর্দ্রতা ও তাপমাত্রার ওপর। এখন তো শরৎ , শীতেও বৃষ্টি হচ্ছে। তাই শরৎ , হেমন্ত ও শীতেও দেখা যাচ্ছে কদম। একসময় এই ফুলটি ছিল বর্ষার সূচক। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কদমকে এখন শুধু বর্ষার নয়, তিন ঋতুর ফুলই বলতে হবে। প্রকৃতিবিদ মোকাররম হোসেন বললেন, আজকাল বর্ষাতেই ঠিকমতো বৃষ্টি হচ্ছে না। একদিন হয়তো দেখা যাবে, বর্ষার কদম, কামিনী ও দোলনচাঁপা ফুটবে বর্ষা শেষে, শরতে। আর তখন কদমের পূর্ণ সৌন্দর্যও কিন্তু বদলে যেতে পারে। বর্ষার ফুল কি বর্ষা ছাড়া ভালো থাকে, বলুন? ঢাকার শাহবাগ, বিজয় সরণি ইত্যাদির ফুলের দোকানে কদম ফুল বিক্রি শুরু হয়েছে। শাহবাগের ফ্রেশ ফ্লাওয়ার দোকানের সোহাগ জানালেন, আট থেকে ১০ টাকায় তিনি প্রতিটি কদম ফুল বিক্রি করছেন। ফুল বিক্রেতা রোজিনা বললেন, সিগন্যালে পাঁচ-ছয়টা কদমের তোড়া ১০ টাকায় বিক্রি করছেন তিনি। কোনো এক অঝোর শ্রাবণের দিনেই হয়তো রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘বাদলদিনের প্রথম কদম ফুল করেছো দান।’ জলবায়ু পরিবর্তনের কারণে বাদলের কদম হয়তো দেখবে না অনাগত তরুণ প্রজন্ম। তাই প্রিয়জনের চোখে মুগ্ধ ভালোবাসা দেখতে তাঁর হাতে কদম তুলে দিন এই বরষায়। কে জানে, কদমধোয়া বরষা আর আসে কি না আসে!