কদর এখন প্যাকেটজাত সেমাইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দিন সেমাই না হলে চলেই না। ঈদের খাবারে নতুন নতুন পদ যুক্ত হলেও সেমাইয়ের কদর আগের মতোই। তবে বিপণনে এসেছে বৈচিত্র্য। সেমাই এখন মোড়কাবৃত। খোলা সেমাইয়ের দিন প্রায় শেষ। প্যাকেটের সেমাইয়ের দিকে সবার নজর।বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে এখন খোলা সেমাইয়ের কদর কম। কারণ হিসেবে তাঁরা বলছেন, বেশির ভাগ খোলা সেমাই নিম্নমানের উপাদান দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়। কয়েক বছর ধরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও এসব ধরা পড়ছে। এ কারণেও সচেতন ক্রেতারা এখন খোলা সেমাই থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ দোকানেই থরে থরে সাজানো প্যাকেটজাত সেমাই। বাজারে বাংলা সেমাই এবং লাচ্ছা সেমাই নামে দুই ধরনের খোলা সেমাই পাওয়া যাচ্ছে। বাংলা সেমাইয়ের কেজিপ্রতি দাম ৪৭ থেকে ৪৮ টাকা। ভালো মানের খোলা লাচ্ছা সেমাইয়ের দাম ১১০ টাকা। বড় কোম্পানিগুলোও এখন প্যাকেটজাত সেমাই বিপণনে ঝুঁকছে। আফতাব, প্রাণ গ্রুপের সেমাই পাওয়া যাচ্ছে বাজারে। বনফুল, কুলসন ব্র্যান্ডের সেমাইও আছে। প্রতি ২০০ গ্রাম প্যাকেটজাত সেমাই বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়।রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী কবির আহমেদ প্রথম আলোকে বলেন, খোলা সেমাইয়ের চেয়ে প্যাকেটজাত সেমাই বেশি বিক্রি হয়। বাজারে অনেক কোম্পানির খোলা সেমাই থাকলেও দু-একটি কোম্পানি ছাড়া বেশির ভাগই নিম্নমানের। এ কারণে ক্রেতাদের রুচি অনুযায়ী বেশির ভাগ দোকানে শুধু ভালো কোম্পানির খোলা সেমাই রাখা হয়।বেসরকারি ব্যাংকের কর্মকর্তা শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, খোলা সেমাইয়ের মান ভালো নয় বলে কয়েক বছর ধরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেরিয়ে এসেছে। এ কারণে প্যাকেট সেমাই ছাড়া খোলা সেমাই কেনার কথা ভাবা যায় না। তবে শৈশবে গ্রামের বাড়িতে হাতে তৈরি সুস্বাদু সেমাইয়ের তুলনাই হয় না। বাজারের সেমাইয়ে আগের সেই স্বাদ নেই বলে মন্তব্য করেন তিনি।ব্যবসায়ীরা জানান, সেমাই মূলত বিক্রি হয় রোজার সময়। প্রতিবছর ঈদের বাড়তি চাহিদাকে কেন্দ্র করে এ সময়ে সেমাইয়ের দামও বাড়ে। এবারও ব্যতিক্রম হয়নি। বাজার ঘুরে দেখা গেছে, মান ও কোম্পানিভেদে সেমাইয়ের দাম বেড়েছে কেজিপ্রতি পাঁচ থেকে ২০ টাকা পর্যন্ত। পাহাড়তলী পাইকারি বাজারের ব্যবসায়ী মোজাহের আলম প্রথম আলোকে বলেন, ঈদের সময় বাড়তি চাহিদার কারণে কোম্পানিগুলো সেমাইয়ের দাম বাড়িয়ে দিয়েছে। রোজার আগে প্রতি ৩৫ কেজির বস্তার খোলা সেমাইয়ের দাম ছিল এক হাজার ৫০ টাকা। এখন এই সেমাই কোম্পানিগুলো বিক্রি করছে এক হাজার ২০০ টাকা। প্রতি পাঁচ প্যাকেট বনফুলের লাচ্ছা সেমাই রোজার আগে বিক্রি হতো ১২০ টাকায়। এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। ব্যবসায়ীরা জানান, রোজার মাস ছাড়া অন্য সময়ে মাসে ১৫০ থেকে ২০০ টনের সেমাইয়ের চাহিদা থাকে। তবে রোজার মাসে এই চাহিদা বেড়ে যায় বহুগুণ। অন্তত দুই থেকে আড়াই হাজার টন সেমাই বিক্রি হয় রোজায়। দেশে তৈরি সেমাই দিয়েই চাহিদা মেটানো হয়। আমদানি হয় সামান্য পরিমাণে।